সোহাগকে ফিরে পেতে...

নিউজিল্যান্ডের বিপক্ষে বছর খানেক আগে একই টেস্টে সেঞ্চুরি আর হ্যাটট্রিকের অবিস্মরণীয় কীর্তির পর থেকেই সোহাগ গাজীর ফর্ম ছিল পড়তির দিকে। এ বছর শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে ৪ উইকেট। ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলিয়ে আরও চারটি ম্যাচ খেলেছেন ওই সিরিজে। উইকেট সাকল্যে ২টি। এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, এমনকি বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও আলো ছড়াতে পারেননি। সব মিলিয়ে এ বছর ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, উইকেট ১০টি।
তার পরও বোলিং অ্যাকশনের কারণে সোহাগ গাজীর ওপর নিষেধাজ্ঞা বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় এক ক্ষতি। ক্রিকেটারদের ফর্ম ওঠানামা করেই, তবে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবের দিনটি থেকেই সোহাগ প্রমাণ দিয়েছেন নিজের সামর্থ্যের। বাঁহাতি স্পিনারদের ভিড়ে তাঁর অফ স্পিন এসেছিল স্বস্তির সুবাতাস আর বৈচিত্র্য নিয়ে। যত দ্রুত সম্ভব তাঁকে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে তাই সব রকম উদ্যোগই নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একটা সুবিধাও আছে। এর আগে সোহাগের মতোই বোলিং অ্যাকশনে সমস্যার কারণে নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশের আরেক স্পিনার আবদুর রাজ্জাক। রাজ্জাক অ্যাকশন শুধরে আবারও ফিরেছেন। সেই অভিজ্ঞতাটা তো আছেই।
রাজ্জাকের মতোই দ্রুততম সময়ে সোহাগও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বলে আশাবাদী বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। ২০০৮ সালের অক্টোবরে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে রাজ্জাকের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার পর তাঁকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল আইসিসি। পরে তখনকার একাডেমির স্পিন কোচ রুয়ান কালপাগে ও জাতীয় দলের ফিল্ডিং কোচ মোহাম্মদ সালাউদ্দিনের তত্ত্বাবধানে পুনর্বাসন-প্রক্রিয়ায় অংশ নেন রাজ্জাক। সমস্যা কাটিয়ে কয়েক মাস পরই বায়োমেকানিক পরীক্ষায় উতরে যান তিনি। ফেরেন ২০০৯ ওয়েস্ট ইন্ডিজ সফরে। প্রথম ওয়ানডেতেই পান ম্যাচসেরার স্বীকৃতি। সোহাগের অ্যাকশন শোধরাতেও ওই দুজনকে কাজে লাগানোর কথা ভাবছে বিসিবি। আকরাম খান বলেছেন, ‘এর আগে রাজ্জাকের সঙ্গে এঁরা সফলভাবে কাজ করেছেন। আমরা এবারও চেষ্টা করব এঁদের কাজে লাগাতে। তবে এতেও যদি কাজ না হয়, তাহলে আরও বড় কোনো বিশেষজ্ঞকে আনা হবে। কারণ সোহাগ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, বিশেষ করে টেস্টে।’
দুঃসংবাদই পেলেন সোহাগ গাজীকালপাগে অবশ্য এখন জাতীয় দলের স্পিন কোচ হিসেবেই দায়িত্ব পালন করছেন। তাঁকে পাওয়া নিয়ে তাই কোনো সংশয় নেই। তবে সালাউদ্দিন এখন কাজ করছেন কুয়ালালামপুরের উপকণ্ঠে ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়ায় ক্রিকেট কোচ হিসেবে। সোহাগকে সাহায্য করার জন্য তাঁকে তাই পাওয়া যাবে কি না এ নিয়ে সন্দিহান আকরাম খান নিজেও, ‘আসলে উনি এই সময়টায় ফ্রি আছেন কি না, কাজ করতে পারবেন কি না এ নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করতে হবে।’ ঈদের ছুটি শেষ করে পটুয়াখালী থেকে আজই ঢাকায় ফেরার কথা সোহাগের। ফেরার পর তাঁর সঙ্গে আইসিসির রিপোর্ট নিয়ে বসবেন বলে জানিয়েছেন আকরাম।
আইসিসির শুদ্ধি অভিযানে রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে বোলারদের ওপর। সাঈদ আজমল, সচিত্রা সেনানায়েকে, কেন উইলিয়ামসন, প্রসপার উৎসেয়া—অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞা পাওয়া বোলারদের তালিকাটা বেড়েই চলছে। সোহাগ গাজী তো নিষিদ্ধই হয়ে গেলেন, বাংলাদেশের আরেক বোলার আল আমিনের মাথার ওপরও ঝুলছে এই খাঁড়া। চেন্নাইয়ে তাঁর পরীক্ষা দেওয়ার কথা ছিল ২৪ অক্টোবর। অ্যাকশনে সমস্যা ধরা না পড়লে যাতে জিম্বাবুয়ে সিরিজে খেলতে পারেন, সে জন্য আইসিসিকে অনুরোধ করে তারিখটা ১৮ অক্টোবরে এগিয়ে এনেছে বিসিবি।