সোহরাওয়ার্দীর চোটের ম্যাচে সহজেই জিতল আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্য ১৪০। তামিম-সাকিবদের দলের সামনে সেটি আর এমন কী? তেমন কষ্টও হলো না তাঁদের। দুই দফা বৃষ্টি-বাধায় পড়া ম্যাচে ২৯.২ ওভারেই লক্ষ্যটা পেরিয়ে গেছে তামিম-সাকিবের আবাহনী। মিরপুরে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জয়ের পথে বড় একটা ধাপ এগিয়েও গেল ধানমন্ডির দলটি।

এই ম্যাচে আসলে ব্যাট-বলের লড়াইকেও ছাপিয়ে গিয়েছিল একটি দুর্ঘটনা। শেরেবাংলা স্টেডিয়ামে আজ আবাহনীর পেসার তাসকিন আহমেদের বলে হেলমেটের নিচে ঘাড়ের ডান দিকে আঘাত পান ভিক্টোরিয়ার ব্যাটসম্যান মোহাম্মদ সোহরাওয়ার্দী শুভ। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে শঙ্কার মেঘ আপাতত কেটেছে। সোহরাওয়ার্দীর মস্তিষ্কে কোনো আঘাত লাগেনি। তবে এমআরআই রিপোর্টে তাঁর ঘাড়ের দ্বিতীয় সারভাইকাল ভার্টিব্রাতে সামান্য চিড় দেখা গেছে বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী। যেহেতু মস্তিষ্কে আঘাত লাগেনি, সোহরাওয়ার্দীকে আপাতত শঙ্কামুক্তই ধরা হচ্ছে।
সোহরাওয়ার্দীর আঘাত পাওয়ার আগে পরে ভিক্টোরিয়ার ব্যাটিংয়ের গল্পটা শুধুই অসহায় আত্মসমর্পনের। আবাহনীর বোলারদের দাপটে ভিক্টোরিয়ার ইনিংস শুরু থেকেই খোঁড়াচ্ছিল। দাপটটা আসলে আসলে তাসকিন আহমেদ, সাকিব আল হাসান ও সাকলাইন সজীবের। তিনজনই নিয়েছেন ৩টি করে উইকেট। ভিক্টোরিয়ার হয়ে মুমিনুল হকের (২১ বলে ২৩) পর যা একটু প্রতিরোধ গড়ছিলেন সোহরাওয়ার্দীই। কিন্তু ৩৩ বলে ২১ রান করে তিনি নিজেই শিকার আরেক বিপর্যয়ের! এই দুজনের বাইরে পাঁচ ব্যাটসম্যান আউট হয়েছেন ১০ থেকে ২০-এর ঘরে। তাতেই শেষ পর্যন্ত ৩৬.২ ওভারে অলআউট হওয়ার আগে ভিক্টোরিয়ার স্কোর দাঁড়ায় ১৩৯।
তামিম-লিটনের ব্যাটে ভালোই শুরু হয় আবাহনীর। উদ্বোধনী জুটিতেই আসে ৫১ রান। তামিম ব্যক্তিগত ৩৩ রানে আউট হওয়ার পর অবশ্য স্কোরবোর্ডে আর ১৭ রান যোগ হতেই ফিরে যান সর্বশেষ ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন দাস (১৮) ও সাকিব (৯)। ২৯ বলের মধ্যে তিন ব্যাটসম্যানকে হারানো আবাহনীর সামনে এরপর দুবার বাধা হয়ে আসে বৃষ্টি। কিন্তু ১৭ তম ও ২৭ তম ওভারের দুই দফা বৃষ্টির পর সূর্য হেসে উঠতেই আবাহনীর জয়ের রেখাটাও যেন পরিষ্কার হয়ে যায়। নাজমুল হোসেন শান্ত ২২ রান করে আউট হয়ে যান ঠিকই (দলীয় ১০১ রানে)। তবে ভারতীয় ব্যাটসম্যান দীনেশ কার্তিক (৩২ *) ও মোসাদ্দেক হোসেন (১৮ *) দলকে এনে দেন কাঙ্ক্ষিত জয়।
আবাহনীর এই জয়ের পর শিরোপা লড়াই উন্মুক্তই থেকে যাচ্ছে। লড়াইটা জমছে লিজেন্ডস অব রূপগঞ্জের কারণে। মোহাম্মদ মিঠুন, আসিফ আহমেদ ও নাহিদুল ইসলামের তিনটি ফিফটিতে ভর করে বিকেএসপিতে প্রাইম ব্যাংককে তারা হারিয়েছে ৫ উইকেটে। প্রথমে ব্যাট করে নুরুল হাসানের ৭৫ রানের সৌজন্যে ২২২ রান করেছিল প্রাইম ব্যাংক। কিন্তু ১৯ বল হাতে রেখেই সেটি পেরিয়ে যায় রূপগঞ্জ।