সৌম্যর ব্যাটে চট্টগ্রামের জয়

অবশেষে পঞ্চাশের দেখা পেলেন সৌম্য।ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবার ফরচুন বরিশালের ওপেনার তামিম ইকবালের ক্যাচ ফেলেছিল গাজী গ্রুপ চট্টগ্রামের ফিল্ডাররা। একবার সৈকত আলী, আরেকবার উইকেটের পেছনে থাকা অধিনায়ক মোহাম্মদ মিঠুন। চট্টগ্রামের ব্যাটিংয়ের সময়ও একই ভুল করে বরিশাল। ১ রানে ওপেনার সৌম্য সরকারের ক্যাচ ফেলেন আফিফ হোসেন। আরেক ওপেনার সৈকত আলীকেও আফিফই জীবন দেন।

পরে এই দুই ব্যাটসম্যানই ভুগিয়েছে বরিশালকে। সৌম্যর ব্যাট থেকে আসে ৬২ রানের দুর্দান্ত এক ইনিংস। সৌম্য ও সৈকতের ৭৯ রানের জুটির পর বরিশালের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে খুব একটা সমস্যা হয়নি চট্টগ্রামের। শেষ পর্যন্ত ৮ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে চট্টগ্রাম।

আজও ইনিংস বড় করতে পারেননি তামিম।
ছবি: প্রথম আলো

আজকের হারে শেষ চারে ওঠার পথটা কঠিন হলো তামিম ইকবালের দলের। চট্টগ্রাম, খুলনা ও ঢাকা এর মধ্যেই শেষ চার নিশ্চিত করেছে। চতুর্থ দল হিসেবে শেষ চার নিশ্চিত করার লড়াই এখন বরিশাল ও রাজশাহীর। আজ হারায় বরিশালকে এখন চেয়ে থাকতে হবে রাজশাহীর দিকে। সঙ্গে জিততে হবে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ। রাজশাহী ও বরিশাল দুই দলই শেষ ম্যাচে জিতলে পয়েন্ট হয়ে যাবে সমান। তখন প্রথমে দেখা হবে লিগ পর্বে কারা বেশি ম্যাচ জিতছে। সেটিও সমান হলে এরপর আসবে নেট রানরেট, সবশেষে উইকেট/ওভার। নেট রানরেটে অবশ্য বরিশাল অনেক পিছিয়ে।

১৪৯ রানের অল্প পুঁজি নিয়ে লড়তে গেলে দ্রুত কিছু উইকেট চাই। বরিশালেরও আজ দরকার ছিল। বিশেষ করে সৌম্যকে দ্রুত আউট করলে কিছুটা হলেও চাপ বাড়ত চট্টগ্রামের। সেটি হয়নি। অফ স্পিনার হিসেবে মেহেদী হাসান মিরাজের দায়িত্ব ছিল সৌম্যকে থামিয়ে রাখার। উল্টো সেই মেহেদীকেই চার-ছক্কায় ওড়ান সৌম্য। বাকি বোলাররাও সৌম্যর মার খেয়েছেন। ৩৭ বল খেলে ৭টি চার ও ৩টি ছক্কায় সাজানো ইনিংস খেলে বরিশালকে ডুবান সৌম্যই।

দারুণ ফর্মে আছে চট্টগ্রাম।
ছবি: প্রথম আলো

প্রথম ইনিংসে অবশ্য আগের দিনের মতোই ঝড়ের ইঙ্গিত দিচ্ছিলেন ফরচুন বরিশালের দুই ওপেনার সাইফ হাসান ও তামিম। সামনে গাজী গ্রুপ চট্টগ্রামের অনভিজ্ঞ বোলিং আক্রমণ। টুর্নামেন্টের দুই সফল পেসার মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামকে এ ম্যাচে বিশ্রাম দিয়েছে চট্টগ্রাম। বিশ্রাম দেওয়া হয় লিটন দাসকেও। বরিশালের বাঁচা–মরার ম্যাচে দলের সেরা তিন ক্রিকেটারকে বসিয়ে তামিমকে যেন একটা ‘উপহার’ই দিতে চেয়েছিল চট্টগ্রাম।

উপহার দেওয়া অব্যাহত থাকে মাঠেও। তরুণ পেসার মেহেদীর বলে আগের ম্যাচে ফিফটি করা তামিমকে দুবার জীবন দেয় চট্টগ্রাম। আরেক প্রান্তে থাকা সাইফ ছিলেন সাবলীল। ড্রাইভ খেলে বেশ কটি চোখ ধাঁধানো বাউন্ডারি মারেন তিনি। তামিমকে নিয়ে যোগ করেন ৮৭ রান।

সাইফকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙেন মোসাদ্দেক হোসেন। দ্রুত তামিমকেও আউট করেন তিনি। ধুঁকতে ধুঁকতে শেষ পর্যন্ত ৪৩ রান করে কট বিহাইন্ড হন বরিশাল ওপেনার। এরপরই খেই হারিয়ে ফেলে দলের মিডলঅর্ডার। একে একে আউট হন পারভেজ হোসেন, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান ও ইরফান শুক্কুর। টিকে থাকেন শুধু আফিফ হোসেন। তাঁর ১৬ বলে ২৮ রানের শেষের ঝড়ে বরিশালের রান ৬ উইকেটে ১৪৯ রানে গিয়ে ঠেকে।