সোবার্সে প্রেরণা খুঁজছে উইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েস্ট ইন্ডিজের দুই কিংবদন্তি গ্যারি সোবার্স (বাঁয়ে) ও ক্লাইভ লয়েড। লয়েড তো এখন ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচকই, শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজ দেখতে চলে এসেছেন সোবার্সও। কাল কলম্বোর পি সারা ওভালে l এএফপি
ওয়েস্ট ইন্ডিজের দুই কিংবদন্তি গ্যারি সোবার্স (বাঁয়ে) ও ক্লাইভ লয়েড। লয়েড তো এখন ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচকই, শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজ দেখতে চলে এসেছেন সোবার্সও। কাল কলম্বোর পি সারা ওভালে l এএফপি

এবার কি বদলাবে ওয়েস্ট ইন্ডিজের ভাগ্য? ক্যারিবীয়রা কি পারবে শ্রীলঙ্কার মাটিতে প্রথম টেস্ট জয় তুলে নিতে? স্যার গ্যারি সোবার্স যে এসে গেছেন শ্রীলঙ্কায়!
এই সিরিজ থেকেই সোবার্স-টিসেরা ট্রফি নামকরণ হয়েছে শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজের। গলে প্রথম টেস্ট দেখতে আসতে পারেননি সোবার্স। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা হেরেছে শোচনীয়ভাবে। এবার যদি গ্যালারিতে সোবার্সের উপস্থিতি অনুপ্রেরণা হয় ক্যারিবীয়দের। দুই ম্যাচের সিরিজ বাঁচাতে হলে কলম্বোর পি সারায় জয় ছাড়া আর কিছু করারও নেই জেসন হোল্ডারের দলের।
৭৯ বছর বয়সী সোবার্সের সঙ্গে পি সারায় থাকবেন মাইকেল টিসেরাও। ১৯৬৭ সালে কলম্বোর এই মাঠেই একটি বেসরকারি টেস্টে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। ওই ম্যাচে দুই দলের অধিনায়ক ছিলেন সোবার্স ও টিসেরা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটির হাইলাইটস হয়ে আছে সোবার্সের সেঞ্চুরি। শ্রীলঙ্কা তখনো টেস্ট আঙিনা থেকে ১৫ বছরের দূরত্বে। অবশ্য শ্রীলঙ্কা টেস্ট মর্যাদা পাওয়ার পর লঙ্কায় এসে আর সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। জয় পায়নি ১০ টেস্টের একটিতেও।
শ্রীলঙ্কার মাটিতে ১১তম টেস্টের আগে ওয়েস্ট ইন্ডিজের দুশ্চিন্তার জায়গা অনেক। গলে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোনো বিভাগেই সুবিধা করতে পারেনি সফরকারীরা। তবে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার মনে করেন তাঁর দলের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব, ‘ছেলেদের ওপর আমার পুরো আস্থা আছে। আমি তাঁদের বলেছি “হতাশ হয়ো না। পৃথিবী শেষ হয়ে যায়নি। ভুল শোধরানোর, ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের হাতে আরেকটি টেস্ট আছে”। আমরা চেষ্টা করব ১-১ ড্র করতে।’
অন্যদিকে সাঙ্গাকারা-জয়াবর্ধনে উত্তর যুগে পুনর্গঠন-প্রক্রিয়ায় থাকা শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস তাকিয়ে ভবিষ্যতের দিকে, ‘আমরা সারাক্ষণ অতীত নিয়ে কথা বলতে পারি না। সাঙ্গাকারা ও জয়াবর্ধনে চলে যাওয়ার পর আমাদের কিছু খেলোয়াড় দরকার ছিল যারা দায়িত্ব নিয়ে খেলবে। আমরা সেটা করেও দেখিয়েছি।’ ম্যাথুসের ইঙ্গিতটা গলে সেঞ্চুরি করা দিনেশ চান্ডিমাল ও দিমুথ করুনারত্নের দিকে।
ম্যাথুসকে ভাবতে হচ্ছে শুধু অফ স্পিনার থারিন্ডু কৌশল ও ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নের ফর্ম নিয়ে। কৌশলের জায়গায় একাদশে ঢুকতে পারেন দিলরুয়ান পেরেরা। থিরিমান্নে বদলে দলে সুযোগ পেতে পারেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা ২০ বছর বয়সী ব্যাটসম্যান কুশল মেন্ডিস। এএফপি, ক্রিকইনফো।