সোহরাওয়ার্দীকে হারিয়ে ভেঙে পড়ল ভিক্টোরিয়াও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে নিয়ে যাওয়ার আগে সোহরাওয়ার্দী শুভ। ছবি-প্রথম আলো
হাসপাতালে নিয়ে যাওয়ার আগে সোহরাওয়ার্দী শুভ। ছবি-প্রথম আলো

তাসকিন আহমেদের শর্ট বলটা ছেড়ে দিয়েছিলেন মোহাম্মদ সোহরাওয়ার্দী। কিন্তু বল হঠাৎ নিচু হয়ে যাওয়াতে বাঁধে বিপত্তি। সেটা এসে লাগে সোহরাওয়ার্দীর হেলমেটের নিচে ঘাড়ের ডান দিকে। চোট পেয়ে দ্রুতই মাঠ ছাড়েন সোহরাওয়ার্দী। বিসিবির চিকিৎসক মনিরুল আমিন তাঁকে নিয়ে যান অ্যাপোলো হাসপাতালে।
শেষ খবর পাওয়া পর্যন্ত অ্যাপোলো হাসপাতালে স্ক্যান চলছিল সোহরায়ার্দীর। তবে তিনি জ্ঞান হারাননি কিংবা শারীরিকভাবে কোনো সমস্যা বোধ করছিলেন না।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আজকের আবাহনী-ভিক্টোরিয়া ম্যাচের ঘটনা এটি। আবাহনীর বোলারদের দাপটে ভিক্টোরিয়ার ইনিংস শুরু থেকেই খোঁড়াচ্ছিল। মুমিনুল হকের (২১ বলে ২৩) পর যা একটু প্রতিরোধ গড়ছিলেন সোহরাওয়ার্দীই। কিন্তু ৩৩ বলে ২১ রান করে তিনি নিজেই শিকার আরেক বিপর্যয়ের!
১৫তম ওভারে দলকে ৬৭ রানে রেখে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে যান নাদিফ চৌধুরী। সোহরাওয়ার্দীর লড়াইয়ের শুরু তখন থেকেই। উইকেটে এসে প্রথম বলেই সাকিব আল হাসানকে মারেন বাউন্ডারি। আল আমিনকে সঙ্গে নিয়ে চেষ্টা করছিলেন বিপর্যয় সামলানোর। কিন্তু তাসকিনের করা ইনিংসের ২৪তম ওভারের তৃতীয় বলে ঘটল ওই দুর্ঘটনা।
আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে উইকেটের ওপর লুটিয়ে পড়েন সোহরাওয়ার্দী। সতীর্থরা ছুটে এসে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে আসেন তাঁকে। প্রাথমিক কিছু পরীক্ষা-নিরীক্ষায় চোট গুরুতর মনে না হলেও একটা পরীক্ষার ফলাফল চিন্তায় ফেলে দেয় চিকিৎসকদের। ‌‘চোখে আলো ফেলার পর ওর চোখের পিউপিল ঠিকভাবে সাড়া দিচ্ছিল না। এটা ভালো লক্ষণ নয়। সে জন্যই আমরা তাকে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেই’-বলেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তাছাড়া যে জায়গায় আঘাত লেগেছে সেটি খুব স্পর্শ কাতরও।
আল আমিনের সঙ্গে ৩৮ রানের জুটি গড়ে সোহরাওয়ার্দী যখন আহত হয়ে মাঠ ছাড়েন, ভিক্টোরিয়ার রান তখন ৫ উইকেটে ১০৫। এরপর ৩৬.২ ওভারে মাত্র ১৩৯ রানেই অলআউট তারা। ৩টি করে উইকেট নিয়েছেন আবাহনীর তাসকিন, সাকিব, সাকলাইন।