সৌম্য-রুদ্রের যুগলবন্দী

জেপি ডুমিনি কিংবা ক্রিস মরিসকে যদি বলা হয়, সৌম্য নামের অর্থ ‘শান্ত’, শুনে দুজন হয়তো বিস্মিত হয়ে বলতে পারেন, ‘হাউ ফানি! এ ছেলের নাম শান্ত হয় কী করে!’ এ দুজনের বলে সবচেয়ে বেশি চড়াও হয়েছেন সৌম্য। ডুমিনি-মরিস বলতে পারেন, নামের সঙ্গে দেখছি কাজের কোনো মিল নেই। নাম সৌম্য, ব্যাটিংয়ে রুদ্র!
সৌম্য যখন রুদ্ররূপ ধারণ করেছেন, মাহমুদউল্লাহ ঠিক বিপরীতে। শান্ত-স্থির। সৌম্য যখন রুদ্র, তখন তিনিই যেন সৌম্য! আশ্চর্য সংযমে সঙ্গ দিয়ে চললেন অনুজকে। বাংলাদেশের বিশ্বকাপের নায়কের সময়োপযোগী এ ব্যাটিংয়ে প্রশংসা করতেই হবে। ওহ, মাহমুদউল্লাহ নামের অর্থ প্রশংসনীয়। নিজের নামকে এভাবেই সার্থক করে তুললেন তিনি।
প্রশংসার দাবিদার অবশ্য সৌম্য-মাহমুদউল্লাহ দুজনই। তৃতীয় উইকেটে সৌম্য-মাহমুদউল্লাহর যুগলবন্দীতে বাংলাদেশ অনায়াসে পৌঁছে গেল ১৬৩ রানের লক্ষ্যে।
তবে শুরুতেই পথ এতটা মসৃণ ছিল না। ২৪ রানের মধ্যে তামিম ইকবাল ও লিটন দাস ফিরে গেলে খানিকটা দুশ্চিন্তার ভাঁজ পড়ে বাংলাদেশ সমর্থকদের কপালে। তবে সে চিন্তা দূর করেছেন এই দুজন। দারুণ এক রেকর্ডও গড়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেকোনো জুটিতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রান। সৌম্য-মাহমুদউল্লাহ পেছনে ফেলেছেন ২০০৮ সালে করা দুই হাসান—রকিবুল-সাকিবের ১১৯ রানের জুটিকে।
অথচ এই একটা জুটির জন্য কী যে আক্ষেপ গত কিছু দিনে! অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা প্রতিদিন ব্যর্থতার ব্যাখ্যা দিতে গিয়ে বারবার বলেছেন, ‘আমাদের বড় জুটি হয়নি। জিততে হল একটা-দুইটা বড় জুটি হওয়া ভীষণ জরুরি।’ অধিনায়কের কথার যথার্থতা পাওয়া গেল আজ।
অবশ্য জুটি গড়ার ক্ষেত্রে দুই প্রান্তের ব্যাটসম্যানের দারুণ বোঝা পোড়া দরকার। একজন যদি চড়াও হন, অন্যজনকে থাকতে হবে শান্ত, অ্যাঙ্করের ভূমিকায়। ২২ গজে সৌম্য-মাহমুদউল্লাহ রসায়নটা ছিল তেমনই দুর্দান্ত। ১৪টি বাউন্ডারি হাঁকিয়ে ৫৮ রান তুলেছেন কেবল সীমানা পার করে। কিন্তু মাহমুদউল্লাহ মেরেছেন মাত্র ছয়টি চার।
জুটি গড়ার ক্ষেত্রে এমনিতেই সুনাম আছে মাহমুদউল্লাহর। অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে সেই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ৯৯ রানে ৪ উইকেট পড়ার পর মুশফিকুর রহিমের সঙ্গে পঞ্চম উইকেটে গড়েছিলেন বাংলাদেশের পক্ষে রেকর্ড ১৪১ রানের জুটি। পরের ম্যাচে হ্যামিল্টনে ২৭ রানে ২ উইকেট পড়ে গেলে সৌম্যের সঙ্গে তৃতীয় উইকেটে তুলেছিলেন ৯০ রান।
আজ দ্রুত তামিম-লিটন ফিরে গেলে সৌম্যকে দারুণভাবে সঙ্গ দিলেন মাহমুদউল্লাহ। সৌম্য যখন প্রোটিয়া বোলারদের বলে একের ওপর আক্রমণ চালাচ্ছেন, মাহমুদউল্লাহ তখন বেশির ভাগ সময় এক রান করে নিয়ে স্ট্রাইক ঘুরিয়েছেন। সৌম্য ফিফটি করেছেন ৪৪ বলে, ৯টি চারে। মাহমুদউল্লাহ সেখানে ৬৩ বলে, পাঁচটি চারে। জুটির রসায়নটা এভাবেই গড়তে হয়। এটাই তো জিগস পাজল মেলানোর আসল সূত্র।
আর একটি সার্থক জুটি কীভাবে দলকে এনে দেয় আরাধ্য জয়, সৌম্য-মাহমুদউল্লাহ আজ তার অনুপম নিদর্শন।