ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে হলে আজ থেকে শুরু কেপটাউন টেস্টে জিততেই হবে দক্ষিণ আফ্রিকাকে। সাম্প্রতিক ফর্মটা খারাপ গেলেও পরিসংখ্যান কিন্তু প্রোটিয়াদের পক্ষেই আছে। বর্ণবাদের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর কেপটাউনের নিউল্যান্ডসে মোট ২৮টি টেস্ট খেলে দক্ষিণ আফ্রিকা ১৯টিতেই জিতেছে। হার মাত্র ৪টি। জয়-হারের অনুপাত ৪.৭৫: ১। ১৯৯২ সালের পর দক্ষিণ আফ্রিকা যে মাঠগুলোতে অন্তত ৫টি করে টেস্ট খেলেছে, এর মধ্যে সাফল্যের বিচারে কেপটাউনের অবস্থান তিন নম্বরে। জয়-হারের অনুপাতে দক্ষিণ আফ্রিকা যে মাঠে সবচেয়ে বেশি সফল সেটি অবশ্য তাদের নিজের দেশে নয়, ইংল্যান্ডে। গত ২৫ বছরে লর্ডসে ৫টি টেস্ট খেলে একটিতেও হারেনি প্রোটিয়ারা। ৪টি জয়ের পাশাপাশি ড্র করেছে একটি টেস্ট। এর পরেই আছে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ক। এ মাঠে মোট ২০টি টেস্ট খেলে দক্ষিণ আফ্রিকা জিতেছে ১৫টিতে, হার মাত্র দুটি। জয়-হারের অনুপাত ৭.৫: ১।