সৌম্য-তাসকিন পেপসির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর

বাংলাদেশ ক্রিকেট দলের তরুণ ফাস্ট বোলার তাসকিন আহমেদ ও সম্ভাবনাময় বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। গত সোমবার তাঁদের সঙ্গে এই চুক্তি হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
চুক্তির পর তাসকিন আহমেদ বলেন, ‘পেপসির মতো একটি গ্লোবাল ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে আমি খুবই খুশি। আশা করছি, পেপসির সঙ্গে আমাদের এই সম্পৃক্ততা দীর্ঘস্থায়ী ও ফলপ্রসূ হবে।’
সৌম্য সরকার বলেন, ‘পেপসিকো পরিবারের অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত।’
এ বিষয়ে ট্রান্সকম বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জি কিউ চৌধুরী বলেন, ‘পেপসিকো পরিবারে তাসকিন আর সৌম্যকে পেয়ে আমরা খুবই গর্বিত। নির্দিষ্ট লক্ষ্য অর্জনের ক্ষেত্রে তাঁদের আচরণ ও দৃষ্টিভঙ্গি আমাদের ব্র্যান্ডের সঙ্গে খুবই সামঞ্জস্যপূর্ণ।’
পেপসিকো লিমিটেডের এ দেশীয় ব্যবস্থাপক দর্পণ ভাশিস্থা বলেন, বাংলাদেশসহ বিশ্বব্যাপী খেলাধুলার জগতে সম্পৃক্ততার ক্ষেত্রে পেপসিকো ও ব্র্যান্ড পেপসি উদাহরণ সৃষ্টি করেছে। ‘ওহ্ ইয়েস এখনই’ এই স্পৃহায় তাসকিন আর সৌম্যর যুক্ত হওয়া সেই উন্মাদনাকে আরও বাড়িয়ে তুলবে।