সোনালি সময়ের সেই শাহরিয়ার

তিনি ওপেনার। কিন্তু দিলশান মুনাবীরা ও শামসুর রাহমানকে সুযোগ দিতে আজ নামলেন তিন উইকেট যাওয়ার পর। তা ক্রিজে যখন নামলেন শাহরিয়ার নাফীস, তাঁর দল বরিশাল বুলস বেশ চাপে। দুই ওপেনার তো নেই-ই, ৭.৫ ওভারে স্কোর বোর্ডে ৪৪ রান জমা জতেই ফিরে গেছেন তিনে নামা ডেভিড মালানও। কিন্তু ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে আজ সেখান থেকেই কী দুর্দান্ত ব্যাটিংই না করলেন জাতীয় দলে অনেকটাই দূরে চলে যাওয়া বাঁহাতি ব্যাটসম্যান। অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়ে বরিশালের ভাঙা ইনিংসটা মেরামত করলেন, সঙ্গে টি-টোয়েন্টির দাবি মেনে করলেন দুর্দান্ত ফিফটি।
শাহরিয়ারের ফিফটির সঙ্গে মুশফিকও পেয়েছেন ফিফটি। বাংলাদেশ টেস্ট অধিনায়ক ৩৬ বলে করেছেন ৫০ রান। এই দুজনের দারুণ ব্যাটিংয়ের পরও অবশ্য বরিশাল ঢাকাকে দিতে পারল ১৪৯ রানের লক্ষ্য। যদিও উইকেট ও প্রথম ম্যাচের অভিজ্ঞতা বলছে, কাজটা হয়তো সহজ হবে না ঢাকার।
মোহাম্মদ শহীদের বলে প্লেড অন হওয়ার আগে ৩৩ বলে ৫৫ রান। চার সাতটি, ছক্কা দুটি। কে বলবে, এই শাহরিয়ার জাতীয় দলে অনেক দিন ধরেই ব্রাত্য। সর্বশেষ বার লাল-সবুজ জার্সিটা গায়ে উঠেছে তা-ও তো তিন বছরের বেশি হয়ে গেছে (হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে, ২০১৩ সালের এপ্রিলে)। কিন্তু শাহরিয়ার ছিলেন তাঁর মতোই সাবলীল।
বলতে পারেন, বিপিএলের প্রথম ম্যাচ, তাতে একটা ফিফটি—এ নিয়েই এত কথা বলা হয়তো বেশি বেশি হয়ে যাচ্ছে। কিন্তু ফিফটি বা তাঁর ঝোড়ো ইনিংসের জন্য নয়; ব্যাটিংয়ের ধরনের জন্য শাহরিয়ারের বাহবা পাওনা। প্রতিপক্ষ ঢাকা বোলিং আক্রমণ সাজিয়েছে আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, সাকিব আল হাসান, রবি বোপারাদের নিয়ে। তাদের বিপক্ষে প্রতিটি কাভার ড্রাইভে, প্রতিটি সুইপে যেন ঠিকরে বেরোল শাহরিয়ারের সোনালি সময়ের সেই আত্মবিশ্বাস।
সাকিবকে ডাউন দ্য উইকেটে এসে বা ব্রাভোর ফুলটস বলটাকে সীমানার ওপারে আছড়ে ফেলার কথাই বা কীভাবে ভুলবেন মিরপুরের দর্শকেরা। কিংবা বোপারার করা অফ স্টাম্পের বাইরের বলটিতে পয়েন্টে দাঁড়ানো ফিল্ডারকে পাশ কাটিয়ে চার মারতে না পারায় নিজেই নিজের ওপর বিরক্ত হয়ে যাওয়া—পুরোনো শাহরিয়ারের একটা ঝলকই তো।
বলতে গেলে তামিম ইকবাল আসার আগে চোখজুড়ানো, নির্ভীক এই ব্যাটিংয়ের ধরন দিয়েই তো বাংলাদেশের ওপেনিংয়ে একটা ভিন্ন কিছুর সূচনা করেছিলেন শাহরিয়ার। ধারাবাহিকও ছিলেন। ওয়ানডেতে প্রথম দিকে ব্যাটিংয়ে তাঁর গড়া ৩৫-এর ওপরেই ছিল, যা বছর দশেক আগের বাংলাদেশ দলের জন্যও অনেকটা ‘লেটার মার্কস’ অর্জন ছিল। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান, যিনি এক বর্ষপঞ্জিতে এক হাজার রান করেছিলেন। প্রতিপক্ষ অস্ট্রেলিয়াই হোক, আর জিম্বাবুয়ে, তাঁর ব্যাট চলত সমান তালে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ফতুল্লা টেস্টের ১৩৮ রানের ইনিংস, কিংবা জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুটি ওয়ানডে সেঞ্চুরি (সব মিলিয়ে চারটি সেঞ্চুরি ওয়ানডেতে)—সেই স্মৃতিটাই আজ যেন ফিরে ফিরে আসছিল মিরপুরে শাহরিয়ারের ব্যাটে।
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা নিশ্চয়ই চাইছেন, শাহরিয়ারের ব্যাটে এই ফর্মটা পুরো বিপিএলেই থাকুক। ফিরে আসুন পুরোনো শাহরিয়ার। বাংলাদেশের এই দুর্দান্ত দলটাতে পুরোনো শাহরিয়ারকেও পাওয়া গেলে মন্দ কী!
শাহরিয়ার এক ইনিংস ভালো খেললেই এসব আলোচনা ফিরে আসে। তবে তিনি নিজেই ভালো জানেন, জাতীয় দলের জার্সিও ফিরে পেতে এক-দুই ইনিংস ভালো খেলাই যথেষ্ট কিন্তু নয়।