সোনালি ব্যাটে গেইলের ছক্কা
জীবন যাপনে তিনি যথেষ্ট রঙিন। সেটি ক্রিস গেইলের টুইটার আর ইনস্টাগ্রামের ছবিগুলো দেখলেই বোঝা যায়। যথেষ্ট ফ্যাশনপ্রিয়ও। এই বর্ণিল জীবনের গেইল এবার ক্রিকেট মাঠেও একটা নতুন ব্যাপার দেখালেন। কাল বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে ব্রিসবেন হিটের বিপক্ষে ম্যাচেই খেলেছেন সোনালি রঙের ব্যাট হাতে!
অবশ্য ওয়েস্ট ইন্ডিয়ান এই ওপেনারকে সোনালি ব্যাট নিয়ে খেলার অনুমতি দেওয়া হবে কি না, সে নিয়ে শুরুতে যথেষ্ট সন্দেহ ছিল। পরে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে জানানো হয়, ‘খেলোয়াড়েরা ক্রিকেটের নিয়ম মেনে সরঞ্জাম ব্যবহার করছে কি না, সিএ সেদিকে নজর রাখে। সেই নিয়ম মেনেই যদি সোনালি ব্যাট তৈরি হয়ে থাকে, তা হলে আপত্তির কিছু নেই৷’
গেইলের জন্য সোনালি রঙের ব্যাটটি তৈরি করেছে ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা স্পার্টান। প্রতিষ্ঠানটির প্রধান কুনাল শর্মা বলেছেন, ‘এটা সাধারণ একটা ব্যাটই, ওপরে শুধু সোনালি রঙের স্প্রে করা হয়েছে। যাতে উজ্জ্বল দেখায়। আর কোনো রকম ধাতু ব্যবহার করা হয়নি এতে।’ কিন্তু হঠাৎ সোনালি ব্যাটের ধারণা কেন এল? কুনাল শর্মার জবাব, ‘আমরা ছোট ছোট ছেলেদের কাছে জানতে চেয়েছিলাম, ওরা ক্রিকেটে আর কী চায়। জবাব পেয়েছিলাম, রঙিন ব্যাট দেখতে চায়। এ কারণেই সোনালি রঙের ব্যাট তৈরি করেছি।’
সেই সোনালি ব্যাট দিয়েই কাল গেইল ১৬ বলে ২৩ রান করেছেন, যাতে দুটি চার ও ছক্কাও আছে। ব্রিসবেন হিটের বিপক্ষে ম্যাচটাও কিন্তু ৭ উইকেটে জিতেছে গেইলের দল মেলবোর্ন রেনেগেডস। নিউজিল্যান্ড হেরাল্ড।