সৌম্য-তাসকিনদের ফেরার মঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় লিগে খেলতে সৌম্য এখন দক্ষিণাঞ্চল দলে। সঙ্গে দুই সতীর্থ শাহরিয়ার ও নুরুল। ছবি: ফেসবুক
জাতীয় লিগে খেলতে সৌম্য এখন দক্ষিণাঞ্চল দলে। সঙ্গে দুই সতীর্থ শাহরিয়ার ও নুরুল। ছবি: ফেসবুক

সামনেই ত্রিদেশীয় সিরিজ। এর প্রস্তুতিতে ব্যস্ত জাতীয় দল। আন্তর্জাতিক ক্রিকেটের এই ডামাডোলের মধ্যেই আজ শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ষষ্ঠ আসর। ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে যাঁরা বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন, তাঁরা নেই। তবে বাদ পড়া সৌম্য-তাসকিনসহ জাতীয় দলের আশপাশে থাকা প্রায় সবাই খেলছেন বিসিএলে। তাঁদের জন্য বড় উপলক্ষও এই প্রথম শ্রেণির টুর্নামেন্ট। অন্তত শ্রীলঙ্কা সিরিজের টেস্ট দলে নিজের অন্তর্ভুক্তির দাবি জানিয়ে রাখার এটাই যে শেষ সুযোগ। 

চার দলের ডাবল লিগ পদ্ধতির টুর্নামেন্টে ছেদ পড়বে প্রথম তিন রাউন্ড শেষে। ২৪ জানুয়ারি শেষ হবে তৃতীয় রাউন্ডের ম্যাচ। শেষ তিন রাউন্ড হবে লিস্ট ‘এ’ ঢাকা প্রিমিয়ার লিগ শেষে। বিরতিটা কম করে হলেও দুই মাস।
আজ প্রথম দিনে সিলেটে বর্তমান চ্যাম্পিয়ন বিসিবি উত্তরাঞ্চল মুখোমুখি হবে দুবারের চ্যাম্পিয়ন ওয়ালটন মধ্যাঞ্চলের। বিকেএসপিতে দুবারের চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল খেলবে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে।
নামের পাশে অঞ্চল থাকলেও দল নির্বাচনে আঞ্চলিকতার ধার ধারেনি বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজি। পূর্বাঞ্চলের খেলোয়াড় তালিকায় যেমন নাম আছে রংপুরের লিটন দাস, বরিশালের সোহাগ গাজী ও ঢাকা মহানগরের মোহাম্মদ আশরাফুলের। দক্ষিণাঞ্চলে খেলবেন জাতীয় লিগে রাজশাহীর নিয়মিত মুখ পেসার দেলোয়ার হোসেন। মধ্যাঞ্চলে আছেন চট্টগ্রামের উইকেটকিপার ইরফান শুক্কুর। তবে উত্তরাঞ্চলকে খেলোয়াড় ধার করতে হয়নি, রাজশাহী ও রংপুর বিভাগের খেলোয়াড়েরাই সুযোগ পেয়েছেন এই দলে।
এবার পরিবর্তন এসেছে পয়েন্টের হিসাবেও। বোনাসসহ এক ম্যাচ থেকে সর্বোচ্চ ১৯ পয়েন্ট পেতে পারে জয়ী দল। ম্যাচ জিতলে ১০ পয়েন্ট, টাই হলে ৫ পয়েন্ট, ড্র কিংবা পরিত্যক্ত হলে ৩ পয়েন্ট করে পাবে দলগুলো। প্রথম ইনিংসে লিড নিলে পাওয়া যাবে ১ পয়েন্ট। ব্যাটিং ও বোলিংয়ে বোনাস নির্ধারিত হবে ইনিংসের প্রথম ১১০ ওভারের পারফরম্যান্সের ভিত্তিতে। ব্যাটিংয়ে প্রথম ১১০ ওভারে চার শর বেশি করলে সর্বোচ্চ ৫ পয়েন্ট, বোলিংয়ে প্রতিপক্ষকে অলআউট করলে সর্বোচ্চ ৩ পয়েন্ট।

রোল অব অনার

২০১২-১৩ মধ্যাঞ্চল

২০১৩-১৪ দক্ষিণাঞ্চল

২০১৪-১৫ দক্ষিণাঞ্চল

২০১৫-১৬ মধ্যাঞ্চল

২০১৬-১৭ উত্তরাঞ্চল

 

৭৪৯/৮

ডি. দলীয় সর্বোচ্চ ইনিংস

দক্ষিণাঞ্চল-মধ্যাঞ্চল,     বিকেএসপি, ২০১৬-১৭

 

২৮৯

ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস

মার্শাল আইয়ুব, মধ্যাঞ্চল-পূর্বাঞ্চল, বগুড়া, ২০১২-১৩

 

৯/৮০

ইনিংস–সেরা বোলিং

সানজামুল ইসলাম, উত্তরাঞ্চল-মধ্যাঞ্চল, চট্টগ্রাম, ২০১৬-১৭

 

১৬৪৯

সবচেয়ে বেশি রান মার্শাল আইয়ুবের

 

১১৮

সবচেয়ে বেশি উইকেট আবদুর রাজ্জাকের