সৌম্যর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নেই এনামুলের

নেলসনের স্কটল্যান্ড ম্যাচটাকে কোনো দিনই ভুলতে পারবেন না এনামুল হক। সেই ম্যাচেই যে বেকায়দার এক চোট জাতীয় দলের নিশ্চিত জায়গাটা কেড়ে নিয়েছে তাঁর!
ওই চোট কাটিয়ে হয়তো বা দলে ফিরতে পারতেন এই মারকুটে ওপেনার। কিন্তু সৌম্য সরকার নামের এক প্রতিভার আবির্ভাব তাঁকে বানিয়ে দিয়েছে অনেকটাই ব্রাত্য। ব্যাপারটাকে কীভাবে দেখেন এনামুল? প্রথম আলোর সঙ্গে এক আলাপচারিতায় অবশ্য জানিয়েছেন, পুরো বিষয়টিকেই উত্থান-পতনময় জীবনের একটি ক্ষুদ্র অংশই মনে করেন।
সৌম্য তাঁর খুব ভালো বন্ধু। বিকেএসপিতে দীর্ঘ নয়টি বছর এঁরা দুজন ছিলেন আনন্দ-বেদনার সঙ্গী। আবাসিক এই শিক্ষালয়ের কক্ষ ভাগভাগিটাও করেছেন দুই বন্ধু মিলে। কিন্তু কোনো দিন কি ভেবেছিলেন প্রিয় বন্ধুই এক দিন হয়ে উঠবে তাঁর পেশাগত জীবনের প্রতিদ্বন্দ্বী! এনামুল অবশ্য কখনোই বিষয়টাকে এভাবে দেখেন না। প্রিয় বন্ধুর সাফল্যটা বরং তিনি উপভোগই করেন। তবে মনের মধ্যে সেই প্রতিজ্ঞাটা কিন্তু চেপে রেখেছেন ঠিকই, নিজেকে প্রমাণ করেই শিগগিরই তিনি ফিরবেন জাতীয় দলে।
খুব তাড়াতাড়িই মুদ্রার এপিঠ-ওপিঠ দুপিঠই দেখে ফেললেন এনামুল। ব্যাপারটাকে খুব স্বাভাবিকই মনে করেন তিনি, ‘খুব অল্প সময়ের মধ্যে জীবন সম্পর্কে ভালো একটা ধারণা তৈরি হয়েছে আমার। সব পেশাতেই উত্থান-পতন থাকে। কখনো কারও সময় খুব ভালো যায়, কখনো খারাপ। নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে চোট আমার জাতীয় দলের জায়গাটা কেড়ে নিয়েছে ঠিকই কিন্তু খারাপ সময় যে এনেছে সেটা বলব না। আমি বরং এই সময়টায় অনেক কিছু শিখছি। আমার মধ্যে তৈরি হয়েছে আরও ভালো করার অনুপ্রেরণা। ভালো ক্রিকেট খেলতে আমি বরং আগের চেয়ে অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ।
সৌম্যর সঙ্গে যে তাঁর কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই সেটা জানিয়েছেন সোজা-সাপটাই, ‘সৌম্য তো আমার খুব ভালো বন্ধু। ওর সাফল্য আমি উপভোগই করি। বিশ্বাস করুন, কখনোই ওর সঙ্গে কোনো প্রকার প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হওয়ার ভাবনা আমার মধ্যে আসে না। আমি চাই সৌম্য আরও ভালো খেলুক। ওর সাফল্যকে আমি আমার নিজের সাফল্য হিসেবেই দেখি।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেটাতে বাংলাদেশ যখন বিজয়ের দ্বারপ্রান্তে। ঠিক তখনই মাঠে ড্রেসিং রুমের বার্তা পৌঁছে দিতে ঢুকেছিলেন এনামুল। বন্ধু সৌম্যও তখন তাঁর দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরির খুব কাছে দাঁড়িয়ে। কিন্তু বন্ধু সেঞ্চুরি থেকে ১০ রান দূরেই আউট হয়ে যাওয়াতে বেশ কষ্ট পেয়েছিলেন তিনি, ‘আমি রীতিমতো দোয়া করছিলাম, যেন সৌম্য সেঞ্চুরিটা পায়। আগের ম্যাচেও সে সেঞ্চুরির কাছাকাছি গিয়েছিল। ওই ম্যাচেও ৯০ রানে ফেরাতে আমি বেশ কষ্ট পেয়েছি। মনে হচ্ছিল যেন আমি নিজে একটা সেঞ্চুরি মিস করলাম।’
এনামুলের ক্যারিয়ারের সবচেয়ে বড় দুঃখ হয়ে আছে টেস্ট ক্রিকেট। চারটি টেস্ট খেলে আটটি ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েও তিনি নিজেকে মেলে ধরতে পারেননি। ব্যাপারটা যথেষ্ট পোড়ায় এনামুলকে, ‘টেস্টে আমি ব্যর্থ হয়েছি। অথচ, আমার প্রথম শ্রেণির রেকর্ড কিন্তু বড় ফরম্যাটে আমার প্রতি এক ধরনের প্রত্যাশাই তৈরি করেছিল। আমি সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছি। আমি সব সময়ই বড় ফরম্যাটের ক্রিকেট খেলতে পছন্দ করি। দীর্ঘ সময় ধরে ব্যাট করতে চাই। টেস্টের ব্যর্থতা তাই আমাকে যথেষ্ট পোড়ায়।’
প্রথম শ্রেণির ক্রিকেটে যেখানে তাঁর ব্যাটিং গড় ৪০.৩৪, সেখানে টেস্টের ৯.১২ গড়টা একেবারেই তাঁর সঙ্গে যায় না। ওয়ানডেতে তিনি সফল, টি-টোয়েন্টিতে দুর্দান্ত। কিন্তু টেস্টের ব্যর্থতা তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে এসেছে। এনামুল অবশ্য এই মুহূর্তে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি নিজেকে গড়ে তুলছেন দীর্ঘ পরিসরের উপযোগী করেই। তিনি যে নিজেকে টেস্টের জন্য তৈরি করছেন, তাঁর সবচেয়ে বড় প্রমাণ সাম্প্রতিক সময়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ব্যাটিং পারফরম্যান্সই। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দক্ষিণাঞ্চলের হয়ে তাঁর আছে ৭০,৮৩, ৯৪ আর ১১১ রানের চারটি দুর্দান্ত ইনিংস।
জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না হয়তো বলেই নিজেকে নিয়ে অনেক বেশি করেই ভাবতে পারছেন এনামুল। বলেছেন, এটা আমার জন্য একটা বড় সুযোগ। আমি হাই পারফরম্যান্স ইউনিটে সকাল-সন্ধ্যা নিজের ব্যাটিং নিয়ে কাজ করছি। ফিটনেস ট্রেনিং করছি। আগের চেয়ে অনেক বেশি পরিশ্রম করছি। পরিশ্রম ছাড়া কিছুই হয় না, এটা আমি বিশ্বাস করি। আমি পরিশ্রম করে যাব, জাতীয় দলে ফেরা, না ফেরার ব্যাপারটা পরের।’
আমরাও চাই এনামুল ফিরুন। তাঁর মতো ক্রিকেটারদের যে হারিয়ে গেলে চলে না!