সোহেলের রুচি নিয়ে প্রশ্ন তুললেন সৌরভ

সবাইকে চমকে দিয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে চলে এসেছে পাকিস্তান। নিজের উত্তরসূরিদের নিয়ে কোথায় উচ্ছ্বসিত হবেন, উল্টো ম্যাচ পাতানোর সুযোগেই এতটা এগোতে পেরেছেন সরফরাজরা—এমন ইঙ্গিত দিয়েছেন আমির সোহেল। সমর্থক কিংবা সাবেক ক্রিকেটার, কারও কাছেই ভালো লাগেনি এমন ইঙ্গিত। সৌরভ গাঙ্গুলী তো আমিরের রুচি নিয়েই প্রশ্ন তুলেছেন।
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে ম্যাচ পাতানোর ওই বোমা ফাটান সোহেল। কিন্তু তা উল্টো বিদ্ধ করছে পাকিস্তানের সাবেক তারকাকেই। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকেও খেপিয়ে তুলেছে এমন মন্তব্য। সোহেল নিজেও একসময় পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর মুখে উত্তরসূরি আরেক অধিনায়কের সাফল্যের এমন অবমাননা মানায় না বলে মনে করেন সৌরভ। বলেছেন, ‘দেশের হয়ে খেলেছে এবং নেতৃত্ব দিয়েছে, এমন একজনের উচিত ফাইনালে ওঠার যাত্রার প্রশংসা করা। আমার কাছে এটা খুব হাস্যকর মনে হয়েছে। এটা বাজে রুচি ও সংস্কৃতি দেখিয়ে দিচ্ছে। আমি আমিরকে চিনি এবং সে একজন বন্ধুও...তবে ওর এটা করা উচিত হয়নি।’
স্থানীয় ক্রিকেটের দুরবস্থার পরও পাকিস্তানের এমন সাফল্যে মুগ্ধ সৌরভ। সোহেলের অভিযোগের কোনো যুক্তিও খুঁজে পাচ্ছেন না তিনি, ‘ওরা কোনো সমর্থন পায় না, কোনো অবকাঠামো নেই। প্রথম শ্রেণির ক্রিকেট নেই। দেশে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারছে না। তবু কাদের হারিয়ে ফাইনালে উঠেছে তারা? দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড! সরফরাজদের এমন কিছু প্রায় শুনতে হয়। আমি এমন কিছু এই প্রথম শুনছি না। আর পাকিস্তান কীভাবে ম্যাচ পাতিয়ে ফাইনালে ওঠে? এটা কীভাবে সম্ভব?’
হরভজন সিং অবশ্য গাঙ্গুলীর মতো কোনো প্রশ্ন রাখেননি। সোজাসাপ্টা জানিয়ে দিয়েছেন সোহেল সম্পর্কে তাঁর ভাবনা, ‘নিজের দলকে সম্মান জানাতে না পারলে, নিজেও সম্মান হারাবেন। আমি নিশ্চিত এরা আসলে ঈর্ষান্বিত কারণ পাকিস্তান এত দূর আসবে, সেটা তারা ধারণা করতে পারেনি।’
সোহেল অবশ্য এমন সমালোচনার মুখে নিজের অবস্থান থেকে সরে এসেছেন। তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে এমন দাবিও তুলেছেন এখন। সূত্র: ইন্ডিয়া টুডে, ট্রিবিউন ডট পিকে।
আরও পড়ুন...