সেলিম মালিককে আবার সুযোগ দিতে বললেন ইনজামাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচ পাতিয়ে নিষিদ্ধ হওয়া সাবেক সতীর্থ সেলিম মালিককে পাকিস্তানের ক্রিকেটে দেখতে চান ইনজামাম। ফাইল ছবি
ম্যাচ পাতিয়ে নিষিদ্ধ হওয়া সাবেক সতীর্থ সেলিম মালিককে পাকিস্তানের ক্রিকেটে দেখতে চান ইনজামাম। ফাইল ছবি
>ম্যাচ পাতানোর শাস্তি আর কলঙ্ক নিয়ে ক্রিকেট মাঠ থেকে বিদায় হয়েছিল দুজনেরই। শাস্তিটা কমেছে। কলঙ্ক এক পাশে রেখে ভারতের আজহারউদ্দিন ফিরেছেন ক্রিকেট প্রশাসনে। কিন্তু পাকিস্তানের সেলিম মালিক রয়ে গেলেন আড়ালেই।

প্রায় একই সময়ে ম্যাচ পাতানোর দায়ে মোহাম্মদ আজহারউদ্দিন ও সেলিম মালিক আজীবন নিষিদ্ধ হয়েছিলেন। ভারত ও পাকিস্তানের দুই সাবেক অধিনায়কেরই শাস্তি পরে তুলে নেওয়া হয়েছে, যদিও তত দিনে তাঁদের আর মাঠে ফেরার কোনো সুযোগ ছিল না।

অবশ্য মাঠে ফেরা না হলেও মোহাম্মদ আজহারউদ্দিনকে ক্রিকেটের সঙ্গে আবার যুক্ত করেছে ভারত। কিন্তু সেলিম মালিক আর পাকিস্তানের ক্রিকেটের কোথাও নেই। এটিই ভাবাচ্ছে পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হককে। আজহারউদ্দিনের উদাহরণ টেনে ইনজামাম বলছেন, সেলিম মালিককেও কাজে লাগানো উচিত পাকিস্তানের।

২০০০ সালে ম্যাচ পাতানোর দায়ে সেলিম মালিককে আজীবন নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), যদিও ২০০৮ সালে সেটি তুলে নেয়। ১০৩ টেস্টে ৫৭৬৮ রান ও ২৮৩ ওয়ানডেতে ৭১৭০ রানের মালিকের প্রশংসা করে ইনজামাম বলেন, পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের সাহায্য করতে পারেন মালিক। ‘তাঁর ক্যারিয়ার এভাবে শেষ হওয়াটা খুবই দুর্ভাগ্যজনক। এভাবে শেষ হওয়া উচিত হয়নি। তবে আমার মনে হয় নিজেকে দেশের কাজে লাগানোর ব্যাপারে তাঁর একটা দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত’, নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন ইনজামাম।

কেমন সুযোগ? সে প্রসঙ্গে আজহারউদ্দিনকে টেনে আনেন ইনজামাম, ‘ভারতে যেমন, মোহাম্মদ আজহারউদ্দিনও কিন্তু একবার শাস্তি পেয়েছিলেন। কিন্তু তিনি এখন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি। মালিককেও সেভাবেই ক্রিকেট সংশ্লিষ্ট কিছুতে কাজে লাগানো যায়।’

প্রসঙ্গে বদলে মালিকের ব্যাটিংয়ে মুগ্ধতাও ঝরে ইনজামামের কণ্ঠে, ‘মোহাম্মদ ইউসুফ যেভাবে ব্যাট করত, জহির আব্বাস যেভাবে ব্যাট করতেন, এখন বাবর আজম যেভাবে ব্যাট করে, মালিকও এ রকম খেলোয়াড় ছিলেন। পাকিস্তানের হয়ে ১০০ টেস্টের বেশি খেলেছেন, ৭ হাজারের বেশি রান করেছেন। এই প্রজন্ম তাঁকে খেলতে দেখেনি ঠিকই, কিন্তু তিনি গ্রেট একজন খেলোয়াড় ছিলেন। তাঁর মতো করে ম্যাচ বিশ্লেষণ করতে কখনো কাউকে দেখিনি। ১০-১৫ বছর ধরে হয়তো তিনি ক্রিকেটের বাইরে আছেন, তবে এখনো দেওয়ার মতো অনেক কিছুই আছে তাঁর।’