সোহরাওয়ার্দী জেতালেন রংপুরকে
লক্ষ্যটা তেমন বড় কিছু ছিল না। রংপুরকে হারাতে দ্বিতীয় ইনিংসে সিলেটকে করতে হতো ১৫৪ রান। পরশুই অবশ্য সেই রানটা এভারেস্ট হয়ে ওঠে স্বাগতিক সিলেটের জন্য। সোহরাওয়ার্দী শুভর স্পিন ঘূর্ণিতে পড়ে ৫৫ রানে ৭ উইকেট হারায় দলটি। এরপর আর কোনো উইকেট না হারিয়ে ৭৯ রানে দিন শেষ করা সিলেটের আশায় সলতে হয়ে টিকে ছিলেন অভিজ্ঞ অলক কাপালি।
সিলেটের আশার প্রদীপ অবশ্য কাল নিভে গেলেন দিনের তৃতীয় ওভারেই। ৮৭ রানে অলকের বিদায়ের পর আর মাত্র ১০ রান যোগ হতেই শেষ সিলেটের ইনিংস। দ্বিতীয় স্তরের ম্যাচটা রংপুর জিতে গেল ৫৬ রানে। আগের দিন ৬ উইকেট নেওয়া সোহরাওয়ার্দী কাল আরও ১ উইকেট নিয়েছেন। ৬৮ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে এই প্রথম ইনিংসে ৭ উইকেট পেলেন সোহরাওয়ার্দী। এই বাঁহাতি স্পিনারের ৪৫ রানে ৭ উইকেট রংপুর বিভাগের হয়ে জাতীয় লিগে সেরা বোলিংও। সোহরাওয়ার্দী পেছনে ফেলেছেন সানজিত সাহাকে। গত মৌসুমে খুলনার বিপক্ষে ৬৪ রানে ৭ উইকেট নিয়েছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অফ স্পিনার।
খুলনায় ড্র হয়েছে বরিশাল-ঢাকা মহানগরের প্রথম স্তরের ম্যাচ। ফলোঅন করা ঢাকা মহানগর দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৫৩ রান তোলার পর ড্র মেনে নেয় দুদল। সর্বোচ্চ ৮৮ রান ওপেনার সাদমান ইসলামের। দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ রান শততম প্রথম শ্রেণির ম্যাচ খেলা অধিনায়ক মার্শাল আইয়ুবের। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা মোহাম্মদ আশরাফুল ৪০ বলে মাত্র ২ রান করে পেসার সালমান হোসেনের বলে উইকেটকিপার শাহীন হোসেনকে ক্যাচ দিয়েছেন।
১ উইকেটে ১৩৩ রান নিয়ে দিন শুরু করা মহানগর আর কোনো উইকেট না হারিয়েই তুলে ফেলেছিল ১৯০ রান। ১৯০ থেকে ২১১—এই ২১ রানেই ৩ উইকেট হারানোর পর খোলসে ঢুকে পড়েন দলটির ব্যাটসম্যানরা।
বগুড়ায় দ্বিতীয় ও তৃতীয় দিনের মতো কাল শেষ দিনেও খুলনা-ঢাকা বিভাগের ম্যাচে একটি বলও হতে পারেনি।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা মহানগর-বরিশাল, খুলনা
বরিশাল ১ম ইনিংস: ৪১৯। ঢাকা মহানগর: ২৪৫ ও ১২৭ ওভারে ৩৫৩/৭ (সাদমান ৮৮, মার্শাল ৭৭, আসিফ ৬০, শামসুর ৪৪, জাবিদ ৩৬*, হায়দার ৩০*; সালেহ ৩/১০০)।
ফল: ড্র। ম্যান অব দ্য ম্যাচ: সোহাগ গাজী।
খুলনা-ঢাকা বিভাগ, বগুড়া
খুলনা ১ম ইনিংস: ৫০.৫ ওভারে ১৭২/১।
ফল: ড্র।
সিলেট-রংপুর, সিলেট
রংপুর: ২১৭ ও ১৮৩। সিলেট: ২৪৭ ও ৩৪ ওভারে ৯৭ (ইমতিয়াজ ২৬, অলক ২৪, নাসুম ১৯*; সোহরাওয়ার্দী ৭/৪৫, সাদ্দাম ২/২)।
ফল: রংপুর ৫৬ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সোহরাওয়ার্দী শুভ।