সৌম্য-মোসাদ্দেকের দুই রকম লক্ষ্য
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে এই দুজন যাচ্ছেন ‘মিশন আফ্রিকায়’। তবে ‘মিশন’ একই হলেও দুজনের লক্ষ্য আলাদা। সৌম্য সরকার যাচ্ছেন নিজের খেলাটা উপভোগের মন্ত্র নিয়ে। মোসাদ্দেক হোসেনের লক্ষ্য ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিকতা টেনে নিয়ে আফ্রিকা সফরেও ঔজ্জ্বল্য ছড়ানো।
দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ‘এ’ দলে ডাক পাওয়ার আগে গত মাসের শেষ দিকে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত সফর করে এসেছেন সৌম্য সরকার। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ তাঁর কাছে প্রত্যাশা যেমন বাড়িয়ে দিয়েছিল, ভারত সফরে সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি সৌম্য। ৩টি এক দিনের ও ২টি তিন দিনের ম্যাচ মিলিয়ে করেছেন ৯৬ রান, সর্বোচ্চ ৪৩। তবে ওই ব্যর্থতা ভুলে সৌম্য নতুন করে শুরু করতে চান আফ্রিকা সফরে, ‘ভারতে যেটা হয়েছে আমি চেষ্টা করছি সেটা ভুলে যেতে। সামনে যেটা আসছে সেখানে যাতে ভালো করতে পারি তার জন্য অনুশীলনটা খুব মন লাগিয়ে করছি। সফর খুব কাছে চলে এসেছে। এখন সময় নেই ভুল ঠিক করার। এখন স্বাভাবিক অনুশীলন করব। আর যাওয়ার আগে নিজেকে আরও তৈরি করার চেষ্টা করছি।’
এ সফরে অবশ্য একটা বাড়তি দায়িত্ব যোগ হচ্ছে তাঁর কাঁধে। অধিনায়ক শুভাগত হোমের ডেপুটি তিনি। তবে এটিকে বাড়তি চাপ হিসেবে দেখছেন না তরুণ অলরাউন্ডার, ‘সহ-অধিনায়ক হয়েছি, তবে ওসব নিয়ে ভাবছি না। আমার লক্ষ্য নিজের ব্যাটিং আর পুরো খেলাটা উপভোগ করা। তাতে যে পারফরম্যান্স আসে।’
এই সফরের পরই দেশের মাটিতে বাংলাদেশ টেস্ট সিরিজ খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। সৌম্যর ভাবনায় আছে সেটিও, ‘যদিও জাতীয় দল আর ‘এ’ দল আলাদা দুটি ব্যাপার। তবে আমার জন্য এটা জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি তো অবশ্যই। ম্যাচের মাধ্যমেই চেষ্টা করব যে ভুলগুলো ছিল সেগুলো শুধরে নেওয়ার।’
মোসাদ্দেকের ব্যাপারটা সৌম্যর চেয়ে আলাদা। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বশেষ ৪ ম্যাচে তাঁর ৪টি সেঞ্চুরি। সব মিলিয়ে বছরে তাঁর ৬টি সেঞ্চুরির ৩টিই আবার ডাবল। দুর্দান্ত এই পারফরম্যান্সই মিডল অর্ডার এই ব্যাটসম্যানকে এনে দিয়েছে ‘এ’ দলে। এই ধারাবাহিকতাটা আফ্রিকা সফরেও ধরে রাখতে চান মোসাদ্দেক। নিজের জন্য ঠিক করে রেখেছেন একটা লক্ষ্যও, ‘দক্ষিণ আফ্রিকায় এটাই আমার প্রথম সফর। এই সফর নিয়ে আমার একটা পরিকল্পনা আছে। সেটা হলো, অন্তত দলের সেরা পারফরমার যেন হতে পারি।’
ব্যাট হাতে যে রকম ছন্দে আছেন, তাতে লক্ষ্য পূরণ করা খুবই সম্ভব মোসাদ্দেকের পক্ষে। আর ‘এ’ দলের হয়ে ধারাবাহিকতা ভবিষ্যতে তাঁকে নিয়ে যেতে পারে স্বপ্নের সেই মঞ্চ জাতীয় দলে। যদিও এখনই ওই ভাবনাকে প্রশ্রয় না দিয়ে শুধু নিজের খেলাটা খেলে যাওয়ার দিকে মনোযোগী ময়মনসিংহের ছেলে, ‘আসলে এ মুহূর্তে সরাসরি জাতীয় দল নিয়ে ভাবা ঠিক হবে না। আমার ভাবনায় এখন আফ্রিকা সফরে ভালো পারফর্ম করা। সেটা করতে পারলে জাতীয় দলে সুযোগ এমনিতেই আসবে। আমার কাজ পারফর্ম করা, আমি সেটা করতে থাকি। বাকিটা নির্বাচকদের ওপর ছেড়ে দিলাম।’
প্রায় ৫ সপ্তাহের সফরে ১৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকা রওনা হবে বাংলাদেশ ‘এ’ দল। দক্ষিণ আফ্রিকায় সৌম্য-মোসাদ্দেকরা একটি তিন দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলে যাবেন জিম্বাবুয়ে। সেখানে রয়েছে জিম্বাবুয়ে ‘এ’ দলের সঙ্গে তিনটি এক দিনের ও দুটি চার দিনের ম্যাচ।