সৌম্য-মুমিনুলদের বিসিএল সুযোগ
ফতুল্লায় বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের শেষ দিন। ওয়ালটন মধ্যাঞ্চলের কোচ মিজানুর রহমানকে একটু চিন্তিত দেখাল। বিসিএলের চতুর্থ রাউন্ডে তাঁর দলে খেলবেন কামরুল ইসলাম। জাতীয় দলের এই পেসারকে একাদশে জায়গা দিতে একজনকে বাদ দিতে হবে। মিজানের চিন্তা, মাত্রই ভারতে টেস্ট খেলে আসা কামরুল ক্লান্তির অজুহাত দিয়ে বেঁকে বসবেন না তো! প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন মধ্যাঞ্চল কোচকে আশ্বস্ত করলেন, ‘কামরুল অবশ্যই খেলবে।’
শুধু কামরুল নন, জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে আগামী পরশু থেকে শুরু বিসিএলের পরের রাউন্ডে খেলবেন ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, মুমিনুল হক, লিটন দাস, শফিউল ইসলাম ও শুভাশিস রায়। ভারত থেকে ফেরার পর দুই সপ্তাহের বিরতি দিয়ে বাংলাদেশ দল যাবে শ্রীলঙ্কায়। মুমিনুল-কামরুলরা ছুটি চাইতেই পারতেন। কিন্তু ছুটিতে না গিয়ে তাঁরা খেলছেন প্রথম শ্রেণির এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ঊরুতে চোট পান ইমরুল। দেশে ফিরে কয়েক দিনের পুনর্বাসন শেষে যান ভারত সফরে। ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে ফিল্ডিংয়ের সময় পুরোনো চোটে আবারও আঘাত। হায়দরাবাদ টেস্ট না খেলেই ফিরতে হয় দেশে। প্রায় দুই সপ্তাহের পুনর্বাসনপ্রক্রিয়া শেষে ইমরুল সেরে উঠেছেন অনেকটাই। নেটে ব্যাটিং শুরু করেছেন। বিসিএলে খেলে নিজের শারীরিক অবস্থা বুঝতে চান বাঁহাতি ওপেনার, ‘আমি ম্যাচের জন্য ফিট হওয়ার চেষ্টা করছি। নিজের পারফরম্যান্স ও ফিটনেস বোঝার জন্য বিসিএল ভীষণ কাজে দেবে।’
ভারত থেকে ফিরে সৌম্যের বিশ্রাম নেই। বিসিএল তো খেলবেনই। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের ছাত্র সৌম্যকে এর মধ্যে পরীক্ষার হলেও বসতে হবে। বিসিএলের পরপরই যেতে হবে শ্রীলঙ্কায়—ক্লান্তি জেঁকে বসবে না তো? বাঁহাতি ওপেনার হাসলেন, ‘আমার কাজই তো খেলা, ক্লান্তির কী আছে! কোচ বলেছেন, আমারও ইচ্ছে ছিল। দুটি মিলিয়েই বিসিএল খেলার সিদ্ধান্ত।’
নিউজিল্যান্ডে ভালোই বোলিং করেছেন। তবে ভারতের বিপক্ষে বোলিংটা ভালো হয়নি কামরুলের। বিসিএলে ভুলত্রুটিগুলো নিয়ে কাজ করতে চান ২৫ বছর বয়সী পেসার, ‘প্রধান কোচ ও বোলিং কোচ আমাকে কিছু কাজ দিয়েছেন। সেগুলো নিয়ে কাজ করব। ম্যাচের মধ্যে থাকলে ভুলগুলো কাটিয়ে ওঠা সহজ হয়।’
মুমিনুল হকের সঙ্গে যখন কথা হচ্ছিল, তিনি রওনা হয়েছেন টিম হোটেলে। বিসিএল, জাতীয় লিগ তাঁর কাছে বরাবরই বিশেষ গুরুত্ব বহন করে, ‘আমার আগে থেকেই চিন্তা ছিল বিসিএলে খেলার। প্রথম শ্রেণির ম্যাচ হাতছাড়া করতে ইচ্ছে করে না। মান যেমনই হোক, বিসিএল-এনসিএলে খেললে ১ শতাংশ হলেও শেখা যায়। আর অনেক দিন লম্বা ইনিংস খেলতে পারছি না। লক্ষ্য থাকবে এই ম্যাচে ভালো একটা ইনিংস খেলার।’
মুমিনুলের কাছে ঘরোয়া প্রথম শ্রেণির ম্যাচের আলাদা গুরুত্ব পেলেও ব্যতিক্রম উদাহরণও আছে। আন্তর্জাতিক ক্রিকেট নেই, চোটেও আক্রান্ত নন; তবুও প্রথম শ্রেণির ক্রিকেট এড়িয়ে যান অনেক তারকা খেলোয়াড়ই। বাংলাদেশ এমনিতেই পর্যাপ্ত টেস্ট খেলার সুযোগ পায় না। টেস্টের ভুলত্রুটিগুলো কাটিয়ে ওঠার সুযোগও তাই কম। কিন্তু সুযোগ যা মেলে সেটিরও কি পুরো সদ্ব্যবহার করা হয়?