সৌম্য-মুস্তাফিজকে আরেকটি সংবর্ধনা
সাতক্ষীরায় ফিরে সংবর্ধনার স্রোতে ভাসছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক সাফল্যের দুই নায়ক সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান। সেই স্রোতে ভাসতে ভাসতে কাল সন্ধ্যায় তাঁরা সংবর্ধিত হলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে। গত কয়েক দিনে দুই ক্রিকেটার মিলে সাতক্ষীরায় অন্তত ২৫-২৬টি সংবর্ধনা পেলেন।
সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে জেলার দুই কৃতী ক্রিকেটারকে ফুলের মালায় বরণ করে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। তাঁদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্টও। সাতক্ষীরার ক্রিকেটকে আরও চাঙা করতে একটি ভালো জিমনেসিয়াম প্রতিষ্ঠার দাবি জানান সৌম্য। মুস্তাফিজের প্রতিজ্ঞা, দেশের মানুষের মুখে হাসি ফোটাতে ভবিষ্যতে আরও ভালো খেলবেন।
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ডিসি নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মুনসুর আহমেদ ও ৩৮ বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক মেজর নজির আহমেদ বকশি।