সৌম্যও উত্তরটা খুঁজছেন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই সৌম্যকে কবে ফিরে পাবে বাংলাদেশ? ফাইল ছবি
এই সৌম্যকে কবে ফিরে পাবে বাংলাদেশ? ফাইল ছবি

সৌম্য সরকারের কি প্রার্থনা করার অভ্যাস আছে? যদি তা থেকে থাকে, তাহলে হয়তো বিপিএলজুড়েই তিনি প্রার্থনা করে গেছেন—‘রান এসো, রান এসো।’

সৌম্যর প্রার্থনা যে মোটেই কাজে লাগেনি, তা বিপিএলের পরিসংখ্যানে তাকালেই স্পষ্ট। আন্তর্জাতিক আর ঘরোয়া ক্রিকেট অনেক দিন ধরে তাঁর যে রানখরা চলছে, তা থেকে বিপিএলের শেষ ম্যাচেও বের হতে পারেননি সৌম্য।
মিরপুর স্টেডিয়ামে কাল নিজেদের শেষ ম্যাচ খেলে ফেলল রংপুর রাইডার্স। কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে ৮ রানে হেরে শেষ হয়েছে তাদের বিপিএল-অভিযান। সৌম্য টুর্নামেন্টটি শেষ করলেন ব্যর্থতার বৃত্তে থেকেই, করেছেন ৫ রান। অথচ এবারের বিপিএল সৌম্যের জন্য ছিল নিজেকে ফিরে পাওয়ার মিশন।
২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব সৌম্যর। পরের বছরটা ওয়ানডে ক্রিকেটে স্বপ্নের মতো কাটান তিনি। এ বছর ১৫টি ওয়ানডে খেলে চারটি ফিফটি আর একটি অপরাজিত সেঞ্চুরিসহ ৫১.৬৯ গড়ে ৬৭২ রান। এই পারফরম্যান্সে ছিল বাংলাদেশের ক্রিকেটে ভবিষ্যৎ এক তারকার আগমনীর ঘোষণা। চলতি বছরের প্রথমভাগে টি-টোয়েন্টিতে ভালোই খেলেন সৌম্য। জানুয়ারিতে জিম্বাবুয়ে আর মার্চে পাকিস্তানের বিপক্ষে দুটি চল্লিশোর্ধ্ব ইনিংস আছে।
কিন্তু সৌম্যকে যখন দলের সবচেয়ে বেশি দরকার ছিল, ঠিক সেই সময় থেকেই ম্লান হতে শুরু করেন। গত মার্চে ভারতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ফর্ম পড়তির দিকে। সুপার টেনের ৭ ম্যাচে ৭৫ রান করেছেন। এই যে শুরু, আর ঘুরে দাঁড়াতে পারেননি।
ফর্মের কারণে শেষ পর্যন্ত বাংলাদেশ দলে জায়গাই হারাতে হয়েছে বাঁহাতি এই ব্যাটসম্যানকে। গত সেপ্টেম্বর-অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তিন ম্যাচে স্কোর ছিল ০, ২০, ১১। এরপর ইংল্যান্ডের বিপক্ষে স্কোয়াডে থাকলেও ওয়ানডে বা টেস্ট সিরিজের কোনো ম্যাচে খেলা হয়নি। এরপর থেকে বাংলাদেশের ক্রিকেট মহলে ঘুরে ফিরছে একটি প্রশ্ন—কবে রানে ফিরবেন সৌম্য?
নিজেকে ফিরে পাওয়ার মিশন বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে রংপুরের হয়ে কুমিল্লার বিপক্ষে ২৩ রান করেন সৌম্য। ইনিংসটি ২৫ বলের হলেও সেটিতে ছিল আত্মবিশ্বাসের ছোঁয়া। দারুণ দুটি ছয় আর একটি চার মেরে যেন আসল সৌম্যকে মনে করিয়ে দিয়েছিলেন। পরের ম্যাচগুলোতে সেই রূপটা ধরে রাখতে পারেননি। টুর্নামেন্ট শেষে তাই ১২ ম্যাচে তার রান ১২.২৭ গড়ে মাত্র ১৩৫, সর্বোচ্চ রান ২৬। ‘আইকন’ খেলোয়াড়ের পারফরম্যান্স নয় মোটেও।
সৌম্যকে ফিরে পাওয়া বাংলাদেশ দলের জন্যই জরুরি। সামনে নিউজিল্যান্ড সফর। শুরুটা হবে ওয়ানডে দিয়ে। প্রাথমিক দলে থাকলেও সৌম্য শেষ পর্যন্ত চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারবেন কি না, সেই উত্তরও দ্রুত মিলবে। তবে যে উত্তরটা মিলছে না, কেন পারছেন না সৌম্য। বাজে সময় সব খেলোয়াড়েরই আসে। কিন্তু কেন সেটা এত দীর্ঘ হচ্ছে তাঁর বেলায়। সৌম্য নিজেও হয়তো এর উত্তর খুঁজছেন। চেষ্টার তো কোনো কমতি করছেন না। কবে ফিরবে সুসময়?
সৌম্যকে নিয়ে প্রশ্ন গতকালও ছুটে গেল মাশরাফি বিন মুর্তজার দিকে। কাল তো সৌম্য খেললেন তাঁর দলের বিপক্ষে। মাশরাফি কাছ থেকেই দেখেছেন সৌম্যের ব্যাটিং। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেছেন, ‘হয়তো বড় রান করতে পারেনি। আজও (কাল) শুরুটা ভালো করেছিল। অনেকক্ষণ উইকেটে ছিল। আমার কাছে মনে হচ্ছিল বল ভালো বুঝতে পারছিল। কিন্তু আউট হয়ে গেছে।’
রংপুরের কোচ জাভেদ ওমরও মনে করেন, সৌম্য এক–দুটি ভালো ইনিংস দূরত্বে আছেন ছন্দে ফেরার। যতক্ষণ উইকেটে থাকেন আলোই ছড়িয়ে যান। কিন্তু আউট হওয়ার বলটাই চোখে বেঁধে। আর টি–টোয়েন্টি খেলাটাই এমন, এখানে সময় নিয়ে সেট হওয়ারও উপায় নেই। প্রতিটা বলেই রান তোলার তাড়া থাকে।
জাভেদের বলছেন, যেকোনো সময়েই নিজের আসল রূপে ফিরতে পারেন​ সৌম্য, ‘ও যেভাবে ব্যাটিং করেছে, শুধু আজকে (গতকাল) না, আমি কাছে থেকে দেখেছি ২৩ বা ২৬, আরেকটা ২৩ রানের ইনিংস ছিল। ওর ব্যাটিংটা এত মসৃণ যে মনে হয়, এই বুঝি হবে। এই সংস্করণটা এমন যে আপনার নিজেকে ঝালাই করার সুযোগ অনেক কম আসে। এটা যদি ৫০ ওভারের ম্যাচ হতো আমার মনে হয় ও ফিরতে পারত।’