সোহরাওয়ার্দী শঙ্কামুক্ত

আবাহনীর পেসার তাসকিন আহমেদের শর্ট বলটা ছেড়েই দিচ্ছিলেন ভিক্টোরিয়ার ব্যাটসম্যান মোহাম্মদ সোহরাওয়ার্দী। কিন্তু যে উচ্চতায় বাউন্সারটা আসবে ভেবেছিলেন, তার চেয়ে একটু নিচু হয়ে আসাতেই বাধে বিপত্তি। বলের আঘাত লাগে হেলমেটের নিচে, সোহরাওয়ার্দীর ঘাড়ের ডান দিকে।
আশার কথা, অ্যাপোলো হাসপাতালে করা সিটি স্ক্যান ও এমআরআই রিপোর্টে খারাপ কিছু ধরা পড়েনি। সোহরাওয়ার্দী শঙ্কামুক্ত। তাঁর মস্তিষ্কে আঘাত লাগেনি। ঘাড়ের দ্বিতীয় সারভাইকাল ভার্টিব্রাতে সামান্য যে চিড় দেখা গেছে, সেটাকেও পুরোনো আঘাতই মনে করছেন চিকিৎসকেরা। তারপরও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২৪ ঘণ্টার জন্য সোহরাওয়ার্দীকে অ্যাপোলো হাসপাতালের নিউরো বিভাগের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হেলমেটের নিচে ঘাড়ের এই জায়গায় বলের চোট লেগে অনেক বড় দুর্ঘটনার নজির আছে ক্রিকেটে। সোহরাওয়ার্দীর ব্যাপারে সে কারণেই ঝুঁকি নিতে চাননি বিসিবির চিকিৎসকেরা। তা ছাড়া প্রাথমিক কিছু পরীক্ষা-নিরীক্ষায় চোট গুরুতর মনে না হলেও একটা পরীক্ষার ফল সামান্য চিন্তায় ফেলে দিয়েছিল তাঁদের। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, ‘চোখে আলো ফেলার পর ওর চোখের পিউপিল ঠিকভাবে সাড়া দিচ্ছিল না। এটা ভালো লক্ষণ নয়। সে জন্যই আমরা তাঁকে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দিই।’ তা ছাড়া যে জায়গায় আঘাত লেগেছে, সেটি খুব স্পর্শকাতরও।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ইনিংসের ২৫তম ওভারের তৃতীয় বলে আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে উইকেটের ওপর লুটিয়ে পড়েন সোহরাওয়ার্দী। বিসিবির চিকিৎসক মনিরুল আমিন ও সহখেলোয়াড়েরা মিলে দ্রুত তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যান।