সোনার জন্য যাচ্ছে মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অফিশিয়াল ফটোসেশনের আগে সেলফির ধুম। জাহানারা-সালমাদের নিয়ে নিজেকে নিজের ক্যামেরায় বন্দী করছেন আয়েশা। পাশেও সেলফি তুলতে ব্যস্ত আরও কজন। এশিয়াডে খেলতে আজ রাতেই ঢাকা ছাড়ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল
অফিশিয়াল ফটোসেশনের আগে সেলফির ধুম। জাহানারা-সালমাদের নিয়ে নিজেকে নিজের ক্যামেরায় বন্দী করছেন আয়েশা। পাশেও সেলফি তুলতে ব্যস্ত আরও কজন। এশিয়াডে খেলতে আজ রাতেই ঢাকা ছাড়ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল

বিসিবি কার্যালয়ে ঢুকে একটু এগিয়ে গেলেই সিঁড়ির পাশে দেয়ালে সাঁটা পাশাপাশি বড় দুটি ছবি। একটি গত এশিয়ান গেমসে সোনাজয়ী বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল, পাশেই রুপাজয়ী মেয়েদের দল। ছেলেরা আবার সোনা জিতলে হয়তো আরেকটি ‘সোনালি ছবি’ বসবে। তবে মেয়েরা সোনা জিতলে গুয়াংজু রুপা জয়ের ছবি বদলে নিশ্চয়ই শোভা পাবে এবারের সোনাজয়ী দলের ছবি? ওই ছবিটা বদলে দিতে, গলায় সোনার পদক ঝোলাতে আজ রাতে ইনচনের উদ্দেশে দেশ ছাড়ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
দল ঘোষণা হয়েছিল আগেই। ছিল না সেই দলের অধিনায়ক। দীর্ঘদিনের অধিনায়ক সালমা খাতুন নিজেও পরশু দিন পর্যন্তও নিশ্চিত ছিলেন না। শেষ পর্যন্ত অবশ্য সেই সালমাই কাল অফিশিয়াল ফটোসেশন শেষে দাঁড়ালেন মাইক্রোফোনের সামনে। অধিনায়ক হিসেবেই। শোনালেন সোনা জয়ের আশাবাদ, ‘গতবারও লক্ষ্য ছিল স্বর্ণজয়। কিন্তু ফাইনালে বৃষ্টির জন্য মাঠ ভেজা থাকায় আমাদের সমস্যা হয়ে গিয়েছিল। এবার প্রস্তুতি অনেক ভালো। আবারও সোনা জয়ের জন্যই যাচ্ছি।’ সালমা না হলে অধিনায়ক হিসেবে যাঁর নাম শোনা যাচ্ছিল, সেই জাহানারার কণ্ঠেও অধিনায়কের আশার প্রতিধ্বনি, ‘প্রায় দেড় মাসের মতো সময় পেয়েছি আমরা, প্রস্তুতি অনেক ভালো হয়েছে। সোনা জয়ই আমাদের লক্ষ্য।’

গতবারের রুপা জয় প্রাপ্তি না আক্ষেপ, সেটা নির্ধারণ করাই মুশকিল। ছেলেদের ক্রিকেট দলের সোনা জয়ের আগে এশিয়াডে সব খেলা মিলিয়ে বাংলাদেশের সেরা সাফল্য ছিল রুপা। সেই হিসেবে নারীদের রুপা জয়ও সাফল্য। কিন্তু সেবার রুপা না জিতে উপায়ও ছিল না সালমাদের। ফাইনালের আগে যোগ্য প্রতিদ্বন্দ্বীই যে ছিল না! শ্রীলঙ্কা অংশ নেয়নি গতবার, বাংলাদেশ প্রথম ম্যাচ খেলেছিল হংকংয়ের বিপক্ষে, পরের ম্যাচে ছিল জাপান, যারা এখনো ক্রিকেটে ‘অ আ ক খ’ শিখছে। একমাত্র শক্ত প্রতিপক্ষ ছিল পাকিস্তান, ফাইনালে হারতে হলো তাদের কাছেই।

এবার কাজটা কঠিন, কারণ পাকিস্তানের সঙ্গে আছে শ্রীলঙ্কাও। ছেলেদের মতো বাংলাদেশের মেয়েরাও সরাসরি খেলবে কোয়ার্টার ফাইনাল থেকে। ২৪ সেপ্টেম্বর শেষ আটে সম্ভাব্য প্রতিপক্ষ চীন বা মালেয়েশিয়াকে হারানো উচিত। পরদিন সেমিতেই সম্ভাব্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা। হেরে গেলে এবার রুপাও হারাতে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড অবশ্য ভালো। দুটি টি-টোয়েন্টি খেলে দুটিতেই জিতেছেন সালমারা। এটাই আত্মবিশ্বাস জোগাচ্ছে সালমাকে, ‘শ্রীলঙ্কা কিন্তু আমাদের কাছে হেরেছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও আমরা ওদের হারিয়েছি। আত্মবিশ্বাস থাকবে আমাদের। শ্রীলঙ্কাকে সেমিফাইনালে পাচ্ছি, সেটা ধরে নিয়েই প্রস্তুতি নিয়েছি আমরা। আশা করি, ওদের হারাতে পারব।’

ওই রেকর্ডের সঙ্গে বাড়তি পাওনা, বাংলাদেশের কোচ একজন শ্রীলঙ্কান! লঙ্কান নারী ক্রিকেটের হাঁড়ির খবর জানেন চাম্পিকা গামাগে। জানেন বলেই বাংলাদেশ কোচের কণ্ঠে তাঁর দেশকে নিয়ে সমীহ, ‘আমাদের দল যথেষ্ট ব্যালান্সড। অনেক বোলিং অলরাউন্ডার দলে। আশা করি, সোনা জিততে পারব। তবে সেমিফাইনালে যেহেতু শ্রীলঙ্কার বিপক্ষে খেলা, সেটি খুব গুরুত্বপূর্ণ ম্যাচ হবে।’

শ্রীলঙ্কা বাধা টপকাতে পারলে রুপা অন্তত নিশ্চিত। সোনার লড়াইয়ে প্রতিপক্ষ হবে হয়তো আবার সেই পাকিস্তান!

বাংলাদেশ দল

সালমা খাতুন (অধিনায়ক), শায়লা শারমিন, লতা মণ্ডল, খাদিজাতুল কুবরা, ফারজানা হক, রুমানা আহমেদ, পান্না ঘোষ, নুজহাত তাসনিয়া, জাহানারা আলম, আয়েশা রহমান, ফাহিমা খাতুন, সানজিদা ইসলাম, শারমিন আকতার, সোহেলি আকতার, শাহনাজ পারভিন।