প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডার। স্রেফ এটুকু বললেই মনে পড়ে স্যার গ্যারি সোবার্সের নাম। ক্যারিবীয় ক্রিকেট কিংবদন্তি কিন্তু ফুটবল, বাস্কেটবল ও টেবিল টেনিসটাও ভালো খেলতেন। এতটাই ভালো যে সবগুলো খেলাতেই দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। তো সোবার্সের সবচেয়ে প্রিয় খেলা কোনটি? উত্তর শুনে বিস্মিতই হবেন, গলফ। অথচ কিনা একসময় গলফটা মোটেও টানত না সোবার্সকে। তাঁর কাছে এটা ছিল বড় লোকদের বাজে একটা খেলা। সেই সোবার্স পরে ধীরে ধীরে মজেছেন গলফের প্রেমে। সতীর্থ সনি রামদিনের কাছে গলফের হাতেখড়ি নেওয়া সোবার্সকে টেনেছে খেলাটির ধরন। ভালো-মন্দ যাই হোক দায়টা একান্তই ব্যক্তিগত, খেলাটির এই দিকটাই সবচেয়ে ভালো লাগে সোবার্সের। গণিত বিস্ময় রামানুজনকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের প্রচারণা অনুষ্ঠানে ভারতে এসেই গলফপ্রেমের কথা জানালেন সোবার্স। ডিএনএ।