সৈনিকের অস্ত্র যখন ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় কাজ করতেন ব্রিটিশ নৌবাহিনীতে। নব্বইয়ের দশকের শুরুতে উপসাগরীয় যুদ্ধেও গিয়েছিলেন। প্রাণশক্তিতে ছিলেন টগবগে। সেই মানুষটিই যখন জটিল নিউরো মাসকুলার রোগে আক্রান্ত হয়ে চলাফেরার শক্তি হারিয়ে ফেললেন, তখন অসহায়ত্ব তাঁকে গ্রাস করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ইয়ান মার্টিন তেমন মানুষই নন। সাবেক এই ফৌজি মানুষটি এখন শুরু করেছেন নতুন এক যুদ্ধ। তাঁর মতো যাঁরা নানা কারণে স্বাভাবিক জীবনযাপনের অধিকার হারিয়েছেন, যুদ্ধটা তাঁদের নিয়েই। সেই যুদ্ধে তিনি যে অস্ত্রটি ব্যবহার করছেন, তার নাম ক্রিকেট।

ছেলেবেলা থেকেই ক্রিকেটে আসক্তি ছিল। ১৯৮৭ সালে ব্রিটিশ নৌবাহিনীর চাকরিতে ঢোকার পর ক্রিকেটের নেশাটা আরও বাড়ে। নৌবাহিনীর চাকরি নিয়ে প্রথমে দূরপ্রাচ্য ও অস্ট্রেলিয়া এবং ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধে কাজ করেছেন। এরপর স্কটল্যান্ডে মার্কিন নৌবাহিনীর সঙ্গে একটি মিশনে কর্মরত থাকার সময় ধরা পড়ে নিউরো মাসকুলার রোগ। ধীরে ধীরে হারিয়ে ফেলতে থাকেন চলাফেরার শক্তি। নৌবাহিনী থেকেও বেরিয়ে আসতে হয়। হতাশার সময়টাতে ক্রিকেটই ছিল আনন্দের একমাত্র উপলক্ষ। ওই সময়ই তাঁর মাথায় আসে যাঁরা চলতে-ফিরতে পারে না, কোনো দুর্ভাগ্যজনক ঘটনায় যাঁদের হয়েছে অঙ্গহানি, তাঁদের মধ্যে যদি খেলাধুলার ইচ্ছাটা থাকে, তাহলে কি সেটি গুমরে মরবে ভেতরে ভেতরেই! তাঁদেরও তো অধিকার আছে খেলাধুলা করার, তাঁদেরও তো অধিকার আছে খেলাধুলায় দেশকে প্রতিনিধিত্ব করার। অন্য খেলায় এটা সম্ভব হলেও ক্রিকেটে প্রশাসকেরা এমনটি কখনোই ভাবেননি। নিজে যেহেতু ক্রিকেটকে সারা জীবন পাগলের মতো ভালোবেসেছেন, তাই নিজের খেলার অক্ষমতাকে তিনি মন দিয়ে অনুভব করেছেন। ইংলিশ ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) মাধ্যমে তিনি শারীরিক প্রতিবন্ধীদের জন্য ক্রিকেট-আনন্দের ব্যবস্থা করেন। একে পেশাদারি রূপ দেওয়াটাকেও তিনি নিয়েছেন জীবনের ব্রত হিসেবে।

ইসিবি ১৯৯৯ সাল থেকেই শারীরিক প্রতিবন্ধীদের জন্য ঘরোয়া ক্রিকেটের ব্যবস্থা করেছে। সেটি দেখেই একসময় ইয়ান মার্টিনের ভাবনায় আসে এ ধরনের ক্রিকেটকে কীভাবে আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে দেওয়া যায়। ২০০৭ সাল থেকে তিনি ইসিবির ফিজিক্যাল ডিসঅ্যাবিলিটি ক্রিকেট উইংয়ের প্রধান। মার্টিন জানালেন শারীরিক প্রতিবন্ধীদের আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ভাবনার কথা, ‘ইংল্যান্ডে ১৯৯৯ সাল থেকে শারীরিক প্রতিবন্ধীদের ঘরোয়া ক্রিকেট হয়। খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আয়োজন। কিন্তু একটা সময় মনে হলো আমাদের প্রতিদ্বন্দ্বী কারা? ইংলিশ শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটাররা আসলে কার সঙ্গে নিজেদের যোগ্যতা প্রমাণে মাঠে নামবে? সে ভাবনা থেকেই আন্তর্জাতিক শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটের আয়োজন।’

২০১৪ সালে মার্টিন বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আর আন্তর্জাতিক রেডক্রসের (আইসিআরসি) সঙ্গে বসে তিনি নিজেদের চিন্তাভাবনার কথা জানিয়েছিলেন। জানালেন, প্রথম দিকে যে কয়েকটি দেশ শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটে এগিয়ে এসেছিল, বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম, ‘২০১৪ সালে আমি বাংলাদেশে গিয়েছিলাম। বিসিবি আর আইসিআরসির সঙ্গে আমি বসেছিলাম। বিসিবি আর আইসিআরসি এরপর থেকেই শারীরিক প্রতিবন্ধী বাংলাদেশি ক্রিকেটারদের আন্তর্জাতিক প্রতিনিধিত্বের সুযোগ করে দিয়েছে।’
চলনশক্তি নেই, চলাফেরা করেন হুইলচেয়ারে। একটা সময় প্রচুর ক্রিকেট খেলতেন বলেই শারীরিক প্রতিবন্ধীদের কষ্টটা খুব ভালো বোঝেন তিনি, ‘ওরা ক্রিকেট পছন্দ করে। কিন্তু শারীরিক প্রতিবন্ধী হওয়ার দুর্ভাগ্যে পড়ে তারা কেউ খেলতে পারবে না, সেটা কীভাবে হয়! ওদেরও তো দেশকে প্রতিনিধিত্ব করার অধিকার আছে!’

ক্রিকেটকেই এখন অস্ত্র মানছেন মার্টিন। ছবি: প্রথম আলো
ক্রিকেটকেই এখন অস্ত্র মানছেন মার্টিন। ছবি: প্রথম আলো

এই যুদ্ধে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিকে পাশে চান মার্টিন। আইসিসি কেন এখন পর্যন্ত শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটকে তেমন গুরুত্ব দিচ্ছে না, এটা ভেবে তিনি কিছুটা হতাশও। এই ইংরেজ স্বপ্নবাজ বিশ্বাস করেন, প্রতিটি ক্রিকেট খেলুড়ে দেশের ক্রিকেট সংস্থা যদি এ ব্যাপারে গুরুত্ব দেয়, আইসিসি সেটিকে ধর্তব্যের মধ্যে নিতে বাধ্য, ‘আমার মনে হয়, প্রতিটি দেশের জাতীয় ক্রিকেট বোর্ডকেই এ ব্যাপারে মূল উদ্যোগটা নিতে হবে। আইসিসিকে জানাতে হবে তারা আসলে কী চায়। তাহলেই পুরো ব্যাপারটা সহজ হয়ে যাবে। এ বছরের শেষের দিকে আইসিসি এ ব্যাপারে একটা কর্মকৌশল হাতে নেবে বলে জানিয়েছে। দেখা যাক কী হয়।’

ইংল্যান্ডের উস্টারশায়ারে এখন চলছে ফিজিক্যাল ডিসঅ্যাবিলিটি (পিডি) ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেট। ইসিবির পিডি উইং প্রধান হয়ে মার্টিন যেভাবে তাঁর স্বপ্নকে তাড়া করে চলেছেন, সেটির সাক্ষী হলে কাউকে আর বলে দিতে হয় না মানুষটির আশাবাদের জায়গাটা কত ওপরে।
হুইলচেয়ারে বসে স্বপ্নকে তাড়া করতেও তো সাহস লাগে। এ মানুষটিও যেন তাঁর স্বপ্নের মতোই বড় আর বিশাল!