সৌম্যর ছন্দে ফেরার আভাস

‘সমস্যা থেকে বের হওয়ার চেষ্টা করছি’—কালও বলছিলেন সৌম্য সরকার। সেই ‘চেষ্টা’র একটা প্রমাণ পাওয়া গেল আজ বাঁহাতি ওপেনারের ব্যাটিংয়ে। এম এ আজিজ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে চেনা রূপেই দেখা গেছে তাঁকে।
চোখকে প্রশান্তি দেওয়া ড্রাইভ, ডাউন দ্য উইকেটে এসে তেড়েফুঁড়ে ইংলিশ স্পিনারদের বাউন্ডারির ওপারে আছড়ে ফেলা আবার বলের ধরন বুঝে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা—ছন্দে ফেরার ইঙ্গিত দিলেন সৌম্য। ৯৫ বলে তাঁর ৩৩ রানের ইনিংসটিতে থাকল ২টি ছক্কা আর ২টি চারের মার। উইকেটে থাকলেন ১১০ মিনিট। ইংলিশ বোলারদের কোনো সুযোগই দেননি বাঁহাতি ওপেনার। পরের ব্যাটসম্যানদের সুযোগ দিতেই অবশ্য ড্রেসিংরুমে ফিরতে হয়েছে তাঁকে।
ইংল্যান্ডের বোলাররা পাত্তা পাননি আরেক ওপেনার শাহরিয়ার নাফীসের কাছেও। তিনিও পরের ব্যাটসম্যানদের সুযোগ দিতে ‘রিটায়ার’ করেছেন। তবে তাঁর আগে নাফীস পেয়ে গেছেন হাফ সেঞ্চুরি। সৌম্য-নাফীসের উদ্বোধনী জুটিতে এসেছে ৮৮ রান।
আউটফিল্ড তৈরি না থাকায় দুই দিনের ম্যাচটির প্রথম দিন হয়েছে পরিত্যক্ত। আগেই জানিয়ে দেওয়া হয়েছে, আজ শেষ দিনে লাল বল, সাদা পোশাক ও দীর্ঘ পরিসরের ক্রিকেটের অন্যান্য নিয়ম ঠিক থাকলেও ম্যাচে ৪৫ ওভারের বেশি ব্যাটিং করতে পারবে না কোনো দল। সেই নিয়ম মেনেই ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছে ৪ উইকেটে ১৩৭। ব্যাটিংয়ে নেমে জবাবটা ভালোই দিয়েছে। ব্যাটিং অবশ্য বিসিবি করেছে ৪৪ ওভার। এই ৪৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ইংল্যান্ডের চেয়ে ১ রান কম করেছে বিসিবি (১৩৬)। নাফীসের ৫১ আর সৌম্যর ৩৩ রানের পাশাপাশি সাব্বিরের ব্যাট থেকে এসেছে ৩০। মারকুটে এই ব্যাটসম্যান আজকের ম্যাচে উইকেটে থাকার অনুশীলনটাই করেছেন। ৫৫ মিনিট ব্যাট করে ৪৫ বল খেলে তাঁর সংগ্রহ ৩০। এ ছাড়া নাজমুল হোসেন ১১৪ মিনিট ব্যাট করে করেছেন ১৭।
ইংল্যান্ডের পক্ষে ২ উইকেট পেয়েছেন গ্যারেথ ব্যাটি।