তিন ম্যাচে মাত্র ১১ উইকেট হারিয়ে ৮২০ রান। উইকেটপ্রতি রান ৭৪.৫৪, ওভারপ্রতি ৬.৪২। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিপ্লবই ঘটিয়ে ফেলল বাংলাদেশ। ওয়ানডেতে এর আগে কোনো সিরিজ বা টুর্নামেন্টে (কমপক্ষে ৩ ম্যাচ) বাংলাদেশ উইকেটপিছু ৪৫ রানও তুলতে পারেনি, পারেনি ওভারপ্রতি ৬ রানও তুলতে। বাংলাদেশের ব্যাটিং গড়টা ওয়ানডে ইতিহাসে কোনো সিরিজ বা টুর্নামেন্টে পঞ্চম সর্বোচ্চ। এবার বাংলাদেশের কাছে নাকাল হওয়া পাকিস্তানই কিন্তু এই তালিকায় সবার ওপরে। ১৯৮২-৮৩ মৌসুমে ঘরের মাঠে ভারতের বিপক্ষে চার ম্যাচে ৮৫.১৮ গড়ে ৯৩৭ করেছিল পাকিস্তান। ওই সিরিজে পাকিস্তান উইকেট হারিয়েছিল ১১টি। ২০০৯ সালে বিশ্বকাপ বাছাইপর্বের তিন ম্যাচে ৮০.৫০ গড় নিয়ে দুইয়ে আয়ারল্যান্ড। ১৯৯৯ সালে জিম্বাবুয়ে সফরে ৩ ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাটিং গড় ছিল ৭৭.৬২। চারে ভারত, ২০১২ এশিয়া কাপে উইকেটপ্রতি ৭৬.৯১ রান তুলেছিল ভারতীয়রা।