সোহাগের সঙ্গে আজ আজমলও
বিশ্বকাপ দলের ক্রিকেটাররা কাল যখন বিসিবিতে বুঝে নিচ্ছেন নিজেদের পোশাক-সরঞ্জাম, সোহাগ গাজী তখন বিমানবন্দরের পথে। আজ মাশরাফিরা উড়াল দেবেন বিশ্বকাপের চ্যালেঞ্জ জিততে। আর আজই সোহাগের ক্যারিয়ারের কঠিনতম পরীক্ষা। চেন্নাইয়ের শ্রীরামাচন্দ্র বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আজ সোহাগের বোলিং অ্যাকশনের পরীক্ষা। কাল বিকেলেই চেন্নাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই অফ স্পিনার। একই ল্যাবে আজ নিজেকে শুদ্ধ প্রমাণের পরীক্ষায় নামবেন পাকিস্তানি অফ স্পিনার সাঈদ আজমলও।
গত আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রশ্নবিদ্ধ হয় সোহাগের বোলিং অ্যাকশন। পরে কার্ডিফে বোলিং অ্যাকশনের পরীক্ষায় সন্দেহটাই সত্যি প্রমাণিত হওয়ায় অক্টোবরের প্রথম সপ্তাহে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয় সোহাগের বোলিং। পরে স্পিন কোচ রুয়ান কালপাগের সঙ্গে অ্যাকশন শোধরানোর কাজ করেছেন সোহাগ। খুব বড় পরিবর্তন আনেননি অ্যাকশনে, ডেলিভারি স্ট্রাইড ও ল্যান্ডিং একটু বদলেছেন। সোহাগের বিশ্বাস, শুদ্ধ প্রমাণিত হবেন এবারের পরীক্ষায়, ‘অ্যাকশন নিয়ে যদি শতভাগ নিশ্চিত না হতাম, তাহলে পরীক্ষার আবেদনই করতাম না। আমি আশাবাদী, পরীক্ষা দিলেই ফিরতে পারব ক্রিকেটে।’
সোহাগের ধারণা, নিষিদ্ধ হওয়াটা শাপেবর হয়েছে তাঁর জন্য। একটু বদলে যাওয়া অ্যাকশনে কার্যকরী হবেন আরও, ‘সাচিত্রা সেনানায়েকের সমস্যাটি আমার মতোই ছিল। ল্যান্ডিং ঠিক করার পর অ্যাকশনও ঠিক হয়ে গেছে। আমার অ্যাকশন এখন অনেকটা সাইড-অন, আগের মতো চেস্ট-অন না। এই অ্যাকশনে আরও বেশি টার্ন পাব।’
কণ্ঠে আত্মবিশ্বাস থাকলেও পরীক্ষায় না উতরানো পর্যন্ত অস্বস্তি থাকবেই। কিছুদিন আগেও ছিলেন দলের অপরিহার্য অংশ। আচমকা পালাবদলে জায়গা পাননি বিশ্বকাপের প্রাথমকি দলে। হারাতে হয়েছে কেন্দ্রীয় চুক্তিও। আজমলকে অবশ্য প্রাথমিক দলে রেখেছিল পাকিস্তান। তবে অ্যাকশন যথেষ্ট শোধরাতে না পারায় দল চূড়ান্ত হওয়ার আগেই নিজে থেকে সরে দাঁড়ান। সাকলায়েন মুশতাকের পরিচর্যায় কতটা কাজ হলো আজমলের, সেটির পরীক্ষা হবে আজ।