সোমবার বাংলাদেশে আসছে না অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোমবার বাংলাদেশে আসা হচ্ছে না অস্ট্রেলিয়া দলের। সংগৃহীত ছবি
সোমবার বাংলাদেশে আসা হচ্ছে না অস্ট্রেলিয়া দলের। সংগৃহীত ছবি

সোমবার বাংলাদেশে আসছে না অস্ট্রেলিয়া দল। তবে বাংলাদেশের সঙ্গে সিরিজের সূচিতে এখনই কোনো পরিবর্তন আনছে না তারা।
আগামী মাসের ৯ অক্টোবর বাংলাদেশের সঙ্গে দলটির প্রথম টেস্ট ম্যাচ খেলার কথা। বাংলাদেশের সঙ্গে দলটি দুটি টেস্ট ম্যাচ খে​লবে। এই সিরিজে কোনো ওয়ান ডে ম্যাচ নেই।
ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ওয়েবসাইটে জানিয়েছে, সোমবার বাংলাদেশের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা থাকলেও নিরাপত্তার খাতিরে ২৮ তারিখ আসা হচ্ছে না তাদের। অস্ট্রেলিয়ান সরকার বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শেষ মুহূর্তে প্রশ্ন তোলায় এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। তবে সিরিজের সূচিতে এখনো পর্যন্ত কোনো পরিবর্তন আনেনি তারা।
নতুন অধিনায়কের অধীনে বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়া দলের। স্টিভ স্মিথের দলের বাংলাদেশ সফর শুরু হওয়ার কথা ছিল সোমবারই। কিন্তু সফরের মাত্র দুই দিন আগে অস্ট্রেলিয়ান পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক অধিদপ্তর (ডিএফএটি) বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। বাংলাদেশ সফর নিয়ে নিরাপত্তা ঝুঁকি খুঁজে পেয়েছে অস্ট্রেলিয়ান সরকার। আজকে সকালে বিসিবিকে ডিএফএটির এই প্রতিবেদনের কথা উল্লেখ করে বাংলাদেশে ক্রিকেট বোর্ডকে একটি মেইল দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মেইলে বলা হয়েছে, ২৮ তারিখে বাংলাদেশে এসে পৌঁছানো অনিশ্চিত। নিরাপত্তা সম্পর্কে সর্বশেষ পরিস্থিতি বোঝার জন্য আগামীকাল দুজন কর্মকর্তা বাংলাদেশে এসে পৌঁছাবেন। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের নিরাপত্তা প্রধান তাঁদের একজন। তাঁদের দেওয়া নতুন প্রতিবেদন অনুসারে সফরের তারিখ নির্ধারণ করা হবে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস সাদারল্যান্ড জানান, 'ডিএফএটি বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আমাদের কিছু নতুন তথ্য দিয়েছে। আমরা আমাদের নিরাপত্তা বিশেষজ্ঞ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিয়ে নতুন করে নিরাপত্তা ব্যবস্থা সাজানোর চিন্তা ভাবনা করছি। আমরা অবশ্যই সফরটি সফলভাবে শেষ করতে চাই, কিন্তু খেলোয়াড়দের নিরাপত্তাকেই আমরা অগ্রাধিকার দেব। সফর কবে শুরু হবে, সে ব্যাপারে সপ্তাহের শুরুতেই জানানোর চেষ্টা করব। কিন্তু তার আগে নিরাপত্তা সংক্রান্ত সমস্ত তথ্য পুনর্বিবেচনা করা হবে।'
ডিএফএটি শুক্রবারে বিভিন্ন দেশে অস্ট্রেলিয়ান নাগরিকদের নিরাপত্তার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই রিপোর্টে অস্ট্রেলিয়ান নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের নাম উঠে এসেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট থেকে জানা গেছে, একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে অস্ট্রেলিয়ান নাগরিকেরা বাংলাদেশে ঝুঁকিতে পড়তে পারেন। বাংলাদেশের ভ্রমণ করাটি জরুরি কিনা সেটিও ভেবে দেখতে বলা হয়েছে এই প্রতিবেদনে। এই রিপোর্টে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার কথাও তুলে ধরা হয়েছে। এমনকি সহিংসতার কারণে 'ঢাকায় চলাচল অনিরাপদ' এমন দাবিও করা হয়েছে এই প্রতিবেদনে!
আর এদিকে বিসিবির সঙ্গে যোগাযোগ করা হলে সিরিজ বাতিলে শঙ্কা উড়িয়ে দেন প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী। তিনি জানান, 'আমরা মনে করি না বাংলাদেশে বর্তমানে এমন কোনো ঝুঁকি থাকতে পারে। সাম্প্রতিক সময়ে কোনো দেশের নাগরিকের জন্যই বাংলাদেশ ঝুঁকিপূর্ণ নয়। আর এই সফর নিয়ে এর আগেও নিরাপত্তা দল বাংলাদেশ ঘুরে গেছে। তাঁদের দেওয়া বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতেই সফরের সময়সূচি এবং ভেন্যু নির্বাচিত করা হয়েছে। এবারের নিরাপত্তা দলও আশা করছি সবকিছু বিবেচনা করে প্রতিবেদন পাঠাবেন। সবকিছু ঠিক থাকলে বুধবারেই অস্ট্রেলিয়া দল বাংলাদেশে এসে পৌঁছাবে বলে আশা করি।' সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া