অ্যাঙ্কেলের চোট ভোগাচ্ছিল অনেক দিন ধরে। গত সেপ্টেম্বরে অস্ত্রোপচারও করিয়েছেন লাসিথ মালিঙ্গা। সেরে উঠতে লম্বা সময় লাগবে জেনেও তাঁকে বিশ্বকাপ দলে রেখেছে শ্রীলঙ্কা। তবে তাদের জন্য আশার কথা হচ্ছে, বেশ দ্রুতই সেরে উঠছেন শ্রীলঙ্কান পেসার। ইদানীং নেটেও বল করছেন। দলের ম্যানেজার মাইকেল ডি জয়সা তাই আশাবাদী, বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলো থেকেই পাওয়া যাবে মালিঙ্গাকে, ‘ও পুরো সপ্তাহটাই নেটে বল করেছে। আশা করছি, বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলোতেই তাকে পাব আমরা। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দিকে খেলতে পারবে কি না, সেটা নিয়ে সংশয় আছে। আমরা মোটেও তাড়াহুড়ো করতে চাই না তাকে নিয়ে।’ শুধু মালিঙ্গার পুনর্বাসন-প্রক্রিয়ায় কাজে লাগবে বলেই নাকি সর্বাধুনিক যন্ত্র এনেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। এর মধ্যে একবার অস্ট্রেলিয়ায় গিয়ে নিজের শল্যবিদের পরামর্শও নিয়ে এসেছেন শ্রীলঙ্কান পেসার। এখন শুধু পুরো ফিটনেস নিয়ে মাঠে ফেরার অপেক্ষা। ইএসপিএন।