সোবার্সের কাছে টেস্টই শেষ কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যার গ্যারি সোবার্স
স্যার গ্যারি সোবার্স

চার-ছক্কার যুগে বিনোদনই এখন শেষ কথা। টি-টোয়েন্টির বাজার তাই রমরমা, অনেক ক্রিকেটারও তাই ঝুঁকে পড়ছে এখনো শৈশব না পেরোনো ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে। বিশুদ্ধবাদীরা বরাবরই টি-টোয়েন্টির আগ্রাসন নিয়ে নাক সিটকেছেন, টেস্ট ক্রিকেটের ভবিষ্যতে সিঁদুরে মেঘ দেখেছেন। স্যার গ্যারি সোবার্সও এর ব্যতিক্রম নন। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির দূত, সেই ভূমিকাতে কথা বলতে গিয়েও তিনি টেস্ট ক্রিকেটেরই জয়গান গাইলেন। সঙ্গে এর ভবিষ্যৎ নিয়ে শঙ্কাও।
সোবার্সের সময়ে টি-টোয়েন্টি দূরে থাক, ওয়ানডেই ঠিকমতো শুরু হয়নি। তবে হার্শেল গিবস, যুবরাজ সিংরা পরে যেটি করেছেন, সেটি সোবার্স করে গিয়েছিলেন অনেক আগেই। ছয় বলে ছক্কার এই কীর্তি সেই ১৯৬৮ সালে। সেই যুগে টি-টোয়েন্টি থাকলে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে এই অলরাউন্ডারকে নিয়ে হয়তো কাড়াকাড়ি পড়ে যেত। সোবার্স অবশ্য ঠিক নিঃসন্দেহ নন, ‘আমি খুব একটা ওয়ানডে খেলিনি, ইংল্যান্ডে ওই একটাই। আর টি-টোয়েন্টিতে আমি খুব একটা ভালো না-ও হতে পারতাম, কে জানে!’ টেস্ট ক্রিকেটই যে তাঁর কাছে শেষ কথা, জানিয়ে দিলেন সেটিও, ‘আমার কাছে টেস্ট ক্রিকেট খুবই গুরুত্বপূর্ণ। দুটির মধ্যে বেছে নিতে হলে আমি টেস্টকেই বেছে নেব। টেস্ট ক্রিকেট আজীবন থাকা উচিত। এটাই ক্রিকেটের সেরা সংস্করণ।’
সোবার্সের শঙ্কাটা আসলে অন্য জায়গায়। ত্রিশে পা দিয়ে কোথায় খেলোয়াড়েরা টেস্টে নিজেদের উজাড় করে দেবেন, টি-টোয়েন্টি খেলার জন্য সাদা পোশাক তুলে রাখছেন আলমারিতে। ড্যারেন স্যামি ও ডোয়াইন ব্রাভো তো ৩১ ও ৩০ বছর বয়সেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন। সোবার্স তাই না বলে পারলেন না, ‘আমার মনে হয় টেস্ট ক্রিকেট ভুগবে। আগে ত্রিশের কোঠার শেষ পর্যন্ত মানুষ টেস্ট ক্রিকেট খেলত। এখন টি-টোয়েন্টি খেলার জন্য খেলোয়াড়েরা টেস্টকে বিদায় বলে দিচ্ছে।’
এ জন্য খেলোয়াড়দের দোষও দিচ্ছেন না সোবার্স, ‘একটা দিক দিয়ে দেখলে ওদের দোষ দিতে পারেন না। এখানে কম খেলতে হচ্ছে। বোলারদের চার ওভার বল করলেই হয়। ২০ ম্যাচে বল করতে হচ্ছে ৮০ ওভার। অথচ তিনটি টেস্ট খেললে ১০০ ওভারের বেশি বল করতে হয়ই।’ স্যামিদের ভাবনাটা তাই তিনি পড়ারও চেষ্টা করছেন, ‘আমার মনে হয় খেলোয়াড়েরা ভাবছে, তাদের তো বয়স হয়ে যাচ্ছে। এবার একটু টি-টোয়েন্টি খেলা যাক। আগে অন্য কিছু ছিল না, তাই টেস্টই খেলতে হতো। এখনো এটা (টি-টোয়েন্টি) না থাকলে আমি নিশ্চিত অনেকেই টেস্ট খেলত।’ উইজডেন ক্রিকেট।