সোহাগের পরীক্ষা ২৪ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহাগ গাজী
সোহাগ গাজী

আত্মবিশ্বাসের কমতি নেই কণ্ঠে। পারলে এখনই দিয়ে ফেলেন পরীক্ষাটা। তার পরও সোহাগ গাজীকে আরেকটু অপেক্ষা করতেই হচ্ছে। সব ঠিকঠাক থাকলে ২৪ জানুয়ারি ভারতের চেন্নাইতে হবে তাঁর বোলিং অ্যাকশনের পরীক্ষা।
বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান কাল মুঠোফোনে বলেছেন, ‘আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছে ২৪ জানুয়ারি সোহাগ চেন্নাইয়ে পরীক্ষা দিতে পারবে কি না। আমরা ফিরতি মেইলে জানিয়ে দিয়েছি সোহাগ যাবে। সব ঠিকঠাক থাকলে ২৩ জানুয়ারি ও বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে ভারতে যাবে।’
গত ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রশ্নবিদ্ধ হয় সোহাগ গাজীর বোলিং অ্যাকশন। জাতীয় দলের এই অফ স্পিনার এরপর কার্ডিফে গিয়ে দেন বোলিং অ্যাকশনের পরীক্ষা। পরীক্ষায় ত্রুটি ধরা পড়ে অ্যাকশনে। এর পর থেকেই জাতীয় দলের শ্রীলঙ্কান স্পিন কোচ রুয়ান কালপাগের অধীনে চলছে তাঁর বোলিং অ্যাকশন শুদ্ধিকরণ কার্যক্রম।
সোহাগ বিশ্বকাপের দলে নেই। তার মানে এপ্রিলে অনুষ্ঠেয় পাকিস্তান সিরিজের আগে আর কোনো আন্তর্জাতিক ক্রিকেট মিস করছেন না তিনি। দ্বিতীয় পরীক্ষাটা তাই তিনি চাইলে আরেকটু সময় নিয়েও দিতে পারতেন। সে ক্ষেত্রে আরও নিখুঁত হতে পারত অ্যাকশন। সূত্র জানিয়েছে, বিসিবি থেকেও নাকি সোহাগকে সেই পরামর্শই দেওয়া হয়েছিল। একটা পর্যায় পর্যন্ত কোচ কালপাগেও নাকি চেয়েছিলেন সোহাগ পরীক্ষাটা দিন আগামী মার্চে।
কিন্তু তাড়াহুড়াটা সোহাগের দিক থেকেই। সপ্তাহ খানেক আগে বোলিং অ্যাকশন ঠিক হয়ে যাওয়ার কথা চিঠি দিয়ে জানান ক্রিকেট পরিচালনা প্রধানকে। অনুরোধ করেন যত দ্রুত সম্ভব তাঁর বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে। বিসিবি থেকে এর পরই যোগাযোগ করা হয় আইসিসির সঙ্গে। তাঁর জবাবেই ২৪ জানুয়ারি চেন্নাইয়ে পরীক্ষার কথা জানিয়েছে আইসিসি।
মুঠোফোনে কালও সোহাগকে যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হয়েছে, ‘আমার অ্যাকশন আরও অনেক আগেই ঠিক হয়ে গেছে। বলতে পারেন এক শ ভাগ ঠিক হয়ে গেছে। প্রিমিয়ার লিগ খেললাম। বোলিংয়ের ভিডিও দেখে কোচ কালপাগেও বলেছেন আমি পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় চলে এসেছি।’
সোহাগের বিশ্বাসটা শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হলেই ভালো। না হলে আরও বড় দুঃসংবাদই শুনতে হবে তাঁকে। কারণ, আইসিসির বোলিং অ্যাকশন রিভিউয়ের নীতি অনুযায়ী, এবারের পরীক্ষায়ও অ্যাকশন ত্রুটিপূর্ণ ধরা পড়লে আগামী এক বছর তো আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতেই পারবেন না, এই এক বছরের মধ্যে দিতে পারবেন না অ্যাকশন শুদ্ধির আর কোনো পরীক্ষাও।