সামাজিক যোগাযোগমাধ্যমের হ্যাপায় পড়েছেন টেন্ডুলকারও

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় শচীন টেন্ডুলকার। টুইটারে ২০.১ মিলিয়ন মানুষ তাঁকে অনুসরণ করে। ক্যারিয়ারে পুরোটা সময়েই সংবাদমাধ্যমের আগ্রহে ছিলেন তিনি। অবসরে যাওয়ার পরও ভারতীয় ক্রিকেট কিংবদন্তির প্রতি আগ্রহে ভাটা পড়েনি। কিন্তু এটির মাশুল দিতে হচ্ছে টেন্ডুলকারের সন্তানদের!
কদিন আগে টেন্ডুলকার টুইটারে তাঁর সন্তানদের ভুয়া অ্যাকাউন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর দুই সন্তান সারা ও অর্জুন টেন্ডুলকার টুইটার ব্যবহারকারী না হলেও তাঁদের নাম ও ছবি ব্যবহার করে টুইট করে যাচ্ছে কিছু অসাধু মানুষ। সেসব টুইটার হ্যান্ডেল বাজেয়াপ্ত করার আবেদন করেছেন টেন্ডুলকার। এ নিয়ে তিনি জানিয়েছেন, ‘এটা ঝামেলা তৈরি করে, ভুল বোঝাবুঝি হয়, আমাদের আতঙ্কিত করে। আমি এটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছি।’
নিজের সন্তানের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ কোনো বাবাই সহ্য করবেন না। টেন্ডুলকারও করেননি। মেয়ে সারা টেন্ডুলকারকে জড়িয়ে সম্প্রতি বেশ কিছু গুজবও ছড়িয়েছে মিডিয়ায়। সারা বলিউডে কাজ করতে চান অথচ শচীন এ বিষয়ে অমত জানিয়েছেন, এমন কিছু খবরে বেশ অস্বস্তি বোধ করেছেন ভারতের এই কিংবদন্তি। ছেলে অর্জুন টেন্ডুলকার অবশ্য মাঝেমধ্যেই খবরের শিরোনাম হচ্ছেন। মুম্বাই অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেয়েছেন বাঁহাতি অলরাউন্ডার। সূত্র: জি নিউজ।