সিরিজটা তাঁদের দুজনের নামে। পুরস্কার বিতরণী মঞ্চেও ছিলেন তাঁরা দুজন। মাইকেল টিসেরার পাশে কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স। এমনিতে ক্রিকেটীয় তুলনায় সোবার্সের ধারেকাছে আসবেন না টিসেরা। একজন সর্বকালের সেরা ক্রিকেটার কি না, সেই প্রশ্ন করলে বেশির ভাগই ‘হ্যাঁ’ উত্তর দেবেন। অন্যজন দেশের হয়ে কোনো টেস্টই খেলেননি, ওয়ানডে খেলেছেন সাকল্যে তিনটি! কিন্তু কাল ম্যাচ শেষে কলম্বোর পি সারা ওভালের মঞ্চে দুজনের মুখে আবেগের প্রকাশে কী বৈপরীত্য! টিসেরা হাসছেন, সোবার্স ম্লানমুখে পাশে দাঁড়িয়ে।
শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের হাতে সিরিজের ট্রফিটা তুলে দিতে গিয়েও টিসেরার সেই হাসি থাকল। এবার সোবার্সও হাসলেন, কিন্তু কে না বুঝবে সেই হাসিতে মিশে আছে বেদনা! জেসন হোল্ডাররা পারলেন না সোবার্সকে প্রাণ খুলে হাসাতে! গলের পর কাল কলম্বোতেও হারল ওয়েস্ট ইন্ডিজ, এবার ৭২ রানে।
সুযোগ এসেছিল বটে। চতুর্থ ইনিংসে ২৪৪ রানের লক্ষ্য, হাতে দুই দিনেরও বেশি সময়। বৃষ্টিতে তৃতীয় দিনের শেষ সেশন আর চতুর্থ দিন পুরোটা ভেসে যাওয়ার পরও সময় নিয়ে ওয়েস্ট ইন্ডিয়ানদের কোনো দুশ্চিন্তা ছিল না। তৃতীয় দিনেই ১ উইকেটে ২০ রান করে ওয়েস্ট ইন্ডিজ লক্ষ্যটাকে নামিয়ে এনেছিল ২২৪ রানে। কিন্তু কাল এই রানটাকে কী বড়ই না বানিয়ে ফেললেন ব্রাফেট-স্যামুয়েল-ব্রাভো-রামদিনরা! নাকি বড় বানিয়ে দিলেন রঙ্গনা হেরাথ আর মিলিন্ডা সিরিবর্ধনা?
গলে ছিলেন না। তবে দুই টেস্ট সিরিজের দ্বিতীয়টি দেখতে এবং জয়ী দলের হাতে ট্রফি তুলে দিতে ওয়েস্ট ইন্ডিজ থেকে উড়ে এসেছিলেন সোবার্স। তাঁকে প্রেরণা বানিয়ে হোল্ডাররাও স্বপ্ন দেখছিলেন পি সারা ওভালে ঘুরে দাঁড়ানোর। সকালের সেশনে শাই হোপ ও ড্যারেন ব্রাভোর জুটিটা দেখে মনে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ বুঝি সত্যিই অনুপ্রাণিত। এই সিরিজে যেখানে এর আগে কখনো ওয়েস্ট ইন্ডিজ ৫০ ছাড়ানো জুটি গড়তে পারেনি, সেখানে এই দুজনের ৬০ রানের জুটি। ১ উইকেটে ৮০, ওয়েস্ট ইন্ডিয়ানদের চোখেও প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে টেস্ট জয়ের স্বপ্ন।
হোপ ফিরলেন দলকে ওই অবস্থায় রেখে। আর তারপরেই ভোজবাজির মতো পাল্টে গেল সব! ১ উইকেটে ৮০ থেকে বাকি ৯ উইকেট গেল আর ৯১ রান তুলতেই! যার ৪টি নিলেন রঙ্গনা হেরাথ, ৩টি সিরিবর্ধনা।
হেরাথই বেশি ভুগিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে। তবে দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট ও ১১০ রান সিরিবর্ধনার। এই টেস্টে মাত্র দুটি ফিফটি, সিরিবর্ধনাকে ম্যাচসেরা বেছে নিতে তাই একটুও ভাবতে হয়নি। হেরাথও শূন্য হাতে ফেরেননি। দুই টেস্ট মিলিয়ে সর্বোচ্চ ১৫ উইকেট তাঁকে এনে দিয়েছে সিরিজসেরার পুরস্কার। ক্যারিয়ারে এ নিয়ে তৃতীয়বার সিরিজসেরার স্বীকৃতি পেলেন শ্রীলঙ্কান বাঁহাতি স্পিনার। যেটি তাঁকে বসিয়ে দিয়েছে মাহেলা জয়াবর্ধনের পাশে। শ্রীলঙ্কানদের মধ্যে এ দুজনের চেয়ে বেশিবার সিরিজসেরা হয়েছেন শুধু মুত্তিয়া মুরালিধরন (১১) এবং কুমার সাঙ্গাকারা (৪) ও অরবিন্দ ডি সিলভা (৪)। ক্রিকইনফো।