সেরার দৌড়ে আমলাও আছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাশিম আমলা
হাশিম আমলা

প্রশ্নটা শুনলেই ইদানীং মাথায় চলে আসে কয়েকটি নাম—বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন অথবা জো রুট। মাথাটা একটু চুলকে নিলেই মনে পড়ে এবি ডি ভিলিয়ার্স কিংবা ডেভিড ওয়ার্নারের কথা। এসব রথী-মহারথীর ভিড়ে কখনোই মনে পড়ে না একটা নাম—হাশিম আমলা!
যখন ব্যাটিং করেন, মনে হয় কোনো শিল্পী তুলির আঁচড় দিচ্ছেন ক্যানভাসে। শ্রীলঙ্কার বিপক্ষে গত শুক্রবারের ইনিংসটাই ধরুন। ১৩৪ বলে ১৫৪ রান করেছেন, কখনো মনে হয়নি, মেরে-ধরে একাকার করে দিচ্ছেন। অলস সৌন্দর্যে শ্রীলঙ্কাকে নাজেহাল করে তুলে নিয়েছেন ওয়ানডেতে নিজের ২৪তম সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ৫০ সেঞ্চুরির রেকর্ডও ছুঁয়েছেন। এই সেঞ্চুরিতেই যেন আমলা জানান দিয়েছেন, ‘আমিও আছি সেরাদের দৌড়ে!’
গত সপ্তাহে রিকি পন্টিং সময়ের সেরা ব্যাটসম্যান বলেছিলেন বিরাট কোহলিকে। তবে টেন্ডুলকারের সঙ্গে তাঁর তুলনা করতে রাজি হননি। টেন্ডুলকারের সঙ্গে কোহলির তুলনার সময় এখন আসেনি বলে জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। ১৭৯ ম্যাচে ৭৭৫৫ রান ও ২৭ সেঞ্চুরির পরিসংখ্যানেই টেন্ডুলকারকে টপকে গেছেন ভারত অধিনায়ক! পরিসংখ্যান অবশ্য বলে, ক্যারিয়ারের এ পর্যায়ে টেন্ডুলকার পিছিয়ে ছিলেন অনেক। তবে পরিসংখ্যানই যদি সবকিছু হয়, সে ক্ষেত্রে আমলা এ দুজনের চেয়ে অনেক এগিয়ে!
সেঞ্চুরিয়নে ২৪তম সেঞ্চুরিটা আমলা পেয়েছেন ১৪২তম ইনিংসে। তা পেতে কোহলির লেগেছে ১৬১ ইনিংস। আর যাঁর সঙ্গে এঁদের তুলনা, সেই শচীনের দরকার হয়েছে ২১৯ ইনিংস। আর এ তো গেল সেঞ্চুরির কথা। রানের হিসাবেও তো এ দুজনের চেয়ে অনেক এগিয়ে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। ১৪২ ইনিংস শেষে আমলার রান ৬৭৮০। কোহলির রান ছিল ৬২৩২, আর টেন্ডুলকারের রান? ৫১৮৮!
অবশ্য ওয়ানডেতে রান তোলার দ্রুততম প্রায় সব রেকর্ড যাঁর দখলে তাঁর জন্য এটাই স্বাভাবিক। শুধু দ্রুততম ১০০০ রানের রেকর্ডটি ভিভ রিচার্ডসের রয়ে গেছে। এর পর থেকে প্রতিটি হাজার রানের রেকর্ড তো আমলারই। ১২৩ ইনিংসে ছয় হাজারের মাইলফলক পেরোনোর পর এখন সাত হাজারের রেকর্ড ভাঙার হাতছানি। ১৬১ ইনিংসে এ রেকর্ডটি এখনো কোহলির দখলে।
কিন্তু ১৮ ইনিংসে বাকি ২২০ রান তুলতে পারবেন না আমলা, এ বাজি ধরার সাহসটা কি কারও আছে! ক্রিকেট অস্ট্রেলিয়া।