প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির সোহেল ভালোই ফেঁসেছেন। সরফরাজ আহমেদদের সাফল্যে কালি লেপতে চেয়েছিলেন। সেই কালিতে এখন লেপটে যাচ্ছে তাঁরই মুখ। সমর্থক কিংবা সাবেক ক্রিকেটার—কারও কাছেই ভালো লাগেনি এমন ইঙ্গিত। সৌরভ গাঙ্গুলী তো আমিরের রুচি নিয়েই প্রশ্ন তুলেছেন। পাকিস্তানের ফাইনালে ওঠার সাফল্য পাতানো ছিল—একটি টেলিভিশন চ্যানেলকে এমনই বলেছিলেন সোহেল। তাঁর এমন মন্তব্যে চটেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, ‘দেশের হয়ে খেলেছে এবং নেতৃত্ব দিয়েছে, এমন একজনের উচিত ফাইনালে ওঠার প্রশংসা করা। এটা খুব হাস্যকর। এটা বাজে রুচি ও সংস্কৃতির পরিচায়ক।’ সোহেল অবশ্য আগেই ‘ইউটার্ন’ করে দাবি করেছেন, তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। জি নিউজ।