সৌম্য-কান্দাম্বির কাছে রূপগঞ্জের হার

নিজের পারফরম্যান্সের দারুণ একটা বিজ্ঞাপন করে ফেললেন সৌম্য সরকার। বিশ্বকাপের দল নির্বাচনের আলোচনায় সিমিং অলরাউন্ডার যখন বিশেষ গুরুত্ব পাচ্ছে, তখন ব্যাটে-বলে উজ্জ্বল হয়ে উঠল সৌম্যের পারফরম্যান্স। বিকেএসপিতে সুপার লিগের ম্যাচে কাল লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে প্রাইম ব্যাংকের ৮৪ রানের জয়ে নেতৃত্ব দিলেন এই অলরাউন্ডারই।
প্রতিপক্ষ দলে নামে ভারী ক্রিকেটার অনেকই ছিলেন। অধিনায়ক সাকিব আল হাসান তো আছেনই; সঙ্গে অলক কাপালি, জহুরুল ইসলাম, জুনায়েদ সিদ্দিক। সে তুলনায় প্রাইম ব্যাংকের অধিনায়ক মাহমুদউল্লাহর নামটাই যা একটু বড়। কিন্তু কাল সবাইকে ছাপিয়ে গেলেন সৌম্য। সৈকত আলীর সঙ্গে ইনিংস শুরু করতে নেমে ৮২ রানের জুটি। দলের ১৫১ রানে আসহার জায়েদীর বলে মোশাররফের ক্যাচ হওয়ার আগে ৯০ বলে ৮১ রান, পাঁচ বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কাও। পরে বল হাতে ৩০ রানে ২ উইকেট নিয়ে রূপগঞ্জের ২২০ রানে গুটিয়ে যাওয়াতেও রেখেছেন ভূমিকা। আসহার ও ফয়সালের এই দুটি উইকেটই সৌম্য নিয়েছেন পর পর দুই বলে।
চার-ছক্কায় হয়তো সৌম্যকে ছাড়িয়ে যেতে পারেননি, কিন্তু প্রাইম ব্যাংকের শ্রীলঙ্কান ব্যাটসম্যান থিলান কান্দাম্বি ব্যাট হাতে ছিলেন একটু বেশিই আক্রমণাত্মক। ৪০ বলে ফিফটি করে উইকেটে ছিলেন ইনিংসের শেষ ওভার পর্যন্ত। করেছেন ৪৯ বলে ৭১ রান। শেষ দিকে কান্দাম্বি-ঝড়ের সঙ্গে যোগ হয়েছিল তাইবুরের ১৪ বলে ২৯। ইনিংসের শেষ ১২ ওভারে ১২০ রান তুলেছে প্রাইম ব্যাংক।
প্রতিপক্ষের স্কোরবোর্ডে ৩০৪ রান দেখেই যেন ম্যাচ অর্ধেক হেরে যায় রূপগঞ্জ। তবে দলের ৩২ রানের মধ্যে দুই ওপেনারকেই হারানোর পর আবুল হাসানকে তিন নম্বরে নামিয়ে মরিয়া একটা চেষ্টা করেছে। বড় রান তাড়া করতে চাই কান্দাম্বির মতোই কারও ধুন্ধুমার ব্যাটিং। হাসানকে আগে পাঠানোর উদ্দেশ্য হয়তো সেটাই ছিল। তা লেজ থেকে ওপরে উঠে এসে খারাপ করেননি হাসান। ৮০ বলে ৭২। তিন বাউন্ডারির সঙ্গে ছক্কাও আছে ৬টি, যার বেশির ভাগই বিশাল আর দৃষ্টিনন্দন।
কিন্তু পাহাড় টপকে জেতার জন্য শুধু হাসানের ওই একটা ইনিংসই যথেষ্ট ছিল না। দলের ১১৫ রানের সময় হাসানের বিদায়ের পর আসহারের ৪৬ বলে ৪১ আর সাকিবের ২৯ বলে ৩১ কোনো ধরনের চোখরাঙানিই দিতে পারল না প্রাইম ব্যাংককে। বরং দলের ১৫৮ রানে সাকিবের বিদায় সত্যি সত্যিই বিদায়ঘণ্টা বাজিয়ে দিল দলটার।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম ব্যাংক: ৫০ ওভারে ৩০৪/৭ (সৌম্য ৮১, কান্দাম্বি ৭১, মাহমুদউল্লাহ ৫২, সৈকত ৪২, তাইবুর ২৯; আসহার ২/৪৭, শরীফউল্লাহ ২/৫৫)।
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৪৩ ওভারে ২২০ (হাসান ৭২, আসহার ৪১, সাকিব ৩১; ফরহাদ রেজা ৩/৪৬, সৌম্য ২/৩০, শুভাগত ২/৫৩)।
ফল: প্রাইম ব্যাংক ৮৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সৌম্য সরকার।