

নিউজিল্যান্ডের বিপক্ষে একটা হাফ সেঞ্চুরি আর বাকি ম্যাচগুলোতে ত্রিশ-চল্লিশের কাছাকাছি কয়েকটি ইনিংস। রানের হিসাবে খুব বেশি কিছু নয়। কিন্তু বিশ্বকাপের ওই ছয়টি ম্যাচেই সৌম্য সরকার শুনিয়েছিলেন আগমনী বার্তা। জানান দিয়েছিলেন, তিনি আসছেন ব্যাট হাতে মুগ্ধতা ছড়াতে।
সেই আসাটা যে এত জলদি হবে, সেটা বোধ হয় খুব বেশি মানুষ ভাবেনি। শেরেবাংলা স্টেডিয়ামে গতকালের ম্যাচটা তাঁর ক্যারিয়ারের মাত্র দশম ওয়ানডে। তাতেই সৌম্যর ব্যাট থেকে আগুনের ফুলকি ছুটল, আর সেই আগুনে পুড়ল পাকিস্তান। বাংলাদেশকে জিতিয়ে যখন মাঠ ছাড়ছেন, তাঁর নামের পাশে অপরাজিত ১২৭ রান। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি সৌম্যকে এনে দিল ম্যাচ সেরার পুরস্কারও।
খুব বেশি রান পাননি সিরিজের প্রথম দুটি ম্যাচেও। তবে দুটি ম্যাচেই দল জেতায় সেটা নিয়ে একেবারেই চাপে ছিলেন না। দলের সবার কাছ থেকে স্বভাবজাত খেলাটা খেলে যাওয়ার সাহস পেয়েছেন। সেই সাহসই অনুপ্রেরণা হয়ে কাজ করেছে গতকালের সেঞ্চুরির পেছনে। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে বললেন, ‘আগের দুটি ম্যাচে খুব বড় ইনিংস খেলতে না পারার পর দলের বড় ভাইদের সঙ্গে কথা বলেছি। তাঁরাও এটা নিয়ে না ভাবতে বলেছেন। আমার স্বাভাবিক খেলাটা খেলতে বলেছেন। বিশেষ করে অধিনায়ক মাশরাফি ভাই। আমিও আজ সেটাই করেছি। আমি প্রথম স্কোরবোর্ডের দিকে দেখেছি যখন আমার রান ১৮। তখন মনে হয়েছে, ১৮ হয়ে গেছে, দেখি আর কত বড় করা যায়।’
সেই ১৮ একসময় ৫০ পেরিয়েছে, ১০০ পেরিয়েছে—সৌম্য থামেননি। দুর্দান্ত এই ইনিংসটার পেছনে অবশ্য বিশ্বকাপের অভিজ্ঞতাটার একটা বড় ভূমিকা আছে বলেও জানালেন, ‘রান যা-ই করেছি, বিশ্বকাপের মতো জায়গায় ছয়টা ম্যাচ খেলা আমার জন্য খুব বড় অভিজ্ঞতা ছিল। আমি সেখান থেকে অনেক কিছু শিখেছি।’
৯৫ রানের মাথায় যেভাবে আজহার আলীকে ছক্কা মেরে সেঞ্চুরি করেছেন, তাতে মনেই হয়নি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ রকম নির্ভার থাকার কী রহস্য? সৌম্যর জবাব, ‘৫০ করতে হবে, ১০০ করতে হবে, এটা ভেবে আমি খেলি না। আমি সব সময় নিজের খেলাটা উপভোগ করতে চাই। ওই সময় যে আমার রান ৯৫ কিংবা ৯৬ ছিল, ওটা আসলে আমি খেয়াল করিনি। মানে খেয়াল করলেও মারতে গেলে আউট হয়ে যাব, এভাবে ভাবিনি।’
আর ভাবেননি বলেই উদ্যাপনটা হলো অন্য রকম, ‘আমি আসলে ওভাবে কখনো উদ্যাপন করি না। আর ওই বলটা যে ছয় হচ্ছে, এটা নিশ্চিত ছিলাম না। কিন্তু যখন দেখলাম ছক্কা হয়েছে, তখন হয়তো স্বাভাবিকভাবেই কিছুটা উচ্ছ্বাস চলে এসেছে। এর বেশি কিছু নয়।’
আগের দুটি ম্যাচে তামিম আর মুশফিকের ছায়ায় ঢাকা পড়েছিলেন। কাল দুজনকে ছাপিয়ে তিনিই ম্যাচের নায়ক। তবে সৌম্য কিন্তু ইনিংসটার জন্য ধন্যবাদ দিলেন তামিমকেও, ‘আমাকে তামিম ভাই বলেছিলেন, ইনিংস বড় কর। বড় করলে ভালো লাগবে। আর খেলা শেষ করে আসবি। দেখবি শেষ করে আসতে পারলে মজাটা অন্য রকম।’
সেই মজাটা কী রকম? ‘এই যে এখন আপনাদের সামনে বসে কথা বলছি’—বলে হাসলেন সৌম্য।
স্কোরকার্ড
টস: পাকিস্তান
পাকিস্তান রান বল ৪ ৬
আজহার ব সাকিব ১০১ ১১২ ১০ ০
আসলাম ক মুশফিক ব নাসির ৪৫ ৫০ ৭ ০
হাফিজ ব আরাফাত ৪ ১৫ ০ ০
হারিস ক মুশফিক ব মাশরাফি ৫২ ৫৮ ১ ২
রিজওয়ান ক ও ব সাকিব ৪ ৬ ০ ০
ফাওয়াদ ক নাসির ব মাশরাফি ৪ ৯ ০ ০
নাসিম ক তাসকিন ব রুবেল ২২ ২৪ ৩ ০
ওয়াহাব ক মাশরাফি ব রুবেল ৭ ৮ ১ ০
গুল রানআউট ০ ২ ০ ০
বাবর অপরাজিত ১ ৪ ০ ০
জুনাইদ ব আরাফাত ৪ ৬ ০ ০
অতিরিক্ত (লেবা ১, ও ৫) ৬
মোট (৪৯ ওভারে অলআউট) ২৫০
উইকেট পতন: ১-৯১ (আসলাম, ১৭.৬ ওভার), ২-১০৫ (হাফিজ, ২১.২), ৩-২০৩ (আজহার, ৩৮.৪), ৪-২০৭ (হারিস, ৩৯.২), ৫-২১৩ (রিজওয়ান, ৪০.৫), ৬-২২৪ (ফাওয়াদ, ৪৩.১), ৭-২৪৩ (ওয়াহাব, ৪৫.৬), ৮-২৪৪ (গুল, ৪৬.৪), ৯-২৪৫ (নাসিম, ৪৭.৩), ১০-২৫০ (জুনাইদ, ৪৮.৬)।
বোলিং: মাশরাফি ১০-০-৪৪-২ (ও ২), তাসকিন ২-০-২২-০ (ও ২), নাসির ৭-০-৩৭-১, রুবেল
৬-০-৪৩-২ (ও ১), আরাফাত ১০-০-৪৩-২, সাকিব ১০-০-৩৪-২, সাব্বির ২-০-১৭-০, মাহমুদউল্লাহ ২-০-৯-০।
বাংলাদেশ
তামিম এলবিডব্লু ব জুনাইদ ৬৪ ৭৬ ৮ ১
সৌম্য অপরাজিত ১২৭ ১১০ ১৩ ৬
মাহমুদউল্লাহ ব জুনাইদ ৪ ১০ ১ ০
মুশফিক অপরাজিত ৪৯ ৪৩ ৬ ০
অতিরিক্ত (বা ১, ও ৪, নো ২) ৭
মোট (৩৯.৩ ওভারে, ২ উইকেটে) ২৫১
উইকেট পতন: ১-১৪৫ (তামিম, ২৫.৩), ২-১৫৪ (মাহমুদউল্লাহ, ২৭.৫)।
বোলিং: হাফিজ ৮-১-৩৭-০, গুল ৭-০-৫৩-০ (ও ৩), ওয়াহাব ৬-০-৩০-০ (ও ১), জুনাইদ ৭.৩-০-৬৭-২ (নো ২), বাবর ১০-০-৫৬-০, আজহার ১-০-৭-০।
ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সৌম্য সরকার।
ম্যান অব দ্য সিরিজ: তামিম ইকবাল।
সিরিজের ফল: ৩ ম্যাচ সিরিেজ বাংলাদেশ ৩-০ তে জয়ী।