সৌম্যর প্রথম শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌম্য সরকার। ছবি : শামসুল হক
সৌম্য সরকার। ছবি : শামসুল হক

ওয়ানডে ক্রিকেটে সৌম্য সরকারের সর্বশেষ দুটি ইনিংস ছিল ইতিহাস সৃষ্টির। গত বছর জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁর অপরাজিত ৮৮ আর ৯০ রান দেশকে এনে দিয়েছিল প্রোটিয়াদের বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের গৌরব। এরপর কেটে গেছে দীর্ঘ দিবস-রজনী। এক বছরেরও বেশি সময় পর ওয়ানডে ক্রিকেটে সৌম্য ফিরলেন দুঃস্বপ্নকে সঙ্গী করে।

আফগানিস্তানের বিপক্ষে আউট হলেন শূন্য রানে। ১৭ ম্যাচের ছোট্ট ওয়ানডে ক্যারিয়ারে এটি তাঁর প্রথম শূন্য।

দক্ষিণ আফ্রিকা সিরিজের পর গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। সৌম্য তাতে ছিলেন না পাঁজরের চোটে। এরপর জিম্বাবুয়ের বিপক্ষেই টি-টোয়েন্টি সিরিজে ফিরলেন বটে, কিন্তু সেই সৌম্যকে আর পাওয়া গেল কোথায়?

মার্চে দেশের মাটিতে এশিয়া কাপ ক্রিকেট, এরপর ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সৌম্য হারিয়ে খুঁজলেন নিজেকে। টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বশেষ সাতটি ইনিংসে ৩০০–ও ছুঁতে পারলেন না একবারও। এশিয়া কাপে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে ৪৮ রানের ইনিংসটিই তাঁর শেষ বলা মতো স্কোর। ওয়ানডে ক্রিকেটে তাঁকে আবার আগের মতো করে পাওয়ার প্রত্যাশাটা ছিল। কিন্তু তিনি সেই প্রত্যাশা পূরণ করতে পারলেন কই!

ঢাকা প্রিমিয়ার লিগেও লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে হাসেনি তাঁর ব্যাট। টানা ব্যর্থতাই সঙ্গী ছিল ওয়ানডে ক্রিকেটের ঘরোয়া এই আসরে। আফগানিস্তানকে পেয়েও নিজেকে ফেরাতে পারলেন না! আরও একটি ম্যাচে সৌম্য হয়ে থাকলেন ক্রিকেটপ্রেমীদের আক্ষেপ।

আজকের আউটের ধরনটাও চোখে বিঁধছে। পুল করতে গিয়ে টাইমিংটাই মেলাতে পারলেন না পেরিস্কোপের আবিষ্কারক।

নিজের সেরা সুখস্মৃতির বৃত্তে ফিরেও তাই হতাশা নিয়ে ফিরতে হলো এই বাঁহাতিকে। ওয়ানডের আগের দুই ইনিংসের মাঝখানে ১৪ মাসের দূরত্বটাকে তাই মনে হচ্ছে কত আগের! ওয়ানডেতে ৫০-এর কাছাকাছি গড়টা তাই এক ইনিংসে নেমে গেল ৪৬.১৩-এ।
সৌম্য দ্রুত ফিরুন ‘রুদ্র’ হয়ে!