সৌম্যকে চাপে রেখেছেন যিনি

বিপিএলে চিটাগং ভাইকিংসের আশা চট্টগ্রামেই শেষ। টুর্নামেন্টে তাদের আর যে দুটি ম্যাচ আছে, তা শুধু খেলার জন্যই খেলা। চিটাগংয়ের এই বাজে পারফরম্যান্সেও একজন ভীষণ উজ্জ্বল—লুক রনকি। চিটাগংয়ের কিউই অধিনায়ক কখনো কখনো এতটাই ভালো ব্যাটিং করেছেন, তাতে শুধু প্রতিপক্ষ নয়, চাপে পড়েছেন অপর প্রান্তে থাকা সৌম্য সরকারও!
যে ম্যাচে একটু থিতু হয়ে গেছেন, দুর্দান্ত খেলেছেন রনকি। চিটাগং অধিনায়কের দারুণ ব্যাটিংয়ে প্রতিপক্ষের বোলারদের সঙ্গে চিন্তা বেড়েছে তাঁর উদ্বোধনী জুটির সঙ্গী সৌম্যরও! কেন? আজ সকালে বিসিবি একাডেমিতে সেটি বলতে গিয়ে বাঁহাতি ওপেনার হাসলেন, ‘ওর জন্য আমার চাপটা বেড়েছে! সে যেভাবে ব্যাটিং করে, ব্যাটিং উইকেট নাকি বোলিং উইকেট—এটাই বুঝতে পারি না! আমার যখন ২ রান, ওর তখন ৩০-৪০ হয়ে যায়! তখন চিন্তার বিষয় থাকে। আমার ওপর একটা চাপ আসে। দুটি বল ডট গেলে মনে হয় এটা ব্যাটিং উইকেট, আমি মারতে পারছি না। তবুও ভালো লাগে। আমার সঙ্গী রান করছে, তাতে অনেক সময় পাওয়া যায়। দুটি বল ডট গেলেও ভাবার সময় থাকে। ওর ব্যাটিং দেখে অনেক কিছু শেখার আছে।’
রনকির ভালো ব্যাটিংয়ের পরও চিটাগং প্রত্যাশা অনুযায়ী সাফল্য পায়নি। দল হিসেবে না খেললে ধারাবাহিক ভালো করা কঠিনই। সে ক্ষেত্রে কাঠগড়ায় দাঁড়াবেন সৌম্যও। উইকেটে রনকিকে ভালো সঙ্গ দিতে পারেননি। চারটা ইনিংসে আউট হয়েছেন ৩০-এর ঘরে। কেন এই বৃত্তে আটকা পড়েছেন, সেটি খোঁজার চেষ্টা করছেন সৌম্য, ‘ইনিংসগুলো লম্বা করতে পারলে সবাই বলত না সৌম্য রান করেছে। ৩০-৪০ রানে তো আর হয় না। নিজের কাছেও খারাপ লাগে। এটা থেকে বেরোনো উচিত। বেরোতে পারছি না। কেন পারছি না, জানি না। তবুও বেরোনোর চেষ্টা থাকবে। এখনো দুটি ম্যাচ আছে, যদি ৩০-৪০ করতে পারি ইনিংসটা আরও লম্বা করার চেষ্টা করব।’