সোনালি সুদিনের প্রত্যয় মাশরাফিদের কণ্ঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুলেল অভ্যর্থনাই পেলেন মাশরাফিরা। ছবি: সাজিদ হোসেন
ফুলেল অভ্যর্থনাই পেলেন মাশরাফিরা। ছবি: সাজিদ হোসেন

পৌনে আটটার দিকে অপেক্ষার অবসান। খবর এল, রানওয়ে ছুঁয়েছে বাংলাদেশ ক্রিকেট দল বহনকারী এমিরেটসের ইকে ৫৮৪ ফ্লাইট। সবার মধ্যে তৈরি হলো চাঞ্চল্য। খানিকবাদে দেখা মিলল তাঁদের, যাঁদের অপেক্ষায় পুরো দেশ। জ্বলে উঠল একের পর এক ক্যামেরার আলো। ‘শাবাশ বাংলাদেশ, শাবাশ টাইগার্স’ স্লোগানে মুখর ভিআইপি লাউঞ্জ। মানুষের ভিড় ফুঁড়ে বেরিয়ে এলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সঙ্গে সতীর্থরা। 
সবার চোখেমুখে ভ্রমণ-ক্লান্তির ছাপ। দুই মাসের দীর্ঘ সফর শেষে ঘরে ফেরার তাড়া। প্রিয়জনরা যে অপেক্ষা করছে বাসায়। মাশরাফির তাড়াটা আরও বেশি থাকার কথা। গুরুতর অসুস্থ নবজাতককে রেখে বিভুঁইয়ে ছিলেন। কিন্তু সেই কষ্ট চেপে যেমন দেশের দায়িত্ব পালন করেছেন, তেমনি আবারও প্রিয় সন্তানের মুখ দেখার ব্যাকুলতাটাকে সামলে বসলেন সাংবাদিকদের সামনে।
এমন অভ্যর্থনা পেয়ে অভিভূত বাংলাদেশ অধিনায়ক, ‘সত্যি অন্যরকম লাগছে। মানুষের এ ভালোবাসা খুব অনুভব করি। মানুষের ভালোবাসায় আজ বাংলাদেশের ক্রিকেট অন্য পর্যায়ে গিয়েছে। আমরা যা করেছি মানুষের জন্যই করেছি।’ বিশ্বকাপ-মিশনের আগে জানিয়ে গিয়েছিলেন, দলীয় লক্ষ্য কোয়ার্টার ফাইনাল খেলা। সেটি পূরণ হয়েছে। কিন্তু তার আগে দলকে যেতে হয়েছে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে। চারটি প্রস্তুতি ম্যাচে হার দিয়ে করতে হয়েছিল শুরু। তবুও মূল মঞ্চে ঘুরে দাঁড়িয়েছে দল। সাফল্যের কারণ হিসেবে বললেন, ‘বিশ্বকাপের আগে অনুশীলনে কোচ যেভাবে বলেছে, খেলোয়াড়েরা সেটি ভালোভাবে গ্রহণ করেছে। আসলে আমাদের বিশ্বাস ছিল কিছু করতে পারব। খেলোয়াড়েরা সে অনুযায়ী নিজেদের সেরাটা ঢেলে দিয়েছে। মনে করি, তা করতেও পেরেছে।’ 

বিশ্বকাপের সময় খবর পেয়েছিলেন পাঁচ মাসের ছেলেটা মারাত্মক অসুস্থ। একবার ভেবেছিলেন দেশেও ফিরে আসবেন। সেই প্রতিকূল পরিস্থিতি সামলেছেন কীভাবে? মাশরাফি বললেন, ‘টিম ম্যানেজমেন্ট ও বোর্ড আমাকে এ ব্যাপারে ভীষণ সহায়তা করেছে।’ তবে অধিনায়ক জানালেন কোয়ার্টার ফাইনালের লক্ষ্য পূরণ হওয়ার পরই সবাই সেমিফাইনালের আশা করেছিল। দুর্ভাগ্য সেটি হয়নি।
তবে যতটুকু হয়েছে তাতেই খুশি দেশের দর্শক-সমর্থকেরা। নইলে এক পলক বীরদের দেখতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করবেন কেন বিমানবন্দর চত্বরে? অবশ্য নিরাপত্তার জন্য খেলোয়াড়-সাংবাদিক-জনতার মধ্যে একচোট কানামাছি খেলাই হয়ে গেল। অধিনায়ক মাশরাফিকে পেলেও অন্য খেলোয়াড়দের নাগালে খুব একটা পাওয়া গেল না। তামিম ইকবাল তো সবার আগে ঝড়ের গতিতে বেরিয়ে গেলেন। কেউ একজন জানালেন, তামিমের চট্টগ্রাম যাওয়ার তাড়া আছে। একটু ভিড় কমলে পাওয়া গেল নাসির হোসেন, মাহমুদউল্লাহকে। যথারীতি ফুরফুর মেজাজে, নাসির শিস বাজাচ্ছেন, গান গাইছেন! মাহমুদউল্লাহকে অভিনন্দন জানাতেই স্মিথ হাসলেন।
খেলোয়াড়েরা যে যাঁর মতো চলে গেলেও তখনো জনতার স্লোগান ভেসে আসছে-‘শাবাশ বাংলাদেশ’, ‘গো টাইগার্স গো’, ‘টাইগারদের আগমন, শুভেচ্ছা-স্বাগতম’! প্রিয় খেলোয়াড়দের মন ভরে দেখতে পাওয়া গেল না। তাতেও সমস্যা নেই। বীরদের এভাবে বরণ করেও যে সুখ। জীবনের সর্বক্ষেত্রে ব্যর্থতার হাত ধরাধরি করে এ দেশের মানুষ বিজয়ের নায়কদের বরণ করতে এমন উদ্বাহু হবে-সেটাই তো স্বাভাবিক।
আর মাশরাফিরাও প্রতিশ্রুতি দিয়ে গেলেন, এমন বিজয়ের বেশে, নায়কের তাঁরা বারবার দেখা দেবেন। আসছে দিন সমূহ উজ্জ্বল! মাশরাফি বললেন, ‘এবার আমরা কিন্তু ২৯ মার্চ পর্যন্ত খেলারই লক্ষ্য নিয়ে গিয়েছিলাম। আগামী বিশ্বকাপেও নিশ্চয়ই শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব। সে জন্য আমাদের সবাইকেই আরও পেশাদার হতে হবে। বিসিবি এখন ক্রিকেটের জন্য যা করছে, ভালো করছে। আশা করি ভবিষ্যতে আরও ভালো করবে।’