সোহাগের বদলি সানি?
প্রথমে বলা হয়েছিল, ওয়ানডে ও টি-টোয়েন্টি দল থেকে ফিরবেন মাশরাফি বিন মুর্তজা, আবদুর রাজ্জাক ও তাসকিন আহমেদ। এখন যোগ হয়েছে আরও দুটি নাম। একজনের নাম অনুমিতই। কার্ডিফে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে ভিসার জন্য ফিরতেই হচ্ছে সোহাগ গাজীকে। তাঁদের সঙ্গী হচ্ছেন মোহাম্মদ মিঠুনও। সেন্ট কিটস থেকে সরাসরি ফ্লাইট নেই বলে আজ সন্ধ্যায় অ্যান্টিগা যাচ্ছেন এই পাঁচজন। সেখান থেকে লন্ডন-দুবাই হয়ে দেশে ফিরতে ফিরতে আগামী পরশু সকাল। প্রশ্ন হলো, সোহাগের বদলে ক্যারিবিয়ানে যাচ্ছেন কে?
একটি সূত্র জানিয়েছে, সেই একজন ইলিয়াস সানি। ক্যারিবিয়ানের উড়ানে চাপার খুব কাছাকাছি ছিলেন মুক্তার আলীও। তবে শেষ পর্যন্ত সানিই সম্ভবত যাচ্ছেন। স্পিনারের বদলি স্পিনার হবেন, স্বাভাবিক ভাবনা এটাই। সানির সঙ্গে আলোচনা হয়েছিল তরুণ লেগ স্পিনার জোবায়ের হোসেনকে নিয়েও। তবে সম্ভাবনাময় এই তরুণকে এখনই বড় মঞ্চের পরীক্ষায় ঠেলে দিতে চান না নির্বাচকেরা। ঘরোয়া ক্রিকেট, একাডেমি আর ‘এ’ দলে দেখতে চান আরও কিছুদিন। প্রাথমিক আলোচনায় সাকলাইন সজীবও ছিলেন। তবে ঘরোয়া ক্রিকেটে বেশ কয়েক বছর ধরে ভালো করে আসা এই বাঁহাতি স্পিনারের গত কিছুদিনের ফর্মে সন্তুষ্ট নন নির্বাচকেরা। উপযুক্ত বিকল্প না পেয়েই তাই সানিকে ফেরানো। ৪ টেস্টে ১২ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের মার্চে, গলে। গত জুনে ‘এ’ দলের হয়েও ঘুরে এসেছেন ক্যারিবিয়ানে।
তবে বিকল্প ভাবনাও কিন্তু এসেছে। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের সঙ্গে মাহমুদউল্লাহ আছেন। শুভাগত হোমকেও পাঠানো হয়েছে স্পিনিং অলরাউন্ডার বিবেচনায়। আর নির্বাচকদের ধারণা, বাংলাদেশের দুই টেস্টের ভেন্যু সেন্ট ভিনসেন্ট ও সেন্ট লুসিয়ার উইকেটে বাউন্স থাকতে পারে। সে ক্ষেত্রে আলোচনা হয়েছে আরেকজন পেসারকে পাঠানো নিয়ে। সেই ভাবনা থেকেই এসেছে মুক্তারের নাম। এত দিন তাঁকে মূলত সীমিত ওভারের উপযোগী ক্রিকেটার ভাবা হয়েছে। এই প্রথম টেস্ট দলে ডাক পাওয়ার এতটা কাছাকাছি এসেছিলেন। তবে শেষ পর্যন্ত নির্বাচকদের ভাবনা সম্ভবত ঝুঁকে পড়েছে স্পিনারের দিকেই। এ জন্যই যাচ্ছেন সানি।
দুই টেস্ট সিরিজের প্রথমটি শুরু ৫ সেপ্টেম্বর, সেন্ট ভিনসেন্টে।