সোহাগের সামনে নতুন 'যুদ্ধ'

নেট থেকে উঠে গেছেন সবাই। এমনকি কোচ চন্ডিকা হাথুরুসিংহেও ফিল্ডিং কোচকে সঙ্গে নিয়ে ব্যাগ কাঁধে বেরিয়ে গেলেন ওয়ার্নার পার্কের দিকে। বাকি থাকলেন শুধু সোহাগ গাজী। স্পিন কোচ রুয়ান কালপাগে তখনো তাঁকে বল ছুড়েই যাচ্ছেন। সোহাগ গাজীর ব্যাটিং প্র্যাকটিস যেন আর শেষই হয় না।
বোলিং অ্যাকশনের ওপর নিষেধাজ্ঞার শঙ্কায় ব্যাটিংয়েই বেশি করে মনোনিবেশ করতে চাইছেন না তো সোহাগ? কিংবা অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার চাপটা ভুলে থাকতে! সিরিজের মাঝখানে, যখন দলের অবস্থা লেজেগোবরে আর সোহাগের নিজের ফর্মটাও ভালো যাচ্ছে না, তখন এ ধরনের প্রশ্ন নতুন করে জেগে ওঠার ইচ্ছাটাই নষ্ট করে দিতে পারে। তবে এ ব্যাপারে সোহাগের ভাবনা কেমন, সেটা আপাতত জানা যাচ্ছে না।
ম্যানেজার হাবিবুল বাশারের অনুমতি আগেই নিয়ে রাখা হয়েছিল। অনুশীলন শেষে সোহাগ এ নিয়ে কথা বলবেন। তা পরশু অনুশীলনটা চললও দীর্ঘ সময়। বিকেলে গা গরমের পর নেট প্র্যাকটিস। এর পর ফ্লাডলাইটের আলোয় ফিল্ডিং। তার পরও আবার খেলোয়াড়েরা যাঁর যাঁর ইচ্ছেমতো কাজ করে মাঠে সময় কাটালেন। এত কিছুর পর যখন সোহাগ গাজীকে সামনে পাওয়া গেল, তাঁর মুখ বন্ধ! ‘আমার ওপর চাপ নেই কোনো। আর এসব বিষয় নিয়ে এখন কথা না বলাই ভালো’—কথাগুলো বলে প্রায় দৌড়ে চলে গেলেন ড্রেসিংরুমের দিকে।
এই প্রতিবেদক আরও কিছু প্রশ্ন করতে গেলে পাশেই দাঁড়ানো ম্যানেজার হাবিবুল বাধা দিলেন, ‘বাদ দিন, আমার ওর সঙ্গে কথা হয়েছে। ওকে বলেছি, এ নিয়ে এখন চাপ না নিতে। সোহাগকে তো আর খেলতে নিষেধ করেনি এখনই।’
সেন্ট কিটসের দুঃসময়ে আপাতত সুখের খবর এটাই—সোহাগকে খেলতে কোনো বাধা নেই। নেট থেকে বেরিয়ে যাওয়ার সময় অধিনায়ক মুশফিকুর রহিমও বলছিলেন, ‘দেখা যাক কী হয়। ও তো খেলতে পারবে। আর সিরিজের মধ্যে তো, তাই এটা নিয়ে অত মাথা ঘামাতে চাচ্ছি না। এ জন্য ওকেও রিল্যাক্স থাকতে বলছি।’ তা ছাড়া সামনে যখন আবদুর রাজ্জাকের জীবন্ত উদাহরণ, মুশফিক বিষয়টা নিয়ে খুব বেশি ভাবতেও চাইছেন না, ‘এ রকম তো হতেই পারে। রাজ ভাইয়েরও হয়েছিল। উনি তো এটা থেকে বের হয়ে এসেছেন।’ তবে সোহাগ যতই বলুন চাপ নেই, অধিনায়ক সেটা মনে করছেন না, ‘আমরা যতই বলি...ওর ওপর চাপ তো থাকবেই একটু। তবে আশা করি, ও এটা কাটিয়ে উঠবে। এ ছাড়া উপায় তো নেই।’
চাপের বিষয়টা কোচ চন্ডিকা হাথুরুসিংহেও মানছেন। ঘটনাটা সিরিজের মাঝখানে ঘটায় সোহাগের জন্য সেটা সামলানো আরও কঠিন হবে মনে করছেন তিনি, ‘অবশ্যই...একটু চাপ তো থাকবেই। কারণ ও এখন এটা নিয়ে চিন্তা করবে। দুর্ভাগ্যজনকভাবে তাকে সিরিজের মধ্যেই বোঝাটা বহন করতে হচ্ছে। এসবের জন্য এটা আদর্শ সময় নয়।’ তবে দলের পক্ষ থেকে সোহাগকে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণাও দিলেন, ‘সে জানে এ থেকে বের হয়ে আসার প্রক্রিয়াটা কী। তাকে সেটার মধ্য দিয়েই যেতে হবে। ২১ দিনের মধ্যে তাকে আইসিসি অনুমোদিত কোনো সেন্টারে যেতে হবে। তবে সে খেলতে পারবে। আর আমরাও তাকে ভালো খেলার জন্য পুরো সমর্থন দিয়ে যাব।’
সময় খারাপ হলে সব দিক দিয়েই হয়। নইলে বাংলাদেশের মাত্র ৭০ রানে অলআউট হওয়ার ম্যাচেই কেন প্রশ্ন উঠবে সোহাগের বোলিং অ্যাকশন নিয়ে! নির্দিষ্ট কোনো বল নিয়ে আপত্তি থাকলে তা-ও কথা ছিল, আম্পায়ারদের চোখে অফ স্পিনার সোহাগ গাজীর সব বলের অ্যাকশনই নাকি সন্দেহজনক!
নিয়ম অনুযায়ী রিপোর্টেড হওয়ার ২১ দিনের মধ্যে বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে সোহাগকে আইসিসি অনুমোদিত কোনো পরীক্ষাগারে পাঠাতে হবে। ল্যাবটা ঠিকও করে দিয়েছে আইসিসি—কার্ডিফ। সেখানে যদি বোলিং অ্যাকশন শুদ্ধতার ছাড়পত্র পেয়ে যান, তাহলে বেঁচে গেলেন সোহাগ। নইলে মুখোমুখি হতে হবে নতুন যুদ্ধের। হ্যাটট্রিক-সেঞ্চুরির যুগলবন্দীর বিশ্ব রেকর্ড, খারাপ সময়ের তিক্ত স্বাদ, বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন—ক্যারিয়ারের এত অল্প সময়ে কত কিছুই না দেখে ফেললেন সোহাগ গাজী!