সৌম্যর মন খারাপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনু​শীলনে সৌম্য। ফাইল ছবি
অনু​শীলনে সৌম্য। ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেই গিয়েছিলেন নিজ শহর সাতক্ষীরায়। এ কারণে গতকাল অনুশীলনে ছিলেন না সৌম্য সরকার। আজ বাংলাদেশ দলের অনুশীলন শুরু’ হওয়ার অনেক আগেই চলে এলেন। জিমে খানিকক্ষণ ঘাম ঝরালেন।

শুভেচ্ছা বিনিময়ের উত্তরে ম্লান হাসলেন। এক চিলতে শিশুর মতো সরল হাসি লেগে থাকে তাঁর মুখে। সেই সৌম্যের মুখটা কেন এমন আঁধার! পরিসংখ্যান-রেকর্ড তো তাঁর পক্ষেই। বিশ্বকাপে আলো ছড়িয়েছেন। পারফরম্যান্সের ধারাবাহিকতা ছিল ঘরের মাঠে গত তিনটি ওয়ানডে সিরিজেও। ওয়ানডেতে এ বছর রান সংগ্রহের দিক দিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে তিনিই এগিয়ে। ১৫ ম্যাচে ৫১.৬৯ গড়ে ৬৭২ রান, এক সেঞ্চুরি ও ৪টি ফিফটি। দুইয়ে থাকা মুশফিকুর রহিমের ৫০.৯১ গড়ে ৬১১ রান। এর পর আছেন তামিম ইকবাল, ৬১০। দেশের সবচেয়ে অভিজ্ঞ আর সেরা দুই ব্যাটসম্যানের চেয়েও বেশি রান তাঁর ব্যাটে।

শুধু রান করাই নয়, ওপেন করতে নেমে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন বেশ কবার। পাকিস্তান সিরিজের শেষ ওয়ানডেতে খেলেছেন অপরাজিত ১২৭ রানের দ্যুতিময় এক ইনিংস। ওটাই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ৮৮। পরের ম্যাচে ৯০।

আন্তর্জাতিক ক্রিকেটে এমন আবির্ভাবে সৌম্যের মুখে চওড়া হাসির থাকারই কথা। সেখানে কী এক অদ্ভুত বিষণ্নতা জেঁকে বসেছে বাঁ হাতি ওপেনারের মুখজুড়ে! কারণ নিশ্চয় আছে। জাতীয় দলের হয়ে স্বপ্নের মতো সময় কাটানো সৌম্যের গত দুটো মাস খুব খারাপই গেছে। ‘এ’ দলের ভারত ও দক্ষিণ আফ্রিকা সফর গেছে ভুলে যাওয়ার মতোই।

ভারত সফরে তিনটি একদিনের ম্যাচে রান মোটে ৩৪। দলও হেরেছে সিরিজ। দুটি তিন দিনের ম্যাচেও হাসেনি সৌম্যের ব্যাট। দুই ম্যাচে করেছেন ৬২। এর মধ্যে দুই ইনিংসে ফিরেছেন শূন্য রানে। দুঃস্বপ্ন প্রহর বিস্তৃত হয়েছে দক্ষিণ আফ্রিকা সফরেও। তিনটি একদিনের ম্যাচে রান ৪৯! একটি তিন দিনের ম্যাচে দুই ইনিংসে করেছেন ৫০।


দক্ষিণ আফ্রিকা সফরের আগে খুলনার হয়ে খেলেছিলেন জাতীয় লিগের একটি ম্যাচে। ঢাকা মহানগরের বিপক্ষে সে ম্যাচে রান মাত্র ১৪। জুলাই-আগস্টে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর সৌম্য খেলেছেন ১০ ম্যাচ। তিন অঙ্ক তো দূর থাক, ফিফটি নেই একটিতেও।

বাংলাদেশ দলের হয়ে দারুণ পারফরম্যান্সে যিনি তাক লাগিয়ে দিয়েছেন, তাঁর ব্যাটিংয়ে এমন রান খরা-মন খারাপের মতো বিষয় বটে। তবে সৌম্যের জন্য অনুপ্রেরণা হতে সাকিব আল হাসানের মন্তব্য। সাকিব বলেছেন, ঘরোয়া ক্রিকেট কিংবা আন্তর্জাতিক নয় ​এমন ম্যাচে রান নিয়ে এত চিন্তার কী আছে? সব রান তো সৌম্য জমা করে রেখেছেন জাতীয় দলের জন্য!

সাকিবের মন্তব্যটা যে তাঁর ভাবনায় কাজ করছে, মুখের অভিব্যক্তিতেই স্পষ্ট। গত দুই মাসের সব ভুলে সৌম্যের চোখ এখন জিম্বাবুয়ে সিরিজেই। তবে এখন কিছুই বলতে চান না। পায়ে সিরিজ চলাকালীন শৃঙ্খলা নামের শিকল তো আছেই, তার চেয়ে গুরুত্বপূর্ণ, সৌম্য সব বলবেন আবারও ছন্দে ফিরেই। ব্যাটে কথা বলতে জানলে মুখে বলার দরকারটাই বা কী!