সৌম্যকে ফিরে পাওয়ার তৃপ্তি আছে, অতৃপ্তিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌম্য এবার অতটা হতাশা নিয়ে ফেরেননি। ফাইল ছবি
সৌম্য এবার অতটা হতাশা নিয়ে ফেরেননি। ফাইল ছবি

১৯৬ তাড়া করতে গিয়ে হার ৪৭ রানে। বাংলাদেশ জঘন্যভাবেই হেরেছে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিও। কিন্তু অবস্থা এতটা বাজে না-ও তো হতে পারত। সৌম্য সরকার ও সাব্বির রহমানের ব্যাটে একটা সময় জয়ের আশা খুব ভালোভাবেই দেখছিল বাংলাদেশ। ৩৬ রানেই ৩ উইকেট পড়ে যাওয়ার পর দুজনে ৬৮ রানের জুটি গড়েছিলেন মাত্র ৩৯ বলে। প্রাপ্তি? এই ম্যাচে সম্ভবত শুধু এই জুটিটাই।

বাংলাদেশ আরেকটি প্রাপ্তিও খুঁজে নিচ্ছে, সৌম্যর রানে ফেরা।

আন্তর্জাতিক কি ঘরোয়া—যেকোনো ক্রিকেটেই অনেক অনেক দিন ধরে ব্যর্থ সৌম্য। এই সিরিজের শুরু থেকে তাই দলে তাঁর জায়গা নিয়ে প্রশ্নও ছিল। পাশাপাশি অবশ্য এই আশাটাও ছিল, সৌম্য পেস ভালো খেলেন। নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার কন্ডিশনে ২০১৫ বিশ্বকাপে ভালোও খেলেছিলেন। এবার হয়তো ফিরবেন। কোথায় কী! তিন ওয়ানডের পর প্রথম টি-টোয়েন্টিতে সেই গত এক বছরের সৌম্যই। রান খরায় ভোগা, শুরু করলেও মাত্র ১৫-২০ রানের মধ্যে আউট হয়ে যাওয়া।

কিন্তু আজ শুরু থেকেই দুর্দান্ত খেলছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। রান খুব বেশি করেননি, মাত্র ৩৯। তবে ২৬ বলে ৩ চার ও ২ ছক্কার ইনিংসটাতে কিছুটা ঝলক তো ছিলই। ম্যাচশেষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও বললেন সেটি, ‘সৌম্যর ব্যাটিং অবশ্যই এই ম্যাচে পজিটিভ একটা দিক। অনেক দিন ও রান পায়নি। আমার বিশ্বাস ওর নিজের কাছেও অনেক ভালো লাগছে।’

তবে একটা অতৃপ্তিও আছে মাশরাফির, ‘এমন সুযোগ তো আর প্রতিদিন পাওয়া যায় না। হয়তো বা আরেকটু বড় ইনিংস খেললে ও একাই ম্যাচটা জিতিয়ে আসতে পারত। যেহেতু ও পেস বলে খুব ভালো হিট করে। ম্যাচ না জেতালেও অন্তত আরও কিছুক্ষণ ব্যাট করতে পারলে, ওর নিজের কাছেও নিশ্চয়ই আর ভালো লাগত। পরের ম্যাচ থেকে তাহলে হয়তো আরও বেশি অবদানও রাখতে পারত। তবে নিজের জন্য ভালো কিছু করছে, অনেক দিন পর মনে হয়েছে ও নিজেকে ফিরে পেয়েছে।’

১৯৬ রানের লক্ষ্যটা তাড়া করা অনেক কঠিন। সৌম্য-সাব্বিরের জুটির সময়টা ছাড়া আর কখনো মনেও হয়নি বাংলাদেশ তা করতে পারবে। তা ইনিংস শুরু করার আগে বাংলাদেশ কি আসলেই আশা করেছিল জয়ের? নাকি ১৯৫-এর ভয়টাই শেষ দিকে ব্যাটসম্যানদের ব্যাটে ফুটে উঠেছে? মাশরাফি অবশ্য বলছেন উল্টোটা।

প্রশ্নটাও এখানেই। একটা জুটি ভেঙে যাওয়ার পর দলের ব্যাটিং এমন হুড়মুড়িয়ে পড়ে কেন? ওয়ানডেতেও এমন হয়েছে, এখন টি-টোয়েন্টিতেও। মাশরাফিও গত ম্যাচের পর বলছিলেন, এখনো দলের সবাই মিলে পারফর্ম করতে পারছে না। আজ ম্যাচের পরও বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে ছিল পুরোনো হতাশা, ‘এখনো একটা টিম হিসেবে খেলতে পারিনি। প্রতি ম্যাচে দেখেন, এক দুজন হয়তো ভালো খেলছে। কিন্তু টিম হিসেবে এখনো খেলতে পারিনি।’

প্রত্যয়, নাকি আরও একবার আশার বিপরীতে আশা মাশরাফির? শেষ টি-টোয়েন্টিতে অন্তত দেখা দেবে ‘টিম বাংলাদেশ’?