সৌম্যের চাওয়া 'ভালো কিছু'

সেঞ্চুরিয়নের আইরিন মাঠে ঘাম ঝরাচ্ছেন সৌম্য-সাব্বিররা। বাংলাদেশ ‘এ’ দলের কোচ হিথ স্ট্রিক ও দলের ম্যানেজার হাবিবুল বাশারের সূক্ষ্ম নজর সেদিকে। আগামীকাল এক দিনের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা সফর। অবশ্য প্রতিপক্ষ একটু অচেনাই—আইরিন ভিলেজার্স ক্লাব। প্রিটোরিয়ার এই ক্লাবের বিপক্ষে নামার আগে ‘এ’ দলের সহ-অধিনায়ক সৌম্য সরকারের চোখে ভালো কিছু করার প্রত্যয়।
এই সফরে আইরিন ভিলেজার্সের বিপক্ষে ‘এ’ দল খেলবে দুটি ওয়ানডে ও একটি তিন দিনের ম্যাচ। আজ ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি বোলিং, ব্যাটিং, রানিং বিটুইন দ্য উইকেট—নানাভাবেই ঝালিয়ে নিয়েছেন ‘এ’ দলের খেলোয়াড়েরা। সৌম্য জানালেন, অনুশীলন উইকেটে প্রচুর ঘাস রয়েছে। এ ধরনের উইকেটে অনুশীলনে কাজে দেবে ব্যাটসম্যান-বোলার উভয়কেই।
সৌম্য বললেন, ‘যে উইকেটে অনুশীলন করছি তাতে ঘাস আছে। অনুশীলনের জন্য এটি আমাদের কাজে দেবে, বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য। এভাবে অনুশীলন করতে পারলে ম্যাচেও আশা করি ভালো করতে পারব। বোলারদের জন্যও ভালো হবে। তারা যদি জায়গা মতো বোলিং করতে পারে, ভালো করতে পারবে। আসলে এ ম্যাচ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।’
দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দল গেছে মূলত জিম্বাবুয়ে সফরের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে। ৩০ অক্টোবর দক্ষিণ আফ্রিকা থেকে তারা চলে যাবে জিম্বাবুয়ে। সেখানে তিনটি এক দিনের ও দুটি চার দিনের ম্যাচ খেলবে ‘এ’ দল।