সোহাগ-আল আমিন না থাকলে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহাগ গাজী ও আল আমিন হোসেন
সোহাগ গাজী ও আল আমিন হোসেন

শঙ্কার কালো মেঘ কেবল জমতে শুরু করেছে। সময়ের সঙ্গে এই মেঘ ফুঁড়ে আলোর রেখা দেখা যেতে পারে। আবার আরও ঘন কালো হয়ে হতে পারে প্রবল বর্ষণ। বলা হচ্ছে সোহাগ গাজী ও আল আমিন হোসেন সম্পর্কে। এখনই হয়তো আঁতকে ওঠার কিছু নেই। কিন্তু সতর্ক থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে খারাপ কিছুর জন্যও। সেটুকু আছে তো?

কার্ডিফের মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল্যাবে সোহাগের অ্যাকশন পরীক্ষা ১৯ সেপ্টেম্বর। আল আমিনের পরীক্ষা ব্রিসবেনে হবে না কার্ডিফে এবং কবে, সেসব এখনো জানায়নি আইসিসি। পরীক্ষা হওয়া এবং ফল পাওয়ার আগে এ নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কিছু দেখছে না বিসিবি। আম্পায়াররা খালি চোখে দেখে সন্দেহ করেছেন, বায়োমেকানিক পরীক্ষায় দুজন উতরে যাবেন বলে বিশ্বাস প্রায় সবার। কিন্তু যদি উতরাতে না পারেন? সাচিত্রা সেনানায়েকে, কেন উইলিয়ামসন, সাঈদ আজমল—সাম্প্রতিক এই নামগুলো সোহাগ-আল আমিনকে নিয়ে শঙ্কা জাগানোর জন্য যথেষ্ট। বিশেষ করে সোহাগের সব ধরনের ডেলিভারি নিয়েই যখন সন্দেহ আম্পায়ারদের।

প্রধান নির্বাচক ফারুক আহমেদ অবশ্য এখনই আতঙ্কের কিছু দেখছেন না, ‘আমার মনে হয় না এখনই খুব ভয়ের কিছু আছে। আম্পায়াররা খালি চোখে দেখেছেন, তাঁদের ভুল হতেই পারে। আবার বিশ্বাস ওদের দুজনের অ্যাকশনই পরীক্ষায় শুদ্ধ প্রমাণিত হবে।’ তবে মাঠের ক্রিকেটে এমনিতেই ধুঁকতে থাকা বাংলাদেশের জন্য এটি যে বড় একটি ধাক্কা, সেটিও স্বীকার করেছেন প্রধান নির্বাচক, ‘দুজনই দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। সোহাগকে দিয়ে অনেক দিন পর আমরা একজন ভালো অফ স্পিনার পেয়েছি। আন্তর্জাতিক ক্রিকেটে এসে পারফর্মও করেছে দারুণ। আল আমিনও ছোট্ট ক্যারিয়ারে দলের জন্য অপরিহার্য হয়ে উঠেছে। বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ ওঠা বড় একটা ধাক্কা, সন্দেহ নেই। আশা করি, মানসিকভাবে শক্ত থাকবে ওরা।’

দুজনই গুরুত্বপূর্ণ বলেই শঙ্কাটা বেশি। দুঃস্বপ্নের এই বছরে বাংলাদেশ ক্রিকেটের প্রাপ্তিযোগ এখন আছে সামান্যই, হারানোর আছে আরও অনেক। আগামী মাসেই পূর্ণাঙ্গ সফরে আসছে জিম্বাবুয়ে। দেশের মাটিতে প্রথম তিন টেস্টের সিরিজ, পাশাপাশি পাঁচ ওয়ানডের সিরিজ তো আছেই। জিম্বাবুয়ের বিপক্ষে জিতলে বাংলাদেশ ক্রিকেটের অর্জনের তালিকা হয়তো সমৃদ্ধ হবে না ততটা, তবে জয়ের ধারায় ফেরা অন্তত হবে। আর হারলে দুঃস্বপ্নের প্রহর শুধু দীর্ঘই হবে না, আরও নিকষ কালো হবে ক্রিকেটের ভবিষ্যৎ। এই লড়াইয়ে যদি না পাওয়া যায় আল আমিন ও সোহাগকে? ওয়েস্ট ইন্ডিজে এখন পর্যন্ত হতাশার সফরে আলোর রেখা বলা যায় কেবল আল আমিনের বোলিংকেই। সোহাগের সাম্প্রতিক ফর্ম গত বছরের মতো নয়, তবে ফর্মে ফেরার জন্য জিম্বাবুয়ে তো আদর্শ প্রতিপক্ষ!

দুজনকে না পাওয়ার নেতিবাচক ভাবনা নিয়ে এখনই কথা বলতে নারাজ ফারুক আহমেদ। তবে সামান্য হলেও দুজনকে না পাওয়ার শঙ্কা যেহেতু আছে, বিকল্প ভাবনাও আছে প্রধান নির্বাচকের, ‘সাকিবকে ছাড়াও তো আমাদের খেলতে হচ্ছে! সাকিবের বদলে বাঁহাতি স্পিনার তাইজুল ভালো করল। সোহাগকে না পেলে কাউকে বের করতে হবে। অফ স্পিনার হতে হবে এমন নয়। বাঁহাতি স্পিনার, লেগ স্পিনারও হতে পারে। আর আল আমিন না থাকলে, মাশরাফি ফিট থাকছে এখন, তাসকিন ভালো করছে। প্রয়োজন হলে তরুণ দু-একজনকেও আনতে পারি। পরিস্থিতি অনুযায়ীই ব্যবস্থা হবে।’