
গ্যারি সোবার্সেই তাহলে উজ্জীবিত হলো ওয়েস্ট ইন্ডিজ! সর্বকালের সেরা অলরাউন্ডার শ্রীলঙ্কায় আসতেই যে দাপুটে চেহারায় দেখা দিলেন ক্যারিবীয় বোলাররা। কলম্বো টেস্টের প্রথম দিনে লঙ্কানরা অলআউট ২০০ রানেই। গত নয় বছরে ওয়েস্ট ইন্ডিজের কাছে এত কম রানে এই প্রথম অলআউট হলো লঙ্কানরা।
পি সারা ওভালের পেসবান্ধব উইকেটে প্রথমে জ্বলে উঠলেন ওয়েস্ট ইন্ডিজের পেসাররা। জেরোম টেলর, কেমার রোচ ও জেসন হোল্ডাররা শ্রীলঙ্কার টপ অর্ডারকে গুঁড়িয়ে দেওয়ার পর হাতবদল হলো দায়িত্বের। শ্রীলঙ্কার শেষ ৫ উইকেট নিলেন ক্যারিবীয় স্পিনাররা।
এই ৫ উইকেটের ৪টিই গেছে অভিষিক্ত জোমেল ওয়ারিকানের হিসাবে। স্যার সোবার্সের হাত থেকে টেস্ট ক্যাপ নেওয়া বাঁহাতি স্পিনারের শুরুটা অবশ্য বাজেই হয়েছিল। টেস্ট ক্রিকেটে ওয়ারিকানের প্রথম বলটা যেমন শর্ট ছিল, তেমনি ছিল ওয়াইড। ফল, শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস কাট করে ডিপ পয়েন্ট দিয়ে চার মেরে দিলেন। ২৩ বছর বয়সী স্পিনার বলের ওপর নিয়ন্ত্রণ নিয়েছেন দ্রুতই। যদিও টেস্ট ক্রিকেটে প্রথম উইকেটটা তাঁকে এনে দিয়েছে আরেকটি বাজে বলেই। ফুল টসটাকে তাঁর হাতেই ফেরত দিয়েছেন কুশল পেরেরা।
টস জিতে ব্যাটিং নেওয়া শ্রীলঙ্কা প্রথম উইকেট হারিয়েছে দিনের চতুর্থ বলে। মুখোমুখি হওয়া প্রথম বলেই উইকেটকিপারকে ক্যাচ দেন নিজেকে ফর্ম হারিয়ে ফেলা কৌশল সিলভা। শ্রীলঙ্কান ওপেনার ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজের ছয় ইনিংসে করেছিলেন মাত্র ৮৭ রান। আম্পায়ার রড টাকার অবশ্য শুরুতে আউট দেননি। রিভিউ নিয়েই উইকেটটি পেয়েছেন জেরোম টেলর। এই আউটটিসহ প্রথম দিনে পাঁচবার রিভিউয়ের আশ্রয় নেয় দুদল।
জেসন হোল্ডারের নেওয়া শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেটেও রিভিউ জড়িয়ে। এবার দিমুথ করুনারত্নে রিভিউ নিয়ে বাঁচতে পারেননি। ক্যারিবীয় পেসারদের দাপটে লাঞ্চের আগেই ৪ উইকেট হারিয়ে ফেলা শ্রীলঙ্কা তুলতে পারে মাত্র ৫৯ রান। দ্বিতীয় সেশনটা তুলনামূলক ভালোই কেটেছে লঙ্কানদের। এ সময়ে মাত্র ২ উইকেট পড়েছে দলটির, ক্যারিয়ারে প্রথম ফিফটিও পেয়ে যান মিলিন্দা সিরিবর্ধনা। টেন ক্রিকেট, এএফপি, ক্রিকইনফো। তথ্যসূত্র: টেন ক্রিকেট, এএফপি, ক্রিকইনফো।