সৌম্য বলছেন, টি-টোয়েন্টিতে আফগানিস্তান কঠিন প্রতিপক্ষ

ভেন্যু নিয়ে এখনো দ্বিধান্বিত ক্রিকেট বোর্ড, তবে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজটা জুনেই হচ্ছে। ওয়ানডের পরিবর্তে টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ক্ষুদ্র সংস্করণ বলেই সিরিজটাকে কঠিন মানছেন সৌম্য সরকার। জাতীয় দলের ওপেনারের চোখে রশিদ খানদের বোলিং লাইনআপ কঠিন পরীক্ষা নেবে বাংলাদেশের।
তিন ম্যাচের সিরিজ খেলতে জুনে ভারতে যাবে বাংলাদেশ। ভারতকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করছে আফগানিস্তান। আপাতত দেরাদুনকেই ধরা হচ্ছে ভেন্যু হিসেবে। আইপিএল চলার কারণে বিশ্বজুড়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছে সবাই। আইপিএলের পরই টি-টোয়েন্টি খেলতে হবে বাংলাদেশকে। অথচ ঘরোয়া ক্রিকেটে সর্বশেষ টি-টোয়েন্টি হয়েছে গত বিপিএলে। ওদিকে আইপিএলে বাংলাদেশের সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের বিপরীতে আফগানিস্তানের চারজন খেলোয়াড় সুযোগ পেয়েছেন।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এমনিতেই এগিয়ে আছে আফগানিস্তান। তাই এ সিরিজকে কঠিন ভাবছেন সৌম্য, ‘যদি টি-টোয়েন্টি হয়, আফগানিস্তান অবশ্যই কঠিন প্রতিপক্ষ হবে। কারণ তাদের বোলিং বিভাগ অনেক ভালো।’
তবে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কাকে টপকে ফাইনাল খেলে বাংলাদেশও দেখিয়েছে টি-টোয়েন্টিটা ধীরে ধীরে আয়ত্তে আসছে দলের। সৌম্য তাই দল নিয়ে আশাবাদী, ‘আমাদের দলও এখন অনেক ভালো। তারাও জানে কীভাবে তাদের সামলাতে হবে, কীভাবে খেলতে হবে। আসলে সবচেয়ে বড় কথা, এখন আমরা জানি কীভাবে আধিপত্য বিস্তার করে খেলতে হয়। আমাদের দলের সবাই এখন যেভাবে খেলছে, সবার এখন যেমন আত্মবিশ্বাস, সেভাবে যদি নিজেদের সেরাটা দিতে পারি, তাহলে অবশ্যই তাদের ভালোভাবে হারানো সম্ভব।’