সৌরভের আসল 'দাদাগিরি'

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতির দায়িত্ব নিয়েছেন মাস তিনেক আগে। এরই মধ্যে একজন কঠোর প্রশাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সৌরভ গাঙ্গুলী সিএবির দায়িত্বে থাকতে অক্রিকেটীয় কিছু যে হকে দেবেন না, সেটা পরিষ্কার হয়ে গেল শুক্রবারই। এক সংবাদ সম্মেলন করে সৌরভ জানিয়ে দিলেন কলকাতার ইডেন গার্ডেনে কোনোভাবেই তিনি গুলাম আলীর ‘গজল-সন্ধ্যা’ আয়োজন করতে দেবেন না।
বেশ কিছু দিন ধরেই ব্যাপারটা নিয়ে জোর আলোচনা চলছে। উপমহাদেশের বিখ্যাত গজল গায়কের গজল-সন্ধ্যা ইডেন গার্ডেনেই হওয়ার ব্যাপারে পশ্চিম বঙ্গের রাজনৈতিক-মহল তো বটেই ক্রিকেট অঙ্গনের অনেকেরই নীরব সমর্থন আছে। কিন্তু সৌরভ সাফ জানিয়ে দিলেন, ‘ইডেনে গুলাম আলীর কনসার্ট আয়োজনের কোনো সুযোগ নেই।’
গজল-সন্ধ্যা ইডেনে হলে মাঠের যে ক্ষতি হবে, তা টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আয়োজনকে হুমকির মুখে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা সৌরভের, ‘আমি নগর-উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমকে বলেছি ব্যাপারটা। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কয়েকজন সচিবকেও বলেছি। ইডেন গার্ডেনে কোনোভাবেই এই কনসার্ট আয়োজন সম্ভব নয়। কনসার্টের পরপরই আইসিসির পরিদর্শক দলের আসার কথা। কনসার্টের ফলে মাঠের যে ক্ষতি হবে, তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ হারানোর সমূহ শঙ্কাটা থেকেই যাচ্ছে।’
সাম্প্রতিককালে বেশ কিছু ইস্যুতে সৌরভের সঙ্গে কয়েকজন সিএবি কর্তার দ্বন্দ্বের বিষয় পত্রপত্রিকায় এসেছে। এর একটি, ইডেন গার্ডেনের স্কোরবোর্ডের ব্র্যান্ডিং। এর পক্ষে-বিপক্ষে নানা মত আছে। কিন্তু সৌরভ জানিয়ে দিয়েছেন, রিলায়েন্স গ্রুপ আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে স্কোরবোর্ডে নিজেদের নাম যুক্ত করছে। ব্র্যান্ডিং বাবদ সিএবিকে আড়াই কোটি টাকা দিচ্ছে ভারতের অন্যতম বৃহৎ এই শিল্পগোষ্ঠী। স্কোরবোর্ডের ব্র্যান্ডিং নিয়ে বিভিন্ন মিডিয়াতে যেসব কথাবার্তা হয়েছে, সেগুলো নিয়েও নিজের বিরক্তি প্রকাশ করেছেন ‘দাদা’। আর তাতে সিএবির মধ্যকার দ্বন্দ্বও খানিকটা প্রকাশ্যে এসেছে। ‘গত ১৫ বছর কয়টা স্পনসর এসেছে সিএবিতে? অনেক কথাই শুনছি।
আমার বিভিন্ন মন্তব্যের বিরোধিতা করে কথা বলা চলছে। এমনকি, ইডেনের স্কোরবোর্ডের স্পনসর নিয়েও কথা বলা হচ্ছে। অদ্ভুত ব্যাপার’—বললেন সৌরভ।
গুলাম আলীর কনসার্ট নিয়েও সিএবির মধ্যে মতদ্বৈততা। কনসার্টের প্রস্তাব আসার পর সৌরভ নাকি একক ক্ষমতাবলে তাতে ‘না’ বলেছেন—এমন অভিযোগের মুখে সৌরভের কণ্ঠে আবার সেই ‘দাদাগিরি’ই, ‘যা হবে না, সেটা কমিটিতে জানানোর কী আছে! তা ছাড়া প্রস্তাবটা এসেছে কার্যনির্বাহী কমিটির বৈঠক হয়ে যাওয়ার পর। দেখুন আমার সাফ কথা, ইডেনে অতীতে কোনো দিন কনসার্ট জাতীয় কিছু হয়নি, ভবিষ্যতেও এমন কিছু এখানে হওয়ার কোনো সম্ভাবনা নেই।’ সূত্র: ডিএনএ ইন্ডিয়া, এবেলা।