সোহাগের বিশ্বকাপ-হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোলিং অ্যাকশনের পরীক্ষার জন্য প্রস্তুত সোহাগ
বোলিং অ্যাকশনের পরীক্ষার জন্য প্রস্তুত সোহাগ

প্রতিদিনের মতো কালও ইনডোরের নেটে অনেকটা সময় কাটিয়েছেন স্পিন কোচ রুয়ান কালপাগের সঙ্গে। তবে সোহাগ গাজীর মন ভার। জায়গা হয়নি যে বিশ্বকাপের প্রাথমিক দলেও!
পরশু দল ঘোষণার আগে কিন্তু ছিলেন দারুণ রোমাঞ্চিত। অ্যাকশন শুধরে মাঠে ফেরার যে লড়াই চালিয়ে যাচ্ছেন, সেটি শেষ পর্যায়ে বলেই দাবি সোহাগের। গত পরশু রাতেই মেইল করে বোর্ডকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন কালপাগে, অ্যাকশন শুধরে এখন পরীক্ষা দিতে প্রস্তুত সোহাগ। এই অফ স্পিনার নিজে তো আত্মবিশ্বাসের চূড়ায়, ‘পরীক্ষা দেওয়ার জন্য আমি ২০০ ভাগ প্রস্তুত। নেটে বোলিং, ম্যাচে বোলিংয়ের ভিডিও আমি দেখেছি বারবার। মনে হয়েছে আর কোনো সমস্যা নেই। পরীক্ষা দিলেই নিষেধাজ্ঞা উঠে যাবে বলে বিশ্বাস আমার।’
তবে আশার তরিতে ভাসতে ভাসতেই পরশু রাতে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয়েছে সোহাগকে। একদিকে কালপাগে বোর্ডকে জানালেন, সোহাগ প্রস্তুত। আরেক দিকে বোর্ড থেকে দেওয়া হলো বিশ্বকাপের প্রাথমিক দল, তাতে নেই সোহাগ। বিশ্বকাপের প্রাথমিক দল নির্বাচকেরা চূড়ান্ত করে জমা দিয়েছেন আরও দুই দিন আগে। তবে সোহাগ প্রস্তুত হওয়ার পথে, এই খবর নিশ্চয়ই জানতেন নির্বাচকেরা! সোহাগের দলে না থাকার কারণ তাই শুধুই অ্যাকশন সমস্যা নয়। প্রধান নির্বাচক ফারুক আহমেদ কাল বললেন, ‘অ্যাকশনের সমস্যার পাশাপাশি পারফরম্যান্সের কারণেও বিবেচনা করা হয়নি সোহাগকে।’
পারফরম্যান্স বিবেচনায় নিলে প্রধান নির্বাচকের কথার ভিত্তি যথেষ্টই শক্ত। গত বছর সেই হ্যাটট্রিক ও সেঞ্চুরির ইতিহাস গড়া টেস্টের পর ৩ টেস্টে নিয়েছেন ৪ উইকেট। এ বছর ৯ ওয়ানডেতে উইকেট ৬টি, ৪টি টি-টোয়েন্টিতে উইকেটশূন্য। এমন বিবর্ণ পারফরম্যান্সের সঙ্গে যোগ হয়েছে অ্যাকশন নিয়ে অনিশ্চয়তা। এ জন্যই দলে নেই সোহাগ, জানালেন প্রধান নির্বাচক, ‘সোহাগের সাম্প্রতিক পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট হতে পারিনি। অ্যাকশনের সমস্যা তো আছেই, পারফরম্যান্সকেও বিবেচনায় নিয়েছি আমরা। দুটি মিলিয়েই আমরা সোহাগকে রাখতে পারিনি।’
দলে থাকতে না-পারা এবং না-পারার এই ‘কারণ,’ দুটিতেই যারপরনাই আহত সোহাগ, ‘বিশ্বকাপ খেলার স্বপ্ন সবারই থাকে। আমার মনে হয় অন্তত প্রাথমিক দলে জায়গা আমার প্রাপ্য ছিল। পাকিস্তান যেমন আজমলকে রেখে দিয়েছে। গত কিছুদিনে যত বোলার নিষিদ্ধ হয়েছে, তাদের মধ্যে আজমলের সমস্যা ছিল সবচেয়ে বেশি, আর আমার সবচেয়ে কম। প্রাথমিক দলে রাখার পর যদি অ্যাকশনের পরীক্ষায় কাজ না হয় তখন বাদ দিলে একটা সান্ত্বনা পেতাম। আর পারফরম্যান্সের কথা বললে, কী আর করা! ঢাকা লিগে যতটা খেলেছি, পারফর্ম করার চেষ্টা করেছি। আগেও যা করেছি, অন্তত ৩০ জনের দলে থাকব, এই আশা করেছিলাম।’
আজমলের উদাহরণে আবার কান দিতে নারাজ প্রধান নির্বাচক, ‘কোন দল কাকে নিয়ে কী করেছে, আমরা ওসব ভাবিনি। পারফরম্যান্সসহ সব বিবেচনায় আমাদের যাদের যোগ্য মনে হয়েছে, দলে রেখেছি। সোহাগ না থাকায় হয়তো আমাদের স্পেশালিস্ট অফ স্পিনার নেই, তবে ওয়ানডেতে মাহমুদউল্লাহ ভালোই কাজ চালিয়ে নিতে পারবে।’
ঢাকা প্রিমিয়ার লিগে ৬ ম্যাচ খেলে ১১ উইকেট নিয়েছেন সোহাগ। তবে সত্যি বলতে, তাঁর বলের ধার গত কিছুদিনে কম ছিল বলেই মনে হয়েছে। এটির সঙ্গে ঘাম ঝরানোয় অনীহা, নিজেকে এগিয়ে নেওয়ার তাড়নার অভাব, এসব নিয়েও আছে প্রশ্ন। তবে বিশ্বকাপই তো শেষ কথা নয়। সোহাগের চাওয়া অনুযায়ী হয়তো দু-এক দিনের মধ্যেই আইসিসির কাছে পরীক্ষা নেওয়ার আবেদন জানাবে বিসিবি।
সোহাগকে নিয়ে কাজ করা কালপাগে স্বাভাবিকভাবেই নিশ্চয়তা দেননি, তবে আশাবাদী তিনিও, ‘অ্যাকশনে খুব বেশি পরিবর্তন করতে হয়নি, একটু শুধু ঠিকঠাক করে দিয়েছি। শতভাগ নিশ্চিত বলার উপায় তো নেই। খালি চোখে আর ভিডিও বিশ্লেষণ দেখেছি, আমার মনে হয়েছে সোহাগ প্রস্তুত।’
তবে বিশ্বকাপের দলে যেহেতু নেই সোহাগ, এত তাড়াহুড়ো না করে আরও কিছুদিন সময় নিয়ে অ্যাকশন আরও নিখুঁত করে পরীক্ষা দেওয়াটাই কি বুদ্ধিমানের কাজ নয়? এই প্রশ্নে কালপাগে শুধু হাসলেন। আর সোহাগের কথা, ‘মাথার ওপর থেকে বোঝাটা যত তাড়াতাড়ি নামে, ততই ভালো। এ জন্যই দ্রুত চাই।’