সেরাদের দলে নেই 'সেরা দলের' কেউই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্ট দলে সুযোগ পাননি দক্ষিণ আফ্রিকান কোনো ক্রিকেটাররা। ছবি: আইসিসি
টেস্ট দলে সুযোগ পাননি দক্ষিণ আফ্রিকান কোনো ক্রিকেটাররা। ছবি: আইসিসি

আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দলের নাম দক্ষিণ আফ্রিকা। দলটি রেটিং পয়েন্টে এতটাই ওপরে যে আপাতত র‍্যাঙ্কিংয়ের লড়াইটি হচ্ছে দ্বিতীয় স্থান নিয়ে। এবি ডি ভিলিয়ার্স, হাশিম আমলা, ডেল স্টেইনের মতো র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানীয় ক্রিকেটাররাও তাদের দলেই। যেকোনো বিচারেই টেস্টের সেরা দল এখন প্রোটিয়ারা। কিন্তু এ বছরের সেরা টেস্ট স্থান পাননি দক্ষিণ আফ্রিকার কোনো খেলোয়াড়। সেরা দলের কারও জায়গা হয়নি বছরের সেরা দলে!
আজ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি ২০১৫ সালের জন্য টেস্ট ও ওয়ানডের দুটি আলাদা বিশ্ব একাদশের খেলোয়াড়দের নাম প্রকাশ করেছে। ওয়ানডে দলে প্রথম বাংলাদেশি হিসেবে সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান। আর টেস্ট একাদশ ঘোষণার পর দেখা গেল সেই দলে জায়গা হয়নি ডি ভিলিয়ার্স, আমলা কিংবা স্টেইনের। চমকে ওঠার মতো ঘটনাই বটে। তবে এর পেছনে কিছুটা কারণ খুঁজে পাওয়া যাচ্ছে। বিশ্বসেরা টেস্ট একাদশে জায়গা করে নিতে না-পারার দায় ডি ভিলিয়ার্স-আমলাদেরই বেশি।

২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্সের ভিত্তিতে বিশ্ব একাদশ গড়া হয়েছে। ওই সময়ের মধ্যে দক্ষিণ আফ্রিকা একে তো টেস্ট খেলেছে খুবই কম, তার ওপর যা একটু খেলার সুযোগ পেয়েছেন আমলারা, সেখানেও করে দেখাতে পারেননি আহামরি কোনো কিছু। ফলে র‍্যাঙ্কিংয়ে বিশ্বসেরা টেস্ট দলের কেউই ঢুকতে পারেননি বছরের সেরা টেস্ট দলে।

এ বছরের টেস্ট দলে রাজত্ব করেছে চারটি দেশ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তানের তিনজন করে সুযোগ পেয়েছেন এই দলে। আর নিউজিল্যান্ড দল থেকে সুযোগ পেয়েছেন দুজন। আর দক্ষিণ আফ্রিকাকে চলতি টেস্ট সিরিজে নাকানি-চুবানি খাইয়ে বেড়ানো ভারতের কারওরই সুযোগ মেলেনি এই দলে। কেবল দ্বাদশ ব্যক্তি হিসেবে সুযোগ পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এ দলের অধিনায়ক করা হয়েছে ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুককে।

বছরের সেরা টেস্ট একাদশ:
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া),অ্যালিস্টার কুক (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), ইউনিস খান (পাকিস্তান), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), জো রুট (ইংল্যান্ড), সরফরাজ আহমেদ (পাকিস্তান), স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), ইয়াসির শাহ (পাকিস্তান), জশ হ্যাজলউড (অস্ট্রেলিয়া)।